Category: লিড নিউজ

  • জলদস্যুদের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান চায় এমভি আবদুল্লাহ কর্তৃপক্ষ

    জলদস্যুদের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান চায় এমভি আবদুল্লাহ কর্তৃপক্ষ

    www.HelloBangla.News – জাতীয় – ২২ মার্চ, ২০২৪: সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক জিম্মি অবস্থার থেকে দ্রুত মুক্তি পাবে বলে জানা গেছে।মালিকপক্ষ এবং বাংলাদেশ সরকার চাইছে এর শান্তিপূর্ণ সামাধান। অপর দিকে জিম্মি জাহাজটিকে উদ্ধারের জন্য এর খুব কাছেই পৌঁছে গেছে ইইউএনএভিএফওআর আটলান্টা অপারেশনের একটি যুদ্ধজাহাজ। এর ফলে জলদস্যুদের ওপর যেমন আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে তেমনি জিম্মি ২৩ নাবিকের ওপর নানাভাবে চাপ তৈরি করছে জলদস্যুরা।

    জাহাজে থাকা জিম্মিদের একজন স্যাটেলাইট ফোনে আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে স্বজনদের সঙ্গে কথা বলেছেন দেড় মিনিট।

    তিনি জানিয়েছেন, এমভি আবদুল্লাহর কাছেই একটি যুদ্ধজাহাজ অবস্থান নিয়েছে। জাহাজটির তৎপরতা বাড়ালে জিম্মি নাবিকদের ওপর নানাভাবে চাপ তৈরি করে জলদস্যুরা। তারা জাহাজটির গতিবিধি চোখে চোখে রাখছে।

    এদিকে এমভি আবদুল্লাহতে মজুদ থাকা পানি ফুরিয়ে আসছে। পানির সরবরাহ কমিয়ে দিয়েছে জলদস্যুরা। তবে সেহেরি ইফতার করার মতো খাবার মজুদ রয়েছে।

    তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন যাতে নিরাপদে স্বজনদের কাছে ফিরতে পারেন।

    এমভি আবদুল্লাহর মালিকপক্ষ জানিয়েছে, জলদস্যুদের পক্ষ হয়ে তৃতীয় পক্ষ যোগাযোগ করেছে। আলোচনা অব্যাহত রয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে সংকট নিরসন করতে চাই। আমাদের কাছে সবার আগে ২৩ জিম্মি নাবিকের নিরাপত্তা। তাই আমরা জাহাজটিতে সামরিক অভিযানের পক্ষে নই।

    তবে নাবিকরা নিরাপদে রয়েছেন। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রেখেছে মালিকপক্ষ।

    এমভি আবদুল্লাহ জাহাজে আছেন- জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার মো. আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট মো. সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এএসএম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিশিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, এবি পদের মোহাম্মদ আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসাইন, জয় মাহমুদ, ওএস পদের মো. নাজমুল হক, অয়েলার পদের আইনুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, মো. আলী হোসেন, ফায়ারম্যান মোশাররফ হোসেন শাকিল, চিফ কুক মো. শফিকুল ইসলাম, জিএস পদের মোহাম্মদ নুর উদ্দিন ও ফিটার মোহাম্মদ সালেহ আহমদ।

    এর মধ্যে ১১ জনের বাড়ি চট্টগ্রামে। নোয়াখালীর দুজন। বাকিরা ফরিদপুর, টাঙ্গাইল, নওগাঁ, খুলনা, নেত্রকোনা, লক্ষ্মীপুর, ফেনী, নাটোর, সিরাজগঞ্জ ও বরিশালের।

    মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরের সোমালিয় জলদস্যুর কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুদের সঙ্গে প্রথমবারের মতো তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হওয়ার তথ্য গত বুধবার জানায় জাহাজটির মালিকপক্ষ। এর আগে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তর্কশ গত বৃহস্পতিবার সকালে এমভি আবদুল্লাহর কাছে পৌঁছেছিল। কিন্তু নাবিকরা সশস্ত্র জলদস্যুদের হাতে জিম্মি থাকায় সে সময় অভিযান চালানো থেকে বিরত থাকেন ভারতীয় নৌবাহিনী। ২০১০ সালে কবির গ্রুপের মালিকানাধীন এমভি জাহান মনি নামে একটি জাহাজ সোমালিয় জলদস্যুদের কবলে পড়েছিল। মুক্তিপণ দিয়ে ১০০দিন পর জাহাজটি মুক্ত করে আনা হয়েছিল।

  • বরিশাল জিপিও ভবন উদ্বোধন করলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    বরিশাল জিপিও ভবন উদ্বোধন করলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ মার্চ, ২০২৪: বরিশাল জিপিও ভবনের উদ্বোধনী অনুষানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “ইতোমধ্যে খুলনার কয়রায় স্মার্ট সার্ভিস পয়েন্ট চালু করা হয়েছে। এ মাসে আরও চারটি এবং আগামী মাসে আরও ৫০০টি ডাকঘরকে স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরিত করা হবে। পর্যায়ক্রমে দেশে সাড়ে আট হাজার ডাকঘরকে স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরিত করা হবে।”

    জুনাইদ আহমেদ পলক আজ শুক্রবার (২২ মার্চ) ‘স্মার্ট প্লাটফর্মে’ বরিশালে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরিশাল জিপিও ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    প্রতিমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট  ডাকঘর অপরিহার্য উল্লেখ করে বলেন, “ডাকঘরের বিস্তীর্ণ নেটওয়ার্ক, বিশাল অবকাঠামো ও জনবল ব্যবহার করে প্রত্যন্ত এলাকাসহ দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায়  স্মার্ট ডাক সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আজকের ডিজিটাল প্রযুক্তির যুগে প্রতিটি মানুষে-মানুষে যোগাযোগের ব্যবস্থাও ডাক অধিদফতর করতে পারে। এই প্রতিষ্ঠান দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি মানুষকে চেনে।”

    তিনি বলেন, “জি-টু-জি ডাক সেবা এবং ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে গুরুত্ব প্রদানের পাশপাশি  স্মার্ট সক্ষমতা তৈরির মানসিকতা ও বিদ্যমান ধ্যান ধারণার পরিবর্তন, স্মার্ট প্রযুক্তি গ্রহণ এবং স্মার্ট প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা তৈরি করতে হবে।”

    পলক বলেন, “২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজীব আহমেদ ওয়াজেদ জয়ের দিক-নির্দেশনায় দেশে ২০২১ সালে তথ্য-প্রযুক্তির সফল বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশের শক্তিশালী ভিত্তির ওপর প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হয়েছে। জ্ঞানভিত্তিক একটি স্মার্ট সাম্য সমাজ প্রতিষ্ঠায় ডাক অধিদপ্তরের  ভূমিকা অপরিসীম বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।”

    জুনাইদ আহমেদ পলক বলেন, “ডিজিটাইজেশনের প্রভাবে ব্যক্তিগত পর্যায়ে চিঠি আদান-প্রদানের যুগ শেষ হয়ে গেলেও পণ্য পরিবহনে ডাকঘর হবে সবচেয়ে নির্ভর যোগ্য সেবা প্রতিষ্ঠান। ডাকঘরকে মেইল ডেলিভারি সেবা থেকে সার্ভিস ডেলিভারি সেবায় রূপান্তরিত করতে পারলে প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে সক্ষম হবে। তিনি বরিশালে রাত্রিকালীন ডাকঘরের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।”

    বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, দক্ষিণাঞ্চল খুলনার পোস্ট মাস্টার জেনারেল শামসুল আলম বক্তৃতা করেন।

  • ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা

    ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ মার্চ, ২০২৪: গত পাঁচ মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। এতে প্রায় ৩১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। এই প্রেক্ষিতে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে শান্তিকামি রাষ্ট্রগুলো। দেশটির অভ্যন্তর থেকেও যুদ্ধ বন্ধের জন্য বিভিন্ন মহল থেকে অনুরোধ এসেছে। এরি ধারাবাহিকতায় চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ইসরাইলি সেনাবাহিনী আইডিএফের চিফ অব স্টাফ হার্জি হালেভি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

    দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি।

    এতে বলা হয়েছে, হালেভি শুধু একাই নন, তার সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করবেন।

    কী কারণে তারা পদত্যাগ করবেন তা এখনও স্পষ্ট নয়।

    ধারণা করা হচ্ছে, গত ৭ অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পদ ছাড়তে যাচ্ছেন।

    চলতি সপ্তাহের শুরুতে হালেভি বলেছিলেন, ‘৭ অক্টোবর যা ঘটেছিল তার জন্য আমি দায়ী। তারপর থেকে যা ঘটেছে এবং যা ঘটবে তার জন্যেও আমি দায়ী। আইডিএফ বর্তমানে যুদ্ধে রয়েছে, এবং এই মুহূর্তে, কেবলমাত্র যুদ্ধ করে যাওয়াটাই লক্ষ্য। ’

  • সিলেট টেস্টে প্রথম দিনে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

    সিলেট টেস্টে প্রথম দিনে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ মার্চ, ২০২৪: সিলেট টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং করেতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে শ্রীলঙ্কার ৫ উইকেট পড়ে যায় ৫৭ রানে। কিন্ত ৬ষ্ঠ উইকেট জুটিতে কামিন্দু ও ডি সিলভা ২০২ রান করলে শ্রীলঙ্কা ঘুরে দাড়ায়।২৮০ রানে অলআউট হয়ে গেলে, দিনশেষে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে করে ৩২ রান।বাংলাদেশ এখনও ২৩৮ রানে পিছিয়ে।অভিষেক ম্যাচে বাংলাদেশের নাহিদ রান নিয়েছেন ৩ উইকেট।

    আজ শুক্রবার (২২ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম দিনশেষে লঙ্কানদের চেয়ে ২৪৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৮০ রান করে শ্রীলঙ্কা। পরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৩২ রান করে স্বাগতিকরা। তাইজুল শূন্য ও জয় ৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।

    এ ম্যাচে তরুণ পেসার নাহিদ রানার অভিষেক করে বাংলাদেশ। যদিও বোলিংয়ের শুরুটা করেন শরিফুল ও খালেদ। নিজের প্রথম ওভারের শেষ বলে গিয়ে উইকেটও এনে দেন খালেদ। অফ স্টাম্প থেকে বেশ দূরের বলে ড্রাইভ করতে যান নিশান মাদুশকা। তৃতীয় স্লিপে বেশ জোরে যাওয়া বল ক্যাচ ধরেন মিরাজ।

    দ্বিতীয় উইকেটের জন্য অবশ্য কিছুটা অপেক্ষা ছিল বাংলাদেশের। ১২তম ওভারে গিয়ে কুশল মেন্ডিসকে ফেরান খালেদ। ২৬ বলে ১৬ রান করে দেরিতে কাট করতে গিয়ে গালিতে দাঁড়ানো জাকির হাসানের হাতে ক্যাচ দেন তিনি। ৫৭ বলে মেন্ডিসের সঙ্গে ৩৭ রানের জুটি ভেঙে যায় দিমুথ করুণারত্নের।

    ওই ওভারেই করুণারত্নেকেও ফেরান খালেদ। ৩৭ বলে ১৭ রান করা এই ব্যাটারকে দুর্দান্ত এক বলে বোল্ড করেন খালেদ। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকে বলটি। তিন উইকেট হারিয়ে চাপে পড়া শ্রীলঙ্কা আরও বেশি বিপদে পড়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস রান আউট হলে।

    খালেদের বলে অফ সাইডে ফেলে দৌড় শুরু করেন দিনেশ চান্দিমাল। কিন্তু দৌড়ের সময় কিছুটা অলস ছিলেন ম্যাথিউস। নাজমুল হোসেন শান্তর সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙে তার।

    এরপর চান্দিমালকেও ফিরিয়ে দেন শরিফুল। লেগ স্লিপে ক্যাচ দিয়ে ১৩ বলে ৯ রান করে ফেরেন চান্দিমাল। ৫৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর উইকেটে এসে প্রথম বলেই জীবন পেয়ে যান কামিন্দু মেন্ডিস। স্লিপে তার ক্যাচ ছেড়ে দেন মাহমুদুল হাসান জয়।

    পরে এজন্য ভুগতে হয়েছে বাংলাদেশকে। হাফ সেঞ্চুরির পথ পেরিয়ে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। তার বড় জুটির সঙ্গী ধনঞ্জয়াও পান তিন অঙ্কের দেখা। এ দুজনের জুটি ভাঙেন নাহিদ রানা। অভিষেক টেস্টে শুরু থেকেই রান দিচ্ছিলেন তিনি। হুট করে দলের ত্রাতা হয়ে যান।

    প্রথমে কামিন্দু উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন। এতে ভাঙে ২৪৫ বলে ২০২ রানের জুটি। বিপদ সামলে ঝড়ো ব্যাট করা কামিন্দু ১১ চার ও ৩ ছক্কায় ১২৭ বলে করেন ১০২ রান। ওই ওভারেই আরেক সেঞ্চুরিয়ান ধনঞ্জয়াকেও ফিরিয়ে দেন নাহিদ।

    তার বাউন্সারে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন ১৩১ বলে ১০২ রান করা এই ব্যাটার। এরপর আর অলআউট হতে খুব বেশি সময় লাগেনি শ্রীলঙ্কার। ১৭ ওভারে ৭২ রান দিয়ে ৩ উইকেট নেন খালেদ। ৩ উইকেট নিতে ১৪ ওভারে ৮৭ রান দেন নাহিদ। তাইজুল ও শরিফুল পান একটি করে উইকেট।

    শেষ বিকেলে ব্যাট করতে নেমে খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। দুই উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো।   ৮ বলে ৯ রান করার পর এলবিডব্লিউ হয়ে যান জাকির হাসান। পরের ওভারে এসে নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বিশ্ব ফার্নান্দো। দুই ক্ষেত্রেই রিভিউ নিলেও কোনোটিতেই সফল হয়নি বাংলাদেশ।

    বাংলাদেশের বিপদটা আরও বাড়ে মুমিনুল হক ফিরলে। তাকে অবশ্য ফেরান কাসুন রাজিথা। ৭ বলে ৫ রান করে স্লিপে ক্যাচ দেন মুমিনুল।

    ২৩৮ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ আগমীকাল সাকলে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।

  • পুতিনকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা

    পুতিনকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মার্চ, ২০২৪: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।

    আজ বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।

    এর মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো। ১৮ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করেছেন। যদিও এই নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

    নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসাবে এই ফলাফলটি তুলে ধরেন।

  • আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট

    আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মার্চ, ২০২৪: প্রথম ধাপে আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২টিতে ভোটগ্রহণ ইভিএমে করা হবে। এটা উপজেলা পরিষদ ষষ্ঠ নির্বাচন।

    আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ২৯তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তফসিল ঘোষণা করেন।

    তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট হবে ৮ মে।”

    মোট চার ধাপের এই নির্বাচনের পরবর্তীতে তিন ধাপের ভোট ২৩, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে। দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি।

  • খালেদা জিয়ার ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    খালেদা জিয়ার ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মার্চ, ২০২৪: খালেদা জিয়ার ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, “আইনমন্ত্রী আমাদের খালেদা জিয়ার ফাইল ফেরত পাঠিয়েছেন। কোনো আইনি জটিলতা নেই। এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠাব। তিনি সম্মতি দিলে আমরা একটি জিও করে পরবর্তী ব্যবস্থা নেব। সবকিছুর প্রসেস চলছে।”

    তাহলে কি সাজা ছয় মাসই মওকুফ থাকছে- জানতে চাইলে তিনি বলেন, “যেভাবে আমরা দিয়ে এসেছি আগে, সেভাবেই চলবে।”

    আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঘটনা হলো খালেদা জিয়ার মামলা ছিল, মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। তার নামে আরও কিছু মামলা আছে। কোর্ট থেকে যা সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তের বাইরে কোন কিছু আমরা করিনি। কোর্টের সিদ্ধান্তের পরই আমাদের প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে তাকে বাসায় থেকে সুচিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সাজা স্থগিত করে। এই হলো বর্তমান অবস্থা। আমাদের দেশে যারা আদালত থেকে অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হন, তারা যে নিয়মে চলেন, সে অনুযায়ী চলছে, এর ব্যত্যয় ঘটেনি “

    খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার ছোট ভাই শামীম ইস্কান্দার ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। আবেদনে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চাওয়া হয়। পরে সে আবেদনের বিষয়ে মতামত নিতে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন মন্ত্রণালয়ের মতামতের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

    সবশেষ গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্যের কিছু পরীক্ষা শেষে গত ১৪ মার্চ গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া।

    এর আগে ১৩ মার্চ রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝে মাঝে তাকে হাসপাতালে নিতে হচ্ছে।

  • এই ঈদে যানবাহন চলাচলে সমস্যা হবে না: রাঙ্গা

    এই ঈদে যানবাহন চলাচলে সমস্যা হবে না: রাঙ্গা

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মার্চ, ২০২৪: এই ঈদে যানবাহন চলাচলে সমস্যা হবে না, বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা।তিনি বলেন, এবার অন্যান্য সময়ের তুলনায় রাস্তাঘাট অনেক ভালো হয়েছে। দুই লেনের রাস্তাগুলো এখন চার লেন হচ্ছে। এগুলোতে ব্যবস্থা নিলে আসা করি এই ঈদে যানবাহন চলাচলে সমস্যা হবে না। গতবার ট্রাফিক পুলিশ ড্রোন দিয়ে রাস্তার সার্বিক অবস্থা দেখার ব্যবস্থা করে দিয়েছিল, যে কারণে ক্যামেরায় দেখে সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পেরেছি। এবারও যদি এ রকমটা হয়, তাহলে অনেকটাই সুবিধা হবে।

    আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা’য় তিনি এ কথা বলেন।

    বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বলেন, “ঈদে মালিকদের থেকে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয় না। তারপরও প্রতিবার অতিরিক্ত ভাড়ার অভিযোগ আসে। আমাদের আসলে এতো পরিমাণ গাড়ি, যার কারণে সবগুলোকে একসঙ্গে দেখা সম্ভব হয় না। প্রতিবার কিছু অসাধু মানুষ আগেই বেশি করে টিকিট কেটে রেখে দেয়, এরপর ঈদের আগে বেশি দামে বিক্রি করে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাকে কাজে লাগালে প্রতিকার পাওয়া যাবে।”

    তিনি আরও বলেন, “আমরা দেখি প্রতিবারই রাস্তার পাশে হাটবাজার থাকার কারণে যানবাহন চলাচল করতে সমস্যা হয়। এগুলো বন্ধ করার অনুরোধ। অন্যথায় মূল সড়ক থেকে হাটবাজার যেন অন্তত দূরে হয়। তাহলে এবার ঈদে অন্যান্যবারের মতো ভোগান্তি পোহাতে হবে না।”

    সভার সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “অনেকদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। ঈদের প্রস্তুতিমূলক সভাও প্রতি বছরই আমরা করেছি। প্রস্তুতিমূলক সভায় যে সিদ্ধান্তগুলো হয়, সেগুলোর বাস্তবায়ন কতটা হয়েছে, পরবর্তীতে এর মূল্যায়নটা আমরা করি না। আমরা যে সিদ্ধান্ত নিলাম, সেটা বাস্তবে কতটা কার্যকর তা মূল্যায়ন করা উচিত।”

    তিনি আরো বলেন, “দুর্ঘটনা নিয়ে আমাদের দুর্ভাবনা চলছে। এর দুর্ভাবনার শেষ নেই। দুর্ঘটনার জন্য কে দায়ী এটি নিয়ে নানা বিষয় আসে। এখানে থ্রি-হুইলার, মোটর সাইকেল, বেপোরোয়া চালনাও আছে। সবকিছু মিলিয়ে দুর্ঘটনা হচ্ছে। আমি সচিব সাহেবকে বার বার বলেছি, মূল বিষয়গুলোতে হাত দেওয়া দরকার। পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর বিশ্বব্যাংকের কোনো প্রকল্প আমরা গ্রহণ করিনি। কিন্তু ইদানিং একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি। রোড সেইফটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটার বাস্তবায়ন দ্রুততার সঙ্গে করতে হবে। এই ব্যাপারে মনোযোগী হওয়ার জন্য আমি মন্ত্রণালয়কে বারবার বলেছি।”

    ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মসিউর রহমান রাঙ্গা বলেন, “প্রতি ঈদেই রাজধানীতে বাড়তি গাড়ি চলে আসে, যেগুলোর কোনো ফিটনেস থাকে না। এগুলোর কারণেই দুর্ঘটনা বেশি ঘটে। এবার ঈদে যেন এগুলো যেন চলতে না পারে। দুর্ঘটনার আরেকটি কারণ হলো মহাসড়কগুলোতে মানুষ অনেক স্পিডে গাড়ি চালায়, সেই সড়কে নসিমন-করিমন চলাচলের কারণে দুর্ঘটনা দেখা যায়। আগামীতে সমস্যা থাকবে না।”

    সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানসহ আরও অনেকে। সভা সঞ্চালনা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

  • এবার ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৯৭০ ও সর্বনিম্ন ১১৫ টাকা

    এবার ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৯৭০ ও সর্বনিম্ন ১১৫ টাকা

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মার্চ, ২০২৪: এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আগের বছর (২০২৩ সাল) ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

    আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

    সভায় সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ্‌ মতে, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটির মাধ্যমে ফিতরা দেওয়া যায়।

    এবার ৭০ টাকা দরে গম বা আটার মাধ্যমে আদায় করলে অর্ধ সা বা এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১৫ টাকা দিতে হবে।

    ১২১ টাকা দরে যব দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৪০০ টাকা, ৭৫০ টাকা দরে মধ্যম মানেন খেজুর দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৪৭৫ টাকা দিতে হবে।

    ৬৫০ টাকা দরে কিশমিশ দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ১৪৫ টাকা, ৯০০ টাকা দরে পানির দিয়ে আদায় করলে এক সা বা তিন কেজি তিনশ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৯৭০ টাকা দিতে হবে।

    এসব পণ্যের স্থানীয় বাজারমূল্যে তারতম্য রয়েছে। সেদিক থেকে স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

  • কে ক্র্যাফটের এবারের ঈদ কালেকশন

    কে ক্র্যাফটের এবারের ঈদ কালেকশন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২১ মার্চ, ২০২৪: শিশু থেকে শুরু করে সকল বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীদের প্রত্যাশিত নতুন কিছু দেবার জন্য কে ক্র্যাফট ইতিমধ্যে ঈদ আয়োজনের পোশাক নিয়ে হাজির হয়েছে।

    ঈদের সকাল, বিকেল এবং সন্ধায় কাঙ্ক্ষিত পোশাক নির্বাচনে ক্যাজুয়াল কিংবা এক্সক্লুসিভ সবই মিলবে এবার। এবং অবশ্যই হবে আবহাওয়া, পরিবেশ উপযোগী ও স্বাচ্ছন্দময়।

    বিভিন্ন মোটিফের বিচিত্র ব্যবহার তুলে ধরা হয়েছে পোশাকে। ফ্লোরাল, জিওমেট্রিক, মুঘল, কাশ্মীরি, ইউক্রেনিয়ান, বেলারুশ, ইজিপ্সিয়ান, রাগ&স এর বিভিন্ন মোটিফ অনুপ্রেরণায় এবারের সিরিজ পোশাক। এছাড়া ট্র্যাডিশনাল, ট্রাইবাল, ফোক, জামদানি, ওরিয়েন্টাল, আলাম, মিক্সড সহ নানা মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারী,কারচুপি, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।

    কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ে করা পোশাকের জন্য ফ্যাব্রিক নির্বাচন করা হয়েছে উৎসব মুখর পরিবেশ ও স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে। বৈচিত্র্যময় রঙ নির্বাচন করে থাকছে- কটন, জ্যাকার্ড কটন, জর্জেট, লিনেন, সিল্ক, হাফ সিল্ক, দুবাই সিল্ক, অরগানজা, ডুপিয়ন সিল্ক, মমো সিল্ক, সুইস কটন, ভিসকজ, নীব কটন, এলেক্স, টূ-টোন, সাটিন ফ্যাব্রিক।

    মেয়েদের জন্য ট্র্যাডিশনাল, ক্ল্যাসিক, এথনিক, রেট্রো, ফিউশন, ইয়ক বেইজড, লং প্যাটার্ন সহ বিভিন্ন প্যাটার্নের পোশাক সারিতে থাকছে- সালোয়ার কামিজ, ডাবল লেয়ার সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়াড কুর্তি, টিউনিক, কাফটান,প্যান্ট সহ টপস-স্কার্ট, টপস-পালাজো সেট ও বিভিন্ন প্যাটার্নের প্যান্ট ।

    এছাড়া ঈদকে সামনে রেখে কটন, সিল্ক, হাফ সিল্ক, মসলিন, খাদি মসলিন শাড়ির বৈচিত্রপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন থাকছে। নিজস্ব ডিজাইনের শাড়ীতে বিশেষ ভাবে ট্র্যাডিশনাল, মানডালা, মুঘল, ফ্লোরাল, জামদানি, ওরিয়েন্টাল, পেইসলে, টামজারা ও মিক্সড মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সকলের দৃষ্টি কাড়বে।

    ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এছাড়াও রয়েছে কাট বেইজড এক রঙা পাঞ্জাবিও। এছাড়াও পাওয়া যাবে রেগুলার ও স্লিম ফিট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, শেরওয়ানি, কটি, ফতুয়া, পলো শার্ট ও টি শার্ট ।

    মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে- সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, কাফটান, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট, পার্টি ফ্রক, টপস-কটি সেট, পালাজো। ছোট ছেলেদের পোশাক আয়োজনে নানা রঙের পাঞ্জাবী, হাফহাতা কাট এর শার্ট এবং ফতুয়া। শিশুদের পছন্দ হবে বা ভালো লাগবে তাই প্রাধান্য পাচ্ছে এবার। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক এবং রঙের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্যাটার্নে  ভিন্নতা এবং রঙে উৎসবের আমেজ বহন করবে।

    এছাড়াও ছোট মেয়েরা বোন অথবা মায়ের সাথে মিলিয়ে পরার জন্য সালওয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি,শার্ট, ফতুয়া থাকবে বরাবরের মত। এবারে যুগলদের জন্য থাকবে বিশেষ আয়োজন।

    মূল্য সীমা:

    শাড়ী ২০০০-১১০০০ টাকা, তাঁতের শাড়ী ১০০০-৩৫০০ টাকা, সালওয়ার কামিজ ৩০০০-৮০০০ টাকা, কুর্তি/ টপস ১৫০০-৩৫০০ টাকা

    ছেলেদের পাঞ্জাবি ১২০০-৪৫০০ টাকা, কটি ১৬০০-৩০০০ টাকা, শেরওয়ানি ২৭০০-৮৫০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ৬৫০-১৫০০ টাকা্

    মেয়ে শিশুদের পোশাকঃ সালওয়ার কামিজ ১৮০০-৩৫০০ টাকা, টপস/ফ্রক ৯০০-২৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১৮০০-২৫০০ টাকা

    ছেলে শিশুদের পোশাকঃ পাঞ্জাবি ৭০০-১৮০০ টাকা, শার্ট ৪৫০-১০০০ টাকা, কটি ৮৫০-১২০০ টাকা

    কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।