Category: লিড নিউজ

  • বিএনপি নিজেদের পকেট উন্নয়নের দল: সেতুমন্ত্রী

    বিএনপি নিজেদের পকেট উন্নয়নের দল: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ মার্চ, ২০২৪: বিএনপি নিজেদের পকেট উন্নয়নের দল, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, “বিএনপি নিজেদের পকেট উন্নয়নের দল, আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নের দল।”

    আজ শনিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি ক্ষমতার দল, নিজেদের পকেট উন্নয়নের দল। জনগণের ভাগ্য উন্নয়নের দল হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। তারা দীর্ঘদিন ক্ষমতায় নেই তো, লুটে পুটে হাওয়া ভবন করার সুযোগ নেই। হাওয়া ভবন ছাড়া বিএনপি টিকবে না। কারণ এই দল ক্ষমতা কেন্দ্রিক দল, মানুষের দল না। জনগণের দল আওয়ামী লীগ, ক্ষমতার দল বিএনপি। এটাই দুই দলের পার্থক্য।”

    ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া প্রমুখ।

  • চাঁদাবাজি বন্ধে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    চাঁদাবাজি বন্ধে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ মার্চ, ২০২৪: চাঁদাবাজি বন্ধে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে বলে জানয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনে বলেন, “চাঁদাবাজি বন্ধে ঢাকা-চট্রগ্রাম হাইওয়েতে ইতোমধ্যে ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে সব মহাসড়কে ক্যামেরার আওতায় আনা হবে।”

    আজ শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি’ কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, “চাঁদাবাজি রোধে পুলিশ-র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে। কারওয়ান বাজারে যে জিনিস ২০ টাকায় বিক্রি হচ্ছে সেটাই অল্প কিছু দূর নিয়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। চাঁদাবাজির চাইতে বেশি প্রভাব পড়ে এই ক্ষেত্রে অর্থাৎ অধিকতর মুনাফার চিন্তাভাবনা করা। যশোর থেকে ঢাকায় একটি ট্রাকের কত টাকা চাঁদাবাজি দেওয়া লাগে, সেই হিসাবে আমরা পরিসংখ্যান করেছি।”

    নিত্যপণ্যের যারা অতি মুনাফা করে দাম বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবেন, জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও ভোক্তা অধিকারসহ বিভিন্ন ফোর্স এখানে কাজ করে। যখনই নজরে আসে তখনই আইনশৃঙ্খলা বাহিনী তার অর্পিত দায়িত্ব পালন করে।”

    তিনি বলেন, “যারা অধিক মুনফা করছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে পাড়ায়-মহল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হলে অধিক মুনাফা রোধ করা সম্ভব হবে।”

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান প্রমুখ৷

  • মস্কোর কনসার্ট হলে হামলায় নিহত ৯৩ জন

    মস্কোর কনসার্ট হলে হামলায় নিহত ৯৩ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ মার্চ, ২০২৪: মস্কোর কাছে এক কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় এ পর্যন্ত অন্তত ৯৩ জন নিহত এবং ১৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। এই হলে হামলার ঘটনার দায় স্বীকার করল ইসলামিক স্টেট (আইএস)। একটি টেলিগ্রাম চ্যানেলে নিষিদ্ধ সেই জঙ্গিগোষ্ঠী রাশিয়ার রাজধানীতে হামলা চালানোর কথা মেনে নিয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

    এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।

    বিবিসি জানিয়েছে, ক্রাসনোগর্স্কের উত্তর-পশ্চিম শহরতলিতে ক্যামোফ্লজ গিয়ার বা সৈনিকদের মত পোশাক পরা অন্তত চার ব্যক্তি এ হামলা চালায়। মস্কোর ক্রোকাস সিটি হলে বন্দুকধারীরা যখন এর প্রবেশ মুখে এবং পরে থিয়েটারের ভেতরে বিস্ফোরণ ঘটায়, তখন সেখানে একটি রক কনসার্ট আয়োজন করা হচ্ছিল।ভবনের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে এবং ছাদের কিছু অংশ ধসে পড়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছে।

    অনলাইনে ছড়িয়ে পড়া একটি অযাচাইকৃত বিবৃতিতে জানা যাচ্ছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বলেছে যে তারা এই হামলা চালিয়েছে।

    যুক্তরাষ্ট্রে বিবিসির পার্টনার সার্ভিস সিবিএসকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যার মাধ্যমে বোঝা যায় যে আইএস রাশিয়ায় হামলা চালাতে চেয়েছিল। এদিকে, রুশ ন্যাশনাল গার্ড জানিয়েছে, হামলাকারীদের ধরতে ঘটনাস্থলে বিশেষ ইউনিট কাজ শুরু করছে। এছাড়া শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তারাও ইতোমধ্যে ক্রাসনোগর্স্কে গেছেন।

    দুই সপ্তাহ আগে, মার্কিন দূতাবাস রাশিয়ায় অবস্থিত মার্কিন নাগরিকদের বড় ধরণের জমায়েত এড়িয়ে চলতে একটি সতর্কতা জারি করে বলেছিল, ‘মস্কোতে বড় ধরণের সমাবেশ লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালাতে পারে’এমন রিপোর্ট পর্যবেক্ষণ করে দেখছে নিরাপত্তা বাহিনী।

    শুক্রবার সন্ধ্যায় নতুন আরেকটি সতর্কতা দেয়া হয়েছে এবং মার্কিন নাগরিকদের হামলা হওয়া জায়গার আশপাশের এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। রুশ রক গ্রুপ পিকনিকের কনসার্টের জন্য ক্রোকাস সিটি হল এবং কনসার্ট কমপ্লেক্সে ছয় হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ব্যান্ডটি মঞ্চে ওঠার কিছুক্ষণ আগেই হামলা শুরু হয়। যদিও পিকনিকের ব্যান্ডের সদস্যরা সবাই অক্ষত রয়েছেন।

    একজন নিরাপত্তা কর্মী বলেছেন, কীভাবে ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারীরা কনসার্ট হলের প্রবেশমুখে গুলি ছুড়তে শুরু করে, তিনি ও তার সহকর্মীরা তখন সেখানে কাজ করছিলেন।

    তিনি রুশ টেলিগ্রাম চ্যানেল বাজাকে বলেন, “তিনি ছাড়া আরও তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন সেখানে এবং তারা একটি বিজ্ঞাপন বোর্ডের পেছনে লুকিয়ে ছিলেন হামলার সময়। আক্রমণকারীরা আমাদের থেকে ১০ মিটার দূরে ছিল, পরে তারা নিচতলায় লোকজনের ওপর এলোপাতারি গুলি চালাতে শুরু করে।”

    অডিটোরিয়ামের ভেতরে একজন নারী বলছিলেন, যখন তারা বুঝতে পারেন গুলি চালানো হচ্ছে তখন তিনি ও অন্য দর্শকরা মঞ্চের দিকে ছুটে যান।

    রুশ একটি টেলিভিশনকে তিনি বলেন, “আমি একজনকে দেখেছি যার পাশে অস্ত্র রাখা ছিল, এবং সেখান থেকে গুলি চালাচ্ছিল সে। আমি তখন ক্রল করে একটা লাউডস্পিকারের পিছনে লুকানোর চেষ্টা করছিলাম।”

    আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী ওপরে উঠে গিয়ে এক পর্যায়ে কনসার্ট হলের সামনে ছড়িয়ে পড়ে এবং ভবনটির ওপরের দুই তলার কাঁচ উড়ে যায়।

    হামলাকারীরা আগুন ধরানোর জন্য কোন ধরণের দাহ্য পদার্থ ব্যবহার করেছে বলে সন্দেহ করা হচ্ছে, যা থেকে আগুনের সূত্রপাত হয় বলে মনে হচ্ছে।

    শুক্রবার রাতের এ হামলা রাশিয়ায় বহু বছরের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা। এর আগে ২০০২ সালে ৪০ চেচেন জঙ্গি একটি অনুষ্ঠানে প্রায় নয়শ মানুষকে জিম্মি করেছিলো। পরে রাশিয়ার নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নিয়েছিলো। ওই ঘটনায় ১৩০ জন জিম্মির মৃত্যু হয়েছিলো।

  • ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

    ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ মার্চ, ২০২৪: আগামীকাল রবিবার (২৪ মার্চ) থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অগ্রিম টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত।আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে যাত্রা বিবেচনায় টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।

    এবারও ঈদযাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি করা হবে না। অনলাইন প্ল্যাটফর্ম থেকেই শতভাগ টিকিট বিক্রি করা হবে। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

    আজ শনিবার (২৩ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হবে। কালোবাজারি রোধে সহজ ডটকম যেন টিকিট ব্লক করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ৩ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

    রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, “টিকিট বিক্রি শুরুর পর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। সার্ভার ডাউনের কারণে সাইটে প্রবেশ করা যায় না। এগুলো সব সত্যি। এ টিকিট কালোবাজারির সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত। যাদের সঙ্গে সহজের লোক ও আমাদের রেলের লোকও জড়িত। ইতোমধ্যে আমরা দুটি সিন্ডিকেটকে ধরে আইনের আওতায় এনেছি। ঠিকমতো টিকিটিং ব্যবস্থা চালু রাখার জন্য সহজকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”

    তিনি আরও বলেন, “এছাড়া টিকিট কালোবাজারি বন্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না।”

    বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ে পূর্বাঞ্চলে আর দুপুর ২টায় পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে।

  • অভিজাত ফ্যাশন হাউজ ভিভা ক্রিয়শন্সের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    অভিজাত ফ্যাশন হাউজ ভিভা ক্রিয়শন্সের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৩ মার্চ, ২০২৪: বৈচিত্র্যময় লাক্সারি পোশাক, জুয়েলারি, জুতা, ব্যাগ, এক্সেসরিজ ও সুগন্ধির কালেকশানের জন্য স্বল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছে অভিজাত ফ্যাশন হাউজ ‘ভিভা ক্রিয়শন্স’। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

    সদ্য রাজধানীর গুলশান এভিনিউতে অবস্থিত ফ্যাশন হাউজটির নিজস্ব কার্যালয়ে এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

    প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার)।

    অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ভিভা ক্রিয়শন্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান এবং অলিলা গ্রুপের চেয়ারম্যান ও ভিভা ক্রিয়শন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নাহিদ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘ভিভা ক্রিয়েশন্সের বৈচিত্র্যময়, লাক্সারী ও রুচিশীল সংগ্রহ দেখে আমি মুগ্ধ। বর্তমানে রুচি ও মননে বাংলাদেশের মানুষের পোশাক ও সাজসজ্জা চোখে পড়ার মতো। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে দেখে ভালো লাগছে। প্রতিষ্ঠানটির আরও সমৃদ্ধি কামনা করছি।’

    শুভেচ্ছা বক্তব্যে অলিলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ভিভা ক্রিয়েশন্সের ডিরেক্টর জিল্লুর রহমান এমপি সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রাহকদের মুগ্ধতা এবং প্রশংসায় আমরা অনুপ্রাণিত। বাড়তি টাকা খরচ করে বিদেশে না গিয়ে ভিভা ক্রিয়েশন্স থেকেই ভারতীয় উপমহাদেশের অভিজাত সব পোশাক কিনতে পারবেন দেশের মানুষ। সাশ্রয়ী মূল্যে একই ছাদের নিচে ভারতীয় উপমহাদেশের ৩০০ ডিজাইনারের কালেকশন ক্রেতাদের হাতের নাগালে এনেছে ভিভা ক্রিয়শন্স। আগামী দিনে আমাদের কালেকশন আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

    ভারতীয় উপমহাদেশের অত্যাধুনিক ও ঐতিহ্যবাহী বিয়ের সব কালেকশন নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে অভিজাত শপিংমল ভিভা ক্রিয়েশন্স। নিখুঁত সেলাই এবং যথাযথ ফিটিংয়ে মানসম্মত, রুচিশীল পোশাক নিয়ে এরই মধ্যে প্রতিষ্ঠানটি জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি স্বতন্ত্র অবস্থান নিশ্চিত করেছে।  ভিভা ক্রিয়শন্স রুচি, আভিজাত্য এবং সর্বোচ্চ কোয়ালিটির পোশাক সরবরাহকারী অভিজাত ফ্যাশন হাউজ হিসেবে পরিচিত।

  • আইপিএলে মোস্তাফিজের বাজিমাতে চেন্নাইয়ের বিজয়

    আইপিএলে মোস্তাফিজের বাজিমাতে চেন্নাইয়ের বিজয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ মার্চ, ২০২৪: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য পেসার মোস্তাফিজ সাধারণত দেশের টেস্ট দলে সুযোগ পাননা। বাংলাদেশের সঙ্গে যখন দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হচ্ছে তখন মোস্তাফিজ ডাক পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস-এ। আর  উদ্বোধনী খেলাতেই বাজিমাত করেছেন মোস্তাফিজ।

    শুক্রবার রাতে অনুষ্ঠিত আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইক ৬ উইকেটে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন চেন্নাইয়ের মোস্তাফিজ।

    চেন্নাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ব্যাঙ্গালুরু। ৪ ওভারে ৩৭ রান তুলে ব্যাঙ্গালুরুকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার কোহলি ও অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস।

    এ অবস্থায় ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মত মোস্তাফিজকে বোলিংয়ে আনে চেন্নাই। নিজের প্রথম বলটি দেন ওয়াইড, পরের বলে চার মারেন ডু-প্লেসি। কিন্তু মুস্তাফিজের তৃতীয় বল ছয় মারতে গিয়ে আউট হয়ে যান এই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। নিজের প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়ে জোড়া উইকেট তুলে নেন মোস্তাফিজ। ওভারের তৃতীয় বলে ডু-প্লেসিসকে ও শেষ বলে রজত পাতিদারকে বিদার করেন ফিজ। ডু-প্লেসিস ২৩ বলে ৩৫ ও পাতিদার খালি হাতে বিদায় নেন।

    ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে আবারও জোড়া উইকেট শিকার করেন মোস্তাফিজ। ২০ বলে ২১ রান করা কোহলিকে এবং ২২ বলে ১৮ রান করা অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে বোল্ড করেন ফিজ। এই ওভারে মাত্র ৩ রান দেন তিনি। ২ ওভার বল করে ৭ রানে ৪ উইকেটে পকেটে ভরেন ফিজ।

    ২১ রানের ইনিংস খেলার পথে বিশে^র ষষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১২ হাজার রান পূর্ণ করেন কোহলি।

    মোস্তাফিজের তোপে ৭৮ রানে ৫ উইকেট হারায় ব্যাঙ্গালুরু। তবে ষষ্ঠ উইকেটে ৫০ বলে ৯৫ রান যোগ করে ব্যাঙ্গালুরুকে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ এনে দেন অনুজ রাওয়াত ও দিনেশ কার্তিক। ৪টি চার ও ৩টি ছক্কায় রাওয়াত ২৫ বলে ৪৮ এবং ৩টি চার ও ২টি ছক্কায় কার্তিক ২৬ বলে অপরাজিত ৩৮ রান করেন।

    নিজের শেষ দুই ওভারে যথাক্রমে- ৭ এবং ১৬ রান নেন মুস্তাফিজ। ম্যাচে ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নেন ফিজ। আইপিএলে এটিই সেরা বোলিং ফিগার মোস্তাফিজের। আগেরটি ছিলো ২০১৬ সালে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট শিকার করেছিলেন ফিজ। এছাড়া চেন্নাইয়ে হয়ে অভিষেকে যৌথভাবে সেরা বোলিং ফিগারের নজিরও গড়েন বাংলাদেশের কাটার মাস্টার।

    ১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ৮ বল বাকী রেখেই জয় তুলে নেয় চেন্নাই। দলের পক্ষে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ১৫ বলে ৩৭, শিবম দুবে ২৮ বলে অপরাজিত ৩৪, আজিঙ্কা রাহানে ১৯ বলে ২৭ এবং রবীন্দ্র জাদেজা ১৭ বলে অনবদ্য ২৫ রান করেন।

    দুর্দান্ত পারফরম্যান্স ছাড়াও ম্যাচে অনন্য এক নজির গড়েছেন এই বাংলাদেশি ক্রিকেট তারকা। জার্সিতে অ্যালকোহল কোম্পানির লোগো ছাড়াই মাঠে নামেন তিনি। ম্যাচে চেন্নাইয়ের একাদশে থাকা অন্যান্য ক্রিকেটারদের জার্সির হাতায় সেই মদ ব্র্যান্ডের লোগো থাকলেও সেটি দেখা যায়নি কাটার মাস্টারের জার্সিতে। যা নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এই মুসলিম ক্রিকেটার।

  • ব্রাক্ষ্মণবাড়িয়ার চম্পা বেগম পেলেন গুণী পুতুলনাট্য শিল্পী সম্মাননা

    ব্রাক্ষ্মণবাড়িয়ার চম্পা বেগম পেলেন গুণী পুতুলনাট্য শিল্পী সম্মাননা

    www.HelloBangla.News – বিনোদন – ২৩ মার্চ, ২০২৪: সংস্কৃতির শক্তিশালী মাধ্যমগুলোর মধ্যে অন্যতম আঙ্গিক হলো পুতুলনাট্য। লোক শিক্ষার অন্যতম বাহন এটি; যুগে যুগে যা তাঁর উপস্থাপনা ও প্রয়োগ শৈলীর মাধ্যমে বিষয়বস্তু, সময় এবং পরিস্থিতিকে ব্যাখ্যা করে মানুষের আত্নিক উন্নয়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সামষ্টিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণীত করতে বিষয়ভিত্তিক পুতুলনাট্য প্রদর্শনী অত্যন্ত কার্যকরী কৌশল।

    গত ২১ মার্চ বিশ্ব পুতুলনাট্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সন্ধ্যা ৭. ৩০ মিনিটে স্টুডিও থিয়েটার হলে আলোচনা ও পুতুলনাট্যপ্রদর্নীর আয়োজন করা হয়। ঢাকা পাপেট থিয়েটার এর পরিবেশনায় দুষ্টু ‘রাখাল’ পুতুলনাট্যপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এর আগে পুতুলনাট্যের উপর আলোচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গোলাম সারোয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। পুতুলনাট্যের প্রসারে এবং সংস্কৃতির মাধ্যম হিসেবে একে ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নানামুখী ভুমিকা তুলে ধরেন তিনি।

    বিশ্ব পুতুলনাট্য দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে ব্রাক্ষ্মণবাড়িয়ার ‘ঝুমুর বীণা পুতুলনাচ’ এর সত্ত্বাধিকারী চম্পা বেগমকে। পুতুলনাট্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ এ সম্মাননা প্রদান করা হয়। ব্রাক্ষ্মণবাড়িয়ার প্রত্যন্ত এলাকায় শিশু কিশোরদের বয়োসন্ধি:কালীন বিভিন্ন সমস্যা সমাধানে সচেতনতার বার্তা প্রদানসহ পুতুলনাট্য প্রদর্শনীর মাধ্যমে নানামুখী বার্তা ছড়িয়ে দিতে ভুমিকা রেখেছে  ‘ঝুমুর বীণা পুতুলনাচ’।

  • রেসিপি : চিকেন নাগেট

    রেসিপি : চিকেন নাগেট

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৩ মার্চ, ২০২৪: রমজানে বাসায় তৈরি করা চিকেন নাগেট হতে পারে একটি উপদেও ইফতারি।আজ দেওয়া হলো চিকেন নাগেটের তৈরির নিয়ম।

    Recipe Shamima Islam Munni
    Recipe Shamima Islam Munni

    উপকরণ:

    মুরগির মাংসের কিমা-১ কাপ, পেঁয়াজ কুচি–১ টেবিল চামচ, ডিম-১টি, দুধ-১/২ কাপ, মরিচ গুঁড়া-১/২ চা চামচ, পাউরুটির স্লাইস-৪ টুকরো, ব্রেডক্রাম্ব-১কাপ, পানি-১/২ কাপ, রসুন বাটা-১ চা চামচ, লবণ-১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ, তেল-ভাজার জন্য।

     

    প্রণালী:

    মুরগির মাংসের কিমা, পাউরুটি স্লাইস, রসুন, গোল মরিচ গুঁড়া, লবণ, পেঁয়াজ একসাথে নিয়ে মিক্স করে নিন।এই মিশ্রণটি একটি বাটিতে নিন এবং ১ টেবিল চামচ করে মিশ্রণ নিয়ে নাগেটের আকৃতি দিন। আরেকটি পাত্রে ডিম ফেটিয়ে নিন এবং দুধ, সামান্য লবণ ও মরিচের গুঁড়া মেশান। এবার অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিন। এবার পছন্দমতো নাগেট তৈরি করে ডিম এবং ব্রেডক্রাম্ব মেখে নিন।ডুবু তেলে বাদামি কালার করে ভেজে নিন।পছন্দের সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন নাগেট।

     

    রেসিপি দিয়েছেন: শামিমা ইসলাম মুন্নী

  • বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ মার্চ, ২০২৪: বিএনপি বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “কতটা দেউলিয়া, উগ্র মানসিকতা সম্পন্ন, কতটা রাজনৈতিক, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের কথা বলতে পারে একটা দল। বয়কটের নামে তারা (বিএনপি) আমাদের বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে।”

    আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপির এক নেতা ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন করা পাগলামি। আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চায়, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেয়। আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরা দিশেহারা হয়ে গেছে।”

    ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধু হত্যার পর একুশ বছর ভারতের সাথে বৈরী সম্পর্ক আমাদের ক্ষতি করেছে বেশি। সম্পর্ক ভালো থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। তিস্তা, ফেনী নদীসহ যেগুলো এখনও সমাধান হয়নি…কিন্তু সম্পর্ক ভালো থাকায় ইতিবাচক অগ্রগতি আছে। সম্পর্ক ভালো থাকলে সমাধান সম্ভব।”

    বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, “একজন নেতা নিজের চাদর ছুড়ে ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন তুলে ধরেছে। এটা কতটা অবাস্তব? এটা কী করে সম্ভব? আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের একটা বড় অংশ ভারত থেকে আসে। এর সুবিধাও আছে। এতে পরিবহন খরচ অনেক কম হয়।”

    ২৫ মার্চ গণহত্যা দিবসে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবো, মহানগর উত্তর, দক্ষিণ আয়োজন করবে। আমাদের একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দাবি আরও জোরদার করবো। সে জন্য প্রোগ্রামটি বাইরে করবো।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

  • সেই অপশক্তি দেশকে পেছনে নিয়ে যেতে ষড়যন্ত্র করছে: পররাষ্ট্রমন্ত্রী

    সেই অপশক্তি দেশকে পেছনে নিয়ে যেতে ষড়যন্ত্র করছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ মার্চ, ২০২৪: সেই অপশক্তি দেশকে পেছনে নিয়ে যেতে ষড়যন্ত্র করছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের। তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে ৯.৫ শতাংশ প্রবৃদ্ধির বেগে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন যে অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার পটভূমি তৈরি করেছিল, হত্যায় জড়িত ছিল, শুধু বঙ্গবন্ধু নয় স্বাধীনতারও বিরোধিতা করেছিল, সেই অপশক্তির ধারাবাহিক অপশক্তি এখন দেশের উন্নয়ন অগ্রগতি ভেস্তে দিতে, দেশকে পেছেনে নিয়ে যেতে ষড়যন্ত্রে লিপ্ত। তারা প্রকাশ্যেই দেশকে পেছনে নেওয়ার জন্য ”টেক ব্যাক বাংলাদেশ” শ্লোগান দেয়।”

    আজ শুক্রবার (২২ মার্চ) রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চলমান রাজনীতি প্রসংগে তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ একটি রাজনৈতিক অপশক্তি বারবার দেশে গণতন্ত্র নস্যাৎ করতে চেয়েছে, সেই চক্রান্তেই বিএনপি গত নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে দিবাস্বপ্নের চূড়া থেকে ধপাস করে পড়ে গিয়ে এখন হাঁটছে, লিফলেট দিচ্ছে।”

    মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা হাঁটেন, দৌড়ান কিন্তু আবার যদি মানুষ পোড়ানোর অপচেষ্টা করেন, জনগণ উচিত শিক্ষা দেবে।”

    কিছু ব্যক্তিবিশেষও এই অপশক্তির সাথে যুক্ত হয়েছে যারা বিশ্বের সামনে দেশকে দরিদ্র বলে অপপ্রচার চালিয়ে নিজে নানা পুরস্কার নেয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “ড. ইউনূসের প্রতি সম্মান রেখেই বলতে চাই, দেশের মানুষের দু:খ-দুর্দশা নিয়ে তার কোনো চিন্তা নাই। দেশে যখন বন্যা হয় তখন তাকে পাওয়া যায় না, দেশে যখন মানুষ পোড়ানো হয় তখন তার কোনো বক্তব্য পাওয়া যায় না, দেশে যখন দুর্যোগ হয় তখন ড. ইউনূসকে বিদেশে পুরস্কার নিতে ব্যস্ত থাকতে দেখা যায়।”

    সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এবং আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। প্রতিমন্ত্রী নাহিদ খান তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধুর পরম আত্মত্যাগী জীবনের ওপর সংক্ষেপে আলোকপাত করেন।

    ঢাকার সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান ও  সম্পাদক শাহাদাত হোসেন টয়েলের পরিচালনায় স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ইসলামী চিন্তাবিদ শাইখ আকরামুজ্জামান মাদানী, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ সভায় বক্তব্য দেন।

    আলোচনা শেষে বঙ্গবন্ধু ও সকল শহীদের আত্মার শান্তি এবং দেশ ও মানুষের কল্যাণ প্রার্থনা করে মুনাজাত পরিচালিত হয়।