Category: লিড নিউজ

  • ত্রাণ নিয়ে স্প্যানিশ জাহাজ যাচ্ছে গাজায়

    ত্রাণ নিয়ে স্প্যানিশ জাহাজ যাচ্ছে গাজায়

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ মার্চ, ২০২৪: পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি আক্রমণ। গাজায় স্থাপনা ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটেছে। কয়েক মাস ধরে সেখানে দেখা দিয়ে ওষুধ, খাদ্য ও পানির সঙ্কট। ফলে দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রথম দিকে সড়কপথে খাদ্য সহায়তা দিলেও সেটাও বন্ধ করে দেওয়া হয়। সড়কপথ বন্ধ করে দেওয়ায় এখন অনেক দেশ উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলছে গাজায়। গত শুক্রবার গাজার আল শাতি শরণার্থী শিবিরের কাছে ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

    এই অবস্থায় স্প্যানিশ একটি এনজিও শনিবার বলেছে, সাইপ্রাস থেকে সমুদ্রপথে যুদ্ধ-বিধ্বস্ত গাজায় দুইশত টন খাদ্য সহায়তা নিয়ে ত্রাণবাহী জাহাজ আজ অথবা কাল যাত্রা শুরু করবে। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সমুদ্র পথে এটি তাদের প্রথম চালান।

    দাতব্য সংস্থা ওপেন আর্মসের এক মুখপাত্র বলেন, শিপমেন্টের যাবতীয় কাজ শেষ করে শনিবার রাতে জাহাজটি যাত্রা করতে পারবে বলে আশা করা হচ্ছে। জাহাজটি তিন সপ্তাহ আগে লার্নাকার সাইপ্রিয়ট বন্দরে নোঙর করে।

    লরা লানুজা এএফপি’কে বলেন, কর্তৃপক্ষের যাবতীয় অনুমোদন পেলে ‘আজ বা কাল’ জাহাজটি বন্দর ছেড়ে যেতে পারে।

    লানুজা বলেন, সাইপ্রিয়টের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা ইতোমধ্যে ২০০ টন মৌলিক খাদ্যসামগ্রীর এ চালান পরিদর্শন করতে শুরু করেছে।

    এখনে উল্লেখ্য যে, গাজায় অস্থায়ী বন্দর নির্মাণের লক্ষ্যে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ। সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। সমুদ্রপথে গাজায় ত্রাণসহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণার দেওয়ার ৩৬ ঘণ্টার কম সময়ের মধ্যে দেশটি সামরিক জাহাজ পাঠানোর তথ্য পওয়া গেল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গতকাল শনিবার মার্কিন সামরিক বাহিনীর জাহাজ জেনারেল ফ্রাঙ্ক এস ব্যাসন গাজা উপকূলের উদ্দেশে যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়।

  • রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না: বস্ত্রমন্ত্রী

    রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না: বস্ত্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১০ মার্চ, ২০২৪: রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না, বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, “যে বাজারদর রমজান মাসের সদকা জারিয়া হওয়ার কথা, সে জায়গা থেকে উল্টো মানুষকে জিম্মি করেছে, তাদের কেউ রেহাই পাবে না। ”

    আজ রবিবার (১০ মার্চ) সকালে শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    বস্ত্রমন্ত্রী বলেন, “স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী থাকাকালে বাজারের সম্পর্কে অবহিত ছিলাম। বাজার সম্পর্কে আমার ধারণা হয়েছে। কুমিল্লা নিমসার বাজারে আমরা যখন ১০ টাকা দিয়ে কৃষকের কাছ থেকে একটি ফুলকপি কিনি সেটি যখন কারওয়ান বাজার হয়ে নিউমার্কেট বা টাউন হল মার্কেট আসে তখন এটি ৫০ টাকা হয়ে যায়। কৃষক পেল ১০ টাকা আর বিক্রি হলো ৫০ টাকা, মাঝখানে যে বিরাট ব্যবধান, এটা আশ্চর্যজনক। ”

    তিনি বলেন, “জনগণ দীর্ঘদিন আমাদের ক্ষমতায় রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন। তারপরও যারা বাজারদর নিয়ন্ত্রণে আনছে না, তাদের জন্য কঠোর ব্যবস্থা অপেক্ষা করছে।”

    বস্ত্রমন্ত্রী বলেন, “আমাদের দেশে মানুষের নৈতিকতা মানবিকতার কিছু পরিবর্তন হয়ে গেছে। রমজান মাসে বিভিন্ন মুসলিম দেশে বাজারদর কমে যায়। আমার দেশের ব্যবসায়ীরা রোজার মাসে মাহে রমজানকে জিম্মি করে তারা উপার্জনের পথ বেছে নেয়।”

    এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি নেতা মির্জা আব্বাসের এ বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই কথা নিয়ে আমি কিছু বলবো না।  সাধারণ জনগণের কাছে এটি একটি হাস্যকর কথায় পরিণত হয়েছে। তাদেরকে বাস্তবতা বুঝতে হবে। লন্ডনের সুতার টানে বাংলাদেশের জনগণ কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যাবে না। জনগণের বিরুদ্ধে জনগণ যাবে না। জনগণ শেখ হাসিনার পাশে আছে।

    এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • রমজানে সেহরি ও ইফতারের খাবার বিষয়ে সচেতন হতে হবে

    রমজানে সেহরি ও ইফতারের খাবার বিষয়ে সচেতন হতে হবে

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১০ মার্চ, ২০২৪: পরিত্র রমজানে সেহরি ও ইফতারের খাবার কেমন হবে সেটা নিয়ে কথা বলেছেন: রন্ধনশিল্পী- জিনিয়া ইসলাম।

    সবাই কে পবিত্র মাহে রামজানের অনেক  অনেক  শুভেচ্ছা। একটা মাস জুড়ে চলবে মুসলিম  উম্মার এই সিয়াম সাধনা। বছরের  এই একটা মাস মুসলমানদের সবকিছুই  কিছু টা পরিবর্তিত হয় সময়ে, কাজে, খাওয়া দাওয়ায়। তাই এই পরিবর্তিত  সময় টার আমরা  আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকি। রমজানের এই মাসে আমাদের প্রতিটা মুহুর্ত কাটে কাজে এবং  ইবাদতে। কারন আল্লাহ্ পাক এবং  রাসূলে পাক সাঃ এই মাসকে মুসলিম  উম্মার জন্য পরীক্ষার মাস, ক্ষমা চাওয়ার মাস এবং নিজের ভুলত্রুটি শুধরে পবিত্র হবার সুযোগ দিয়ে থাকেন । তাই আমরা যতটা পারি পুরো রমজান মাসকে সকল ভালো কাজ ও ইবাদত কাজে লাগাবো। তবে যেহেতু পরিবর্তিত সময়  এই মাস তাই নিজের  শরীর স্বাস্থ্য  খাওয়া দাওয়া,  ওষুধ এবং অন্যান্য শারীরিক বিষয় নিয়ে ও সচেতন হওয়া জরুরি।

    রন্ধনশিল্পী - জিনিয়া ইসলাম
    রন্ধনশিল্পী – জিনিয়া ইসলাম

    যেমন যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হার্টের  বা লিভার বা কিডনির সমস্যা  আছে তাদের খাওয়া, ওষুধ এবং নিয়মটাও সেভাবেই মেনে চলতে হবে। তবে এমন রুগীর রমজানের আগে একটা পূর্ণ চেকআপ করানো উচিত। তাহলে রমজানে খাবারের তালিকা কি হওয়া উচিত সেটা ঠিক করা যাবে সহজে।

     

    প্রথমেই আসি রমজানের সেহরির খাওয়া কেমন হওয়া উচিত :

    সারাদিন রোজা রাখার কারনে ওষুধের সময় টাও বদলে যায় বলে এই ওষুধের সময় টাও ইফতার  ও সেহেরি মধ্যে এডজাস্ট করা উচিত।

    যারা আমরা সুস্থ  আছি আলহামদুলিল্লাহ্ তারা ও কিন্তু  সেহরি ও ইফতার নিয়ম করেই খেতে পারি এবং  উচিত।

    সেহরিতে ভাত খাওয়াটাই ভালো। তবে লাল ভাত সাথে ডাল, শবজী, মাছ খাওয়া ভালো। মাংস পানির চাহিদা বাড়িয়ে দেয় বলে এটা এড়িয়ে চলাটাই উত্তম। তবুও বাচ্চারা মাংস খেতে চায় সেক্ষেত্রে মুরগীর পাতলা ঝোল আলু দিয়ে করা যেতে পারে। তবে ডায়াবেটিস রোগির জন্য  রুটি, দুধ, শব্জী, ফল থাকাটা ভালো।

    পানি যেহেতু সারাদিন খাওয়া যাবেনা তাই রাতে পানির পরিমান টা বাড়ানো যায় নরমাল পানি খেয়ে, জুস খেয়ে এবং ডাল ও তরকারির ঝোল দিয়ে।  সেহেরি খাবার একটু ভারী হওয়া ভালো যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হয়। হার্টের রুগীর জন্য মাছ খুবই  উপকারী। তৈলাক্ত খাবার এড়িয়ে চলাটা খুবই জরুরী। ডায়বেটিসের রুগীর রাতে সামান্য মিষ্টান্ন খাবার খেলে ভালো কারণ সারাদিনে সুগার ইনব্যালেন্স হতে পারে। তাই সুগারের পরিমাণ যেন শরীরে ঠিক মাত্রায় থাকে। তাছাড়া সেররিতে দুধভাত একটু খেতে পারেন।

     

    ইফতারের খাবার:

    এবার ইফতারের খাবার কেমন হওয়া উচিত সেটা দেখি। সারাদিন প্রায় ১৩ ঘন্টার মতো সিয়াম সাধনা বা রোজা রেখে শুরুটাই ইফতার যদি স্বাস্থ্যকর পুষ্টিকর না হয় তাহলে শরীরের ক্ষতি হতে পারে। তবে অসুস্থ যারা তাদের ইফতারের ব্যাপারে অবশ্যই সতর্কতা মেন চলা প্রয়োজন। যেমন একটা খেজুর আমরা খেতেই পারি। এতে সারাদিনের শারীরিক ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। কারন এতে আছে ফাইবার যা পেট পরিস্কার রাখে। এবং ন্যাচারাল সুগার যা শরীরের শক্তি জোগায়।  এছাড়া খেজুরের পরপর সরবত না খেয়ে পানি, বিভিন্ন ফলের জুস,  নাবিজ বা খেজুরের সরবত, লাচ্ছি, ও  ডাবের পানি খাওয়া খুবই ভালো।  খাবার টা হালকা হওয়া জরুরি। চিড়া দৈ, দৈ দিয়ে রুটি বা দৈ ভাত খেলে পেট ঠান্ডা থাকবে এবং  এসিডিটি হবেনা। আবার রুটি, ঘন ডাল, শবজি দিয়ে ইফতার করা ভালো। ফল থাকাটা জরুরি। অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার হতে হবে। ওটস ও খুব ভালো শরীরের জন্য। ইফতার থেকে সেহরি পযর্ন্ত প্রায় দশ গ্লাস পানি খাওয়াটা খুবই জরুরী।

    রমজানে অনেকে মনে করেন ব্যায়াম করা ভালো না। এটা একদম ভুল কথা। ব্যায়াম শরীরের প্রতিটি অঙ্গ কে ফিট রাখে এবং রক্ত চলাচল ভালো রাখে। তাই রমজানে ব্যায়াম বন্ধ না রাখাই ভালো।

    একটা মাস রামজানে নিজের ও পরিবারের সবার যত্ন নিন। সুস্থ থাকুন। স্বাস্থ্যকর  ও পুষ্টিকর খাবার খান।

     

    ধন্যবাদ : জিনিয়া ইসলাম

  • রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে: হাইকোর্ট

    রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে: হাইকোর্ট

    www.HelloBangla.News – জাতীয় – ১০ মার্চ, ২০২৪: পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকছে।

    আজ রবিবার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদা খানম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান।

    এর আগে গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।

    শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অপর এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায় জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়ে।

    শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। আগামী ১১ থেকে ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়।

    পরে এই বিজ্ঞপ্তি দুটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক।

  • রমজানে ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা করতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

    রমজানে ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা করতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১০ মার্চ, ২০২৪: রমজানে ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা করতে হবে, বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।  তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাতে দেখলাম ১৮টি অত্যাবশ্যকীয় পণ্যের রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দিয়েছে। এই পণ্যগুলোর দাম কেউ এ মাসে (রমজান) বাড়াতে পারবে না। আমরা এবার হয়তো পারি নাই। ইনশাআল্লাহ আমাদের সাপ্লাই চেইন ইম্প্রুভ করে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ ইম্প্রুভ করব। এছাড়া ব্যবসায়ীদের একটু সততার সঙ্গে ব্যবসাটা করতে হবে। ধর্মীয় অনুভূতিটাকে প্রাধান্য দিয়ে যাতে আমরা ব্যবসাটা করি।”

    আজ রাবিবার (১০ মার্চ) সকালে সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “আগামীতে কেবিনেটের অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটা কমপ্লিটলিস্ট তৈরি করব।”

    তিনি বেলেন, “আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বসে কৃষি পণ্যের সর্বোচ্চ একটা মূল্য নির্ধারণ করে দিতে।”

    প্রতিমন্ত্রী বলেন, “দায়িত্ব নেওয়ার পর পরই যারা রোজার অত্যাবশ্যকীয় পণ্য আমদানি ও উৎপাদন করেন তাদের সঙ্গে বসেছি। আমদানি এবং উৎপাদন পর্যাপ্ত পরিমাণে আছে, এটা আমরা নিশ্চিত হয়েছি।”

    তিনি বলেন, “গত দেড় মাসে চালের বাজারে একটা অস্থিরতা ছিল। সেটা আল্লাহর অশেষ রহমতে স্থিতিশীল পর্যায়ে আছে। চালের দাম নিয়ে কোনো অভিযোগ নেই। ‌তেলের দাম আমরা নির্ধারণ করে দিয়েছি। ‌ রমজান উপলক্ষে আজকে থেকে বাজার তদারকি আরও বাড়াব। যাতে কেউ বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার ১৬৩ টাকা ও খোলা তেল প্রতি লিটার ১৪৯ টাকার ওপরে কেউ বিক্রি না করে। সেই ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নেব। কোনোভাবে যাতে এটার ব্যত্যয় না হয়, সেই চেষ্টা করব। রমজান উপলক্ষে আজকে থেকে আমরা বাজার পরিদর্শন শুরু করব।”

    প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীও কিন্তু নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু নির্দেশ দিয়েছেন বাজারে সরবরাহ চেইনে কেউ যদি ব্যাঘাত ঘটায়, তাহলে শক্ত পদক্ষেপ নেয়া হবে। আমরা পদক্ষেপগুলো নিচ্ছি। একেবারে যে উন্নতি হয়নি তা নয়। ভারত থেকে পেঁয়াজ আনার জন্য তাদের সম্মতি আমরা পেয়েছি। দু-একদিনের মধ্যে পেঁয়াজও ইনশাল্লাহ বাংলাদেশে ঢুকবে।”

    তিনি আরও বলেন, “যখন কাঁচা বাজারের গেলাম তখন দেখলাম প্রত্যেকটি জিনিসের দাম নির্ধারিত দামের চেয়ে দুই-তিন টাকা বেশি। একেবারে খুচরা পর্যায়ে কাঁচাবাজারগুলো অস্থায়ীভাবে থাকে, ওইগুলো আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব সেটা এখন বের করতে হবে। প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল একটাই- সরবরাহ নিশ্চিত করা, কোনোভাবেই যেন সরবরাহে ঘাটতি না হয়। আল্লাহর অশেষ রহমতে আমরা সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। বাজার মনিটরিং ইনশাল্লাহ আমরা বাড়াব।”

    হঠাৎ দাম বৃদ্ধি প্রসঙ্গে আহসানুল ইসলাম টিটু বলেন, “হঠাৎ করে শুনলাম লেবুর দাম বেড়ে গেছে। শসার দাম, পেঁয়াজের দামও (বাড়তি)। এটি কিন্তু সারা দেশের তুলনায় ঢাকার কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই বলব। এটি কিন্তু গুটিকয়েক জায়গায়। সারা দেশের পরিস্থিতি কিন্তু এটা না। অনেক সময় হঠাৎ করে চাহিদা বেড়ে যায়। দেখা যাবে আজকে বা কালকে সবাই বাজারে ঝাঁপিয়ে পড়বে ১০/২০ দিনের সাপ্লাই একদিনে কিনে ফেলবে। ডিমান্ড বেড়ে গেলে হয়তো ওই অনুযায়ী সাপ্লাইটা আসে না। এজন্যও (আকস্মিক দাম বৃদ্ধি) হতে পারে।”

    রাশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “আমরা এখন চালের স্বয়ংসম্পূর্ণ হলেও গম, ভুট্টা, ডালের ক্ষেত্রে শতভাগ স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। এগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে আনতে হয়। পৃথিবীর সবচেয়ে বড় গমের উৎস হলো রাশিয়া। আজকে যে প্রোডাক্টগুলো তারা সাইন করল। রাশিয়ান ফেডারেশন থেকে তারা যদি সাপোর্ট দিতে পারে তাহলে আমাদের ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটির একটা বড় বাফার (মুল্য স্থিতিশীল রাখার জন্য মজুদ দ্রব্য) স্টক আমরা তৈরি করতে পারব।”

    ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) পণ্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে সাবসিডাইজ প্রাইজে পণ্য দিচ্ছি। সেটা দেওয়া সম্পূর্ণ শুরু হলে এতেও বাজারে একটা চাপ কমে যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তীতে ফেয়ারপ্রাইজে মাল্টিপল প্রোডাক্ট সরবরাহ করব, যদি আমাদের এই রকম সোর্স থাকে। শুধু রাশিয়া থেকে নয় কয়েকটি অত্যাবশ্যকীয় পণ্য আনতে আমরা ভারতের সঙ্গেও একটি চুক্তি করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছি। মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

  • রমজানে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

    রমজানে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

    www.HelloBangla.News – জাতীয় – ১০ মার্চ, ২০২৪: আসন্ন রমজান মাসের শেষ ১৫ দিন মেট্রো চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক ।

    মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে।

    তবে প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন হবে না।

    আজ রবিবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক।

    রমজানে সময় শেষে বাড়তি এক ঘণ্টা চলবে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রী চাহিদা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

    জানা গেছে, ইফতারের সময়ের আগে ও পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই খালি পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত

    www.HelloBangla.News – জাতীয় – ৯ মার্চ, ২০২৪: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আজ শনিবার (৯মার্চ) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে প্রধানমন্ত্রী ও ট্রাস্টের চেয়ারপারসন শেখ হাসিনা চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

    ট্রাস্টি বোর্ডের পরিচালনা কমিটি পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

    বৈঠকে উপ-কমিটির প্রতিবেদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

    এ সময় নূর-ই-আলম চৌধুরী এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, ফরিদা শেখ, রাদওয়ান মুজিব সিদ্দিক, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক এমপি, রবিউল হাসান অভি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটরসহ ট্রাস্টি সদস্যগণ উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • সীমান্তে বিএসএফের প্রতিরোধে ভারতীয় অপরাধীরাও মারা যায়: বিএসএফ ডিজি

    সীমান্তে বিএসএফের প্রতিরোধে ভারতীয় অপরাধীরাও মারা যায়: বিএসএফ ডিজি

    www.HelloBangla.News – জাতীয় – ৯ মার্চ, ২০২৪: সীমান্তে বিএসএফের প্রতিরোধে ভারতীয় অপরাধীরাও মারা যায়, বলে জানিয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ডিজি নিতিন আগারওয়াল। তিনি বলেন, “সীমান্ত এলাকায় সংঘবদ্ধ অপরাধ, মানবপাচার, চোরাকারবারির মতো নানা অপরাধীচক্র বিভিন্ন সময় বিএসএফ সদস্যদের ওপর আক্রমণ করে। তখন আত্মরক্ষার্থে কখনো কখনো বিএসএফ সদস্যরা ফায়ার করতে বাধ্য হয়। গত বছর প্রায় ৬০ জন বিএসএফ সদস্য দায়ের মতো প্রাণঘাতী অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়। বিএসএফের প্রতিরোধে শুধু বাংলাদেশি না ভারতীয় অপরাধীরাও মারা যায়।”

    আজ শনিবার (৯ মার্চ) সকালে ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৪তম সীমান্ত সম্মেলনের শেষদিন বিজিবি-বিএসএফ ডিজির যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    বিএসএফ ডিজি বলেন, “সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয় না, কিন্তু ক্লোজ রেঞ্জ থেকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র দিয়ে গুলি করলেও মৃত্যুর ঘটনা ঘটতে পারে। ক্লোজ রেঞ্জ থেকে রাবার বুলেট ছুড়লে সেটি দিয়েও মৃত্যু হতে পারে। যখন বিএসএফ সদস্যদের ওপর দা দিয়ে হামলা করা হয়, তখন তারা অনেক কাছে চলে আসে। তখন আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা কখনো গুলি করতে বাধ্য হন।”

    বিজিবি সদস্য মো. রইশুদ্দিনের মৃত্যুর ঘটনায় সেদিন কী হয়েছিল জানতে চাইলে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ডিজি নিতিন আগ্রাওয়াল বলেন, “ইতোমধ্যে বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে সেদিন কী ঘটেছিল। আমি এ বিষয়ে ব্যাখ্যা দিতে চাই না, বিষয়টি অফিসিয়ালি বিজিবিকে অবগত করা হয়েছে।”

    পরে এ বিষয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, “প্রথমত এটি টার্গেট কিলিং নয়। উভয় দিকের এটা নিয়ে দ্বিধা ছিল। সেদিন অন্ধকার ও ঘনকুয়াশা ছিল। বিএসএফ বিষয়টি অফিসিয়ালি আমাদের জানিয়েছে।”

    তিনি বলেন, “আমাদের দুই পক্ষেরই সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে পোশাকধারী ও সাধারণ নাগরিকদের কারও যেন প্রাণহানির ঘটনা না ঘটে। কোনো প্রাণ যাক, আমরা কেউই চাই না। প্রাণ রক্ষায় আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে।”

    ঢাকায় ৫-৯ মার্চ বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। বিএসএফ মহাপরিচালক নিতিন আগ্রাওয়ালের নেতৃত্বে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছে।

    সীমান্তে মৃত্যু বন্ধ, চোরাকারবার, মানবপাচারসহ নানা অপরাধ কমিয়ে আনাসহ এবারের সীমান্ত সম্মেলনে নানা বিষয়ে আলোচনা হয়েছে। উভয়পক্ষ বিভিন্ন বিষয়ে উভয়পক্ষ সম্মত হয় এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায়ে রাখতে যৌথভাবে কাজ করতে পুনর্ব্যক্ত করেন।

    এবারের সম্মেলনে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশের বিরুদ্ধে যথাযথ ও দৃঢ় অবস্থান গ্রহণের ব্যাপারে একমত হন।

    সীমান্তবর্তী খাল হয়ে ভারতের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়ায় ভেসে আসা শিল্পবর্জ্য মিশ্রিত পানির ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক যৌথ নদী কমিশনের কারিগরি কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বর্জ্য শোধনাগার স্থাপনের ওপর জোর দেন। উভয় পক্ষ যৌথ জরিপ পরিচালনা এবং সীমান্তবর্তী পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হয়েছে।

    বিজিবি মহাপরিচালক জকিগঞ্জের কুশিয়ারা নদীর তীরবর্তী ৫,০০০ হেক্টর চাষযোগ্য ফসলি জমির সেচ সুবিধা ও সীমান্তবর্তী জনগণের দুর্ভোগের কথা উল্লেখ করে মানবিক দিক বিবেচনায় অবিলম্বে কুশিয়ারা নদীর সঙ্গে বন্ধ থাকা রহিমপুর খালের মুখ পুনরায় খুলে দেওয়ার জন্য বিএসএফ মহাপরিচালকের প্রতি আহ্বান জানিয়েছেন। বিএসএফ মহাপরিচালক উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় দ্রুত রহিমপুর খালের মুখ পুনরায় উন্মুক্তকরণের আশ্বাস দেন।

  • পুলিশ মেমোরিয়াল বেদিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

    পুলিশ মেমোরিয়াল বেদিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ৯ মার্চ, ২০২৪: বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে পুলিশের সদস্যরা প্রাণ হারায়। জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ করতে পালন করা হয় পুলিশ মেমোরিয়াল ডে।

    দিবসটি পালন উপলক্ষ্যে আজ শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় পুলিশ স্টাফ কলেজে স্থাপিত ‘পুলিশ মেমোরিয়াল’ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শ্রদ্ধা জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকেদের বিভিন্ন  প্রশ্নের জবাব দেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাজবন্দি বলতে আমাদের এখানে কেউ নেই। যারা প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর করেছে, যারা পুলিশ-আনসার পিটিয়ে হত্যা করেছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে আমরা ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। যেটা পুলিশ করছে।”

    তিনি বলেন, “২০১৪ সালেও তারা (বিএনপি) একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বানচালের চেষ্টা করেছে। তবে ক্রমান্বয়ে তারা জনবিচ্ছিন্ন হয়েছে। ২০০৮ সালে ৩০টি, ২০১৮ ছয়টি সিট পেয়েছে”

    তারেক রহমানকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্বাচন করবেন না বলে মুচলেকা দিয়ে ইংল্যান্ডে গেছেন আত্মগোপন করেছেন তার নির্দেশ অনুযায়ী আমরা দেখলাম দলটির সেক্রেটারি জেনারেল পদত্যাগ করেছেন। ইংল্যান্ডে বসে থেকে তিনি এদেশে তার দলের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তিনি শুধু এ দেশের জনগণ নয় তার দলীয় নেতাকর্মীদেরও বুঝি তিনি ভালো-মন্দ চান না। দিন দিন এই দলটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী আপনারা দেখেন যেখানে যাবেন তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এদেশের মানুষ বিশ্বাস করে যতোদিন প্রধানমন্ত্রী বেঁচে থাকবেন ততদিন পথ হারাবে না বাংলাদেশ।”

    আসাদুজ্জামান খান কামাল বলেন, “সংবিধান অনুযায়ী যেভাবে বাংলাদেশ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকালে নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছেন। গত নির্বাচনে অনেক মন্ত্রী, বড় বড় নেতা এই নির্বাচনে ধরাশায়ী হয়েছেন। কাজেই আমরা সুনিশ্চিত করে বলতে পারি এই নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি বা কোন ধরনের সাপোর্ট কেউ পেয়েছে বলে আমরা মনে করি না, দেখিওনি। নির্বাচন সুষ্ঠু হয়েছে।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানে অন্যায়ভাবে বা রাজনৈতিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তারা যে অপপ্রচার চালাচ্ছে তার কোনো ভিত্তি নেই। তবে তারা নির্বাচনের পরে মনগড়া তথ্য প্রচার করে বিদেশিদের আকর্ষণ করার চেষ্টা করছে। অথচ নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি সাংবাদিকরা নির্বাচন পরবর্তী সময়ে বলেছেন যে, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমেরিকারও দুই একটি সংগঠন বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে।”

    ইউরোপীয় ইউনিয়ন বলেছিল, হামলা মামলা করে বিরোধীদের কণ্ঠ রোধ করা হয়েছিল। নির্বাচন সংক্রান্ত ও গণগ্রেপ্তার, আটক, নির্যাতন সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য আপনারা প্রত্যাখ্যান করছেন কি না? প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো হামলা মামলা, আমাদের পুলিশ বাহিনী, আমাদের পলিটিকাল বাহিনী করেনি। তারাই (বিএনপি) করেছে। তারা করে তারাই যদি অপবাদ দেওয়ার চেষ্টা তরে তাহলে আমরা এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি এগুলো সত্যের অপলাপ। উদ্দেশ্যমূলকভাবে আরেকটি ষড়যন্ত্রের একটা নতুন ক্ষেত্র তৈরির প্রচেষ্টা নিচ্ছেন।”

    আপনি বলছেন একটি দল অর্থাৎ বিএনপি অপ্রচার চালাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো কিসের ভিত্তিতে, কিসের বিনিময়ে স্টেটমেন্টগুলো দিচ্ছে বলে আপনি মনে করেন? জবাবে মন্ত্রী বলেন, “ক্রমাগতভাবে বিএনপি মিথ্যা তথ্য প্রচার বা দিয়ে যাচ্ছে। তারা কে কীভাবে বিভ্রান্ত হচ্ছেন সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা স্পষ্ট করে বলতে পারি, তারা যেসব বলছেন সেসব দেশে ঘটেনি। দুই একটি দেশ বাদে সব দেশ সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছেন। তারা মনে করেন দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে।”

    উল্লেখ্য, গত বছর কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন পুলিশের বিভিন্ন স্তরের ১৩৪ সদস্য।

    পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশে কর্তব্যরত অবস্থায় পুলিশসহ বিভিন্ন বাহিনীর জীবন দেওয়া সদস্যদের স্মরণ করা হয়। এজন্য তৈরি করা হয়েছে মেমোরিয়াল।

    বাংলাদেশ পুলিশের ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মান জানানোর উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশ ২০১৭ সাল থেকে প্রতি বছরের ১ মার্চ মেমোরিয়াল ডে পালন করছে।

    প্রতি বছর মেমোরিয়াল ডে -তে ওই বছরে মৃত ব্যক্তিদের পরিবারের উপস্থিতিতে সম্মান প্রদর্শন করা হয়। মেমোরিয়াল ডে পালন করার জন্য ইতোপূর্বে রেপলিকা স্মৃতি তৈরি করে পালন করা হয়েছে। জেলা/ইউনিটে একই দিনে রেপলিকা স্মৃতিস্তম্ভ তৈরি করে মেমোরিয়াল ডে পালন করা হচ্ছে।

    এ স্তম্ভের আন্ডারগ্রাউন্ডে ১৯৯৩-২০২১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় নিহত বীর পুলিশ সদস্যদের ডাটা সংরক্ষিত রয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (অর্থ) আবু হাসান মুহাম্মদ তারিক, র‌্যাব মহাপরিচালক (ডিজি) খুরশীদ হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম।

  • সুন্দর করে কুশলাদি বিনিময় করলেই সাধারণ রোগীরা খুশি থাকে: স্বাস্থ্যমন্ত্রী

    সুন্দর করে কুশলাদি বিনিময় করলেই সাধারণ রোগীরা খুশি থাকে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৯ মার্চ, ২০২৪: সুন্দর করে কুশলাদি বিনিময় করলেই সাধারণ রোগীরা খুশি থাকে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “আমরা সময়মতো হাসপাতালে যাব আসবো। সাধারণ মানুষের সেবায় নিজেকে উজাড় করে দেবো। আমাদের সাধারণ মানুষ কিন্তু খুব বেশি কিছু চায় না, শুধু একটু গায়ে হাত দিয়ে কথা বলা, সুন্দর করে একটু কুশলাদি বিনিময় করলেই কিন্তু তারা খুশি।”

    আজ শনিবার (৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এমডি-এমএস ফেইজে ভর্তিকৃত রেসিডেন্টদের ইনডাকশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের চিকিৎসকদের মান বিশ্বের কোনো দেশের চিকিৎসকদের তুলনায় কম নয়। আমাদের চিকিৎসকদের যে ভালো মেধা আছে, তার অসংখ্য প্রমাণ আমার কাছে আছে। ভুটান থেকে রোগী এসে আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে। শুধু যে রোগী বাইরে যাচ্ছে এরকম নয়, ভারত থেকে আমাদের দেশে অসংখ্য রোগী আসছে।”

    ডা. সামন্ত লাল বলেন, “হাঙ্গেরি থেকে চিকিৎসক এনে আমরা জোড়া শিশুর অপারেশন করেছি। আমি দেখেছি বাচ্চাদের যখন এনেস্থিসিয়া দেওয়া হয়, তখন হাঙ্গেরির চিকিৎসকরা কিন্তু পারেনি, পেরেছে বাংলাদেশের চিকিৎসকরাই। কাজেই আমি বিশ্বাস করি আমাদের চিকিৎসকরা কোনো দেশের তুলনায় কম নয়।”

    তিনি বলেন, “আজকে যারা এখানে আমার সামনে বসে আছেন, আমি সবিনয়ে তাদের কাছে একটা কথা বলবো। আসুন আমরা চিকিৎসকদের মান-সম্মান এমন এক জায়গায় নিয়ে যাই, যেন এই দেশের লোকজন একদিন চিকিৎসকদের দেখলেই মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। এক্ষেত্রে প্রধান কাজ হলো ধৈর্য ধরে রোগীদের কথা শোনা, ধৈর্য ধরে তাদেরকে সেবা দেওয়া।”

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চিকিৎসকরাই হলো ভবিষ্যতের আসল কাণ্ডারি। ডাক্তার-রোগীর সম্পর্ক অনেক কিছুর উপর নির্ভর করে। এটি শুধু ডাক্তারের উপরই নির্ভর করে না। একটা হাসপাতালে ভালো চিকিৎসা সেবা হাসপাতাল পরিচালক, নার্স, ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নতাকর্মীসহ সবার উপরই নির্ভর করে।”

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীরা সাধারণত রোগ থেকে মুক্তি পেতে অসহায়ের মতো চিকিৎসকের উপর নির্ভর করে। অনেকক্ষেত্রে একজন চিকিৎসককে পিতার স্থান দখল করতে হয়। চিকিৎসকরা চাইলেই রোগীদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে পারে। এতে করে রোগীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ও ভালো চিকিৎসা সেবা প্রদান করা যায়।

    তিনি আরও বলেন, “আমাদের দেশের বিশাল একটা জনসংখ্যা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত। যখনই কেউ রোগে আক্রান্ত হয়, সামাজিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকের উচিত তাদের সক্ষমতা ও সীমাবদ্ধতার কথা রোগীকে জানানো এবং সে অনুযায়ী রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা।”

    ডা. সামন্ত লাল সেন বলেন, “উত্তম আচরণ হলো ন্যায়-অন্যায় আর আসল-নকলের পার্থক্যকারী। আমার উচিত অন্যের সঙ্গে সেভাবেই আচরণ করা, যেমনটি আমি অন্যের কাছ থেকে প্রত্যাশা। নৈতিকতার অভাবে দেশ ও জাতির উন্নতি ব্যাহত হয়, যোগ্য ব্যক্তিরা যথাযথ স্থানে পৌঁছাতে পারে না এবং অযোগ্যদের আস্ফালন বৃদ্ধি পায়। যোগ্য ব্যক্তিরা হীনমন্যতায় ভোগে এবং দেশে বিশৃঙ্খলাতা দেখা দেয়।”

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।