Category: লিড নিউজ

  • ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জয়

    ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জয়

    www.HelloBangla.News – খেলাধুলা  – ৭ এপ্রিল, ২০২৪: ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ খেলায় ক্রিস্টাল প্যালেসকে ৪-২ গোলে হারিয়েছে ম্যনচেস্টার সিটি। এই জয়ের ফলে শিরোপা লড়াই বেশ ভালোভাবেই জমে ওঠেছে।

    আগের দুই ম্যাচে ড্র করে চার পয়েন্ট হারিয়েছে সিটি। তার ওপর আজ শুরুতেই প্যালেসের মাঠে গোল হজম করে বসে তারা। কিন্তু তৃতীয় মিনিটের সেই গোল ১০ মিনিটের ব্যবধানে শোধ দেন কেভিন ডি ব্রুইনা। প্রথমার্ধের খেলা ১-১ গোলে ড্র থাকে।

    দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দাপট দেখাতে শুরু করে সিটি। ৪৭তম মিনিটে তাদের এগিয়ে দেন রিকো লুইস। ৬৬তম মিনিটে কাছাকাছি দূরত্বে থেকে লিগে নিজের ১৯তম গোলটি করেন আরলিং হালান্ড। চার মিনিট পর দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ডি ব্রুইনা। সিটির হয়ে এটি তার শততম গোল। ৮৬ মিনিটে প্যালেস একটি গোল করলেও তা শুধু ব্যবধানই কমায়।

    এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে এসেছে সিটি। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সিটির চেয়ে গোলগড়ে এগিয়ে আছে তারা। ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল।

    এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ বেশ জমে উঠেছে।

  • ইসরায়েলে চলছে সরকারবিরোধী বিক্ষোভ

    ইসরায়েলে চলছে সরকারবিরোধী বিক্ষোভ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক  – ৭ এপ্রিল, ২০২৪: গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করে ২৫৩ জন ইসরায়েলের জনগণকে জিম্মি করে। এর মধ্যে বেশ কিছু  বিদেশি রয়েছে। হামাসের আক্রমণে প্রাণ হারায় অনেক ইসরায়েলি সেনা। এর পর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে আসছে। ৫ মাস ধরে চলা এই হামলায় গাজায় সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষ। বিশ্বের প্রতিটি দেশ যুদ্ধবন্দের আবেদন জানিয়েছে। এখেন দেশটিতেই সরকারবিরোধী আন্দোলন করছে জনগণ।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিম্মি এলাদ কাতজিরের মরদেহ উদ্ধার করার পর আবারও তেল আবিবসহ ইসরায়েলের অন্যান্য শহর জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।

    জিম্মি-মুক্তি-চুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে প্রায় লাখ খানেক মানুষ তেল আবিবের সবাবেশে সমাবেত হয়েছেন।  তারা স্লোগান দিচ্ছেন ‘এখনই নির্বাচন’ এবং ‘এলাদ, আমরা দুঃখিত’।

    গতকাল (৬ এপ্রিল) গাজা থেকে এলাদের মরদেহ উদ্ধার করে আইডিএফ। গত ৭ অক্টোবর নির ওজ নামের একটি এলাকা থেকে তাকেসহ আরও কয়েক জনকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল হামাস। গত জানুয়ারিতেও হামাস প্রকাশিত এক ভিডিওতে এলাদকে জীবিত দেখা গিয়েছিল।

    বিক্ষোভকারীরা গাজায় হামাসের হাতে থাকা প্রায় ১৩০ জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জিম্মিদের পরিবারের সদস্যরাও এই সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

    এলাদের বোন কারমিট পালটি কাতজির সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তার ভাইয়ের মৃত্যুর জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করে বলেছেন, তারা একটি নতুন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলে এলাদ জীবিত ফিরে আসতেন। আমাদের নেতৃত্ব কাপুরুষ এবং রাজনীতি দ্বারা চালিত যে কারণে এই চুক্তিটি এখনো হয়নি। খবর বিবিসি

    বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রায় ৫০টি জায়গায় সমাবেশ করেছে। এর মধ্যে তেল আবিবের বিক্ষোভের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়েছিল। এতে পাঁচজন আহত হন।

  • ঈদের রান্না: ঘি চপ

    ঈদের রান্না: ঘি চপ

    www.HelloBangla.News – লাইফস্টাইল  – ৭ এপ্রিল, ২০২৪: ঈদ এসেই গেলো। আর এই ঈদে আপনার ঘরে ডাইনিং এ থাকতে হবে মজার মছার রেসিপি। তাই এবারের ঈদে আপনাদের জন্য  থাকছে মজার ঘি চপ। চলুন কিভাবে ঘি চপ বানানো যায় সেটাই দেখি।

    Recipe - Shanta Islam (2)
    Recipe – Shanta Islam (2)

    উপকরণ:

    চিকেন কিমা-২ কাপ,  সিদ্ধ আলু-৩ কাপ, বিস্কুটের গুঁড়া-৩ কাপ, কাঁচা মরিচ কুচি-২ টেবিল চামচ, ধনেপাতা কুচি -১/২ কাপ , পেঁয়াজ কুচি-১ কাপ, ভাজা জিরা গুড়া-১/২ চা,চামচ, পেঁয়াজ বেরেস্তা-১/২ কাপ, লবণ-পরিমাণ মতো, কালো গোলমরিচ গুঁড়া-১/২ চা চামচ, ঘি-১/২ কাপ, ডিম-৩ টি, লিকুইড দুধ-     ১/৩ কাপ, ময়দা-২ টেবিল চামচ, ঘি-১১/২ চা চামচ।

     

    প্রস্তুত প্রণালী :

    প্রথমে একটি ফ্রাই প্যানে ঘি , লবণ চিকেন কিমা দিয়ে রান্না করতে হবে। যখন একটু কালার চলে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিতে হবে। এবার আরেকটি প্যানে ঘি আর ময়দা দিয়ে ভালো করে ভেজে নেব। ময়দার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে নেড়ে, এর মধ্যে চিকেন কিমা আর একদমই অল্প পানি দিয়ে রান্না করবো, পানি শুকিয়ে এলে নামিয়ে নেব। এবার একটি বোলে মেশ করা সিদ্ধ আলু, ঘি, জিরা গুড়া, গোল মরিচ গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো লবণ দিয়ে , ভালো করে মাখিয়ে, চপের মত শেপ দিয়ে এর ভিতরে চিকেনের পুর ভরে চপ বানিয়ে নিতে হবে। এরপর বিস্কুটের গুঁড়ার সাথে কোট করে, ফেটানো ডিমে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ায় কোট করে, ডুবো তেলে ভেজে পরিবেশন করুন গরম গরম মজাদার  “ঘি চপ”। এই মজার চপ টি আপনি ঈদে পোলাও বা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন।

    রেসিপি দিয়েছেন: শান্তা ইসলাম

  • জেন্টল পার্কের ঈদের পোশাক

    জেন্টল পার্কের ঈদের পোশাক

    www.HelloBangla.News – লাইফস্টাইল  – ৭ এপ্রিল, ২০২৪: ঈদে চলতি ধারার পাশাপাশি অনেকে ঐতিহ্য ও আধুনিকতা একসঙ্গে ধারণ করতে চান। পোশাকের কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ে তাই গুরুত্ব থাকে ক্রেতা চাহিদার। এই প্রেক্ষিতে এবারের ঈদে জেন্টল পার্কের পোশাকের মূল বিষয় ফেস্টিভ মুডে আভিজাত্য। সময়টা ঝাঁঝালো গরম হওয়ায় তাই কাপড় ও রংয়ে পেয়েছে বিশেষ গুরুত্ব।  রুচিশীল ও ট্রেন্ডি পোশাক, প্যাটার্নে আনা হয়েছে ভিন্নতা, থাকছে দেশি ঘরানার ফিউশনও। মোটিফের সঙ্গে মিলিয়ে নানা রঙের ফেব্রিক ও স্টাইলিংয়ের সমন্বয় সমৃদ্ধ করেছে জেন্টল পার্কের এবারের ঈদ আয়োজন। মুসলিম নারীদের পোশাকের সংযমী ক্সবশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে আরাম, সহজে পরিধানযোগ্য ও অভিজাত মডেস্ট পোশাক সংগ্রহও থাকছে জেন্টল পার্কে।

    অন্যদিকে, সকালে নামাজ থেকে শুরু করে সারা দিনের ঘোরাঘুরি-আড্ডা এবং রাতে ঈদের পার্টিতে অংশ নেবার পাঞ্জাবিতেও থাকছে কাট ক্সবচিত্র্য এবং ভ্যালু এডিশন। উৎসবের পোশাকসংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্কের চেয়ারম্যান ও চিফ ডিজাইনার শাহাদাৎ চৌধুরী বাবু জানান, “শুধু পোশাকের ম্যাটেরিয়াল নয়, পোশাকের নকশা ও কাটিং সবকিছুতেই থাকছে উপমহাদেশীয় ফিউশন ও দেশীয় আবহের নিরীক্ষাধর্মী উপস্থাপনা। ঈদে থাকছে বিভিন্ন ডিজাইনের নিট, ওভেন ও  ফ্যাশন এক্সেসরিজ পণ্য। গরমের কারণে রঙ ও উৎসব ভিত্তিক পোশাকে দেয়া হয়েছে বিশেষ যত্ন। এসব রেডি টু ওয়ার আপনাকে দিবে সামারে সাতন্ত্র্য লুক। পাশাপাশি জেন্টল পার্কের ফরমাল বা ক্যাজুয়াল রেডি টু ওয়ারগুলো ঈদ বাদেও পরা যাবে বছরজুড়েই।”

    উল্লেখ্য, ঈদ উৎসবে দেশীয় পোশাক কেনাকাটাতে আগ্রহ বাড়াতে জেন্টল পার্কের দেশজুড়ে থাকা ৫২টি স্টোরে থাকছে বিভিন্ন ব্যাংক কার্ডে ক্যাশবাকসহ অনলাইন কেনাকাটাতে মূল্যছাড় সুবিধাও। এ ছাড়া পাশ্চাত্য ঘরনার পোশাকের ক্ষেত্রে ছেলেদের পোলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, জিনসসহ স্টাইলিশ সব পোশাকও রয়েছে। মেয়েদের পোশাকেও ওয়েস্টার্ন প্যাটার্নের টপস, টিউনিক, কামিজ, কর্ডস, লেয়ারিং জামা, বটম কালেকশন দিয়ে নিজেদের ঈদ ও গরমের সংগ্রহ সাজিয়েছে ব্র্যান্ডটি। ফ্যাশনিস্তাদের ঈদের সকল পোশাক বা পণ্যের হালনাগাদ তথ্য মিলবে জেন্টল পার্কের ভেরিফাইড ফেসবুক পেইজ ও ওয়েব সাইটে। সারাদেশের স্টোরের পাশাপাশি ঈদ

    পণ্য অর্ডার করা যাবে ১০% মূল্যছাড়ে অনলাইনে। ঠিকানা : www.gentlepark.com

     

    ডিজাইন ও প্রডাক্ট লাইন, পণ্য বিপণন, ঈদ অফার নিয়ে বিস্তারিত জানতে হোয়াটস আপে যোগাযোগ : ০১৯১১৬২৮০৯৯

  • বাংলাদেশ থেকে দেখা যাবেনা আগামীকালের সূর্যগ্রহণ

    বাংলাদেশ থেকে দেখা যাবেনা আগামীকালের সূর্যগ্রহণ

    www.HelloBangla.News – প্রযুক্তি  – ৭ এপ্রিল, ২০২৪: পূর্ণগগ্রাস সূর্যগ্রহণ ঘটবে আগামী সোমবার ০৮ এপ্রিল। তবে এই  সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    তবে এটি দেখা যাবে পলিনেশিয়া, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং উত্তর আটলান্টিক মহাসাগরের ম্যাকারোনেশিয়া অঞ্চল।

    সোমবার গ্রহণটি ফ্রান্স পলিনেশিয়ার তুয়ামোতু দ্বীপপুঞ্জের উত্তরপূর্ব অংশ হতে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ৯ মিনিট ৫০ সেকেন্ডে শুরু হবে।

    কুক আইল্যান্ডের ওমোকা সৈকত হতে উত্তরপশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৬ টা ৮ মিনিট ৫১ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে।

    মেক্সিকোর নাজাস পৌরসভার উত্তর-পশ্চিমাংশে সর্বোচ্চ গ্রহণ হবে বেলা ১১টা ৩৮ মিনিট ৪৩ সেকেন্ডে।

    আয়ারল্যান্ডের ক্যাসলটাউন হতে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিট ২০ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে।

    পর্তুগিজের সান্তা ক্রুজ দ্বীপ হতে উত্তরপূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ২৭ মিনিট ৫৮ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

  • পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

    www.HelloBangla.News – জাতীয় – ৬ এপ্রিল, ২০২৪: লাইলাতুল কদর এক অতিশয় সম্মানিত ও মহিমান্বিত পবিত্র রজনি, বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র এই রজনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করেছেন তিনি।

    আজ শনিবার (৬ এপ্রিল) পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানান।

    বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “লাইলাতুল কদর এক অতিশয় সম্মানিত ও মহিমান্বিত পবিত্র রজনি। সিয়াম সাধনার মাসের এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাযিল করেন। মহান আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আমি তা (কুরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রুহ [জিবরাইল (আঃ)] অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময় সে রাত বিরাজ করে ফজরের আবির্ভাব পর্যন্ত।’ (সূরা আল-কদর, আয়াত ১-৫)”

    শেখ হাসিনা বলেন, “কদরের রজনির অপার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আদ-দুখানে বলেছেন নিশ্চয়ই আমি তা (কুরআন) এক মুবারকময় রজনিতে অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা হয় ৷”

    মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রজনিকে অনন্য মর্যাদা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রজনিতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফিরাত।”

    প্রধানমন্ত্রী বলেন, “পবিত্র লাইলাতুল কদরের রজনিতে দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন।”

  • পাহাড়ে হামলার ঘটনার তদন্ত চলছে: সেতুমন্ত্রী

    পাহাড়ে হামলার ঘটনার তদন্ত চলছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  – ৬ এপ্রিল, ২০২৪: পাহাড়ে হামলার ঘটনার তদন্ত চলছে, বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “পাহাড়ে হামলার ঘটনায় তদন্ত চলছে, সব বেরিয়ে আসবে। এরা ক্ষুদ্র জঙ্গিগোষ্ঠী, মনে করি না অন্য কোথাও থেকে মদত পাচ্ছে। মিজুরাম থেকে মদত পাচ্ছে বলেও মনে করি না।”

    আজ শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক) এর আওতায় নির্মিত ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    সেতুন্ত্রী বলেন, “পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীটি রাঙ্গামাটি, খাগড়াছড়িতে নেই। শুধু আছে বান্দরবানে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু তরুণ অস্ত্রশস্ত্রসহ মহড়া দিচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে।”

    এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই সশস্ত্র তৎপরতার ঘটনায় গোটা পার্বত্য অশান্ত হবে, এটা মনে করার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

  • আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

    আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  – ৬ এপ্রিল, ২০২৪: আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “আমরা এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব। আমরা কোনো ক্রমেই আইন-শৃঙ্খলা ভঙ্গ করতে আর দেবো না। এই শান্তি প্রিয় এলাকায়, যেখানে শান্তির সুবাতাস সব সময় বইতো, এখানে অশান্তি হোক এটা আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ, কারা করেছে, কাদের সহযোগিতা ছিল সবগুলো বের করব এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

    আজ শনিবার ( ৬ এপ্রিল) রুমায় ব্যাংক পরিদর্শনকালে রুমা উপজেলা কমপ্লেক্সে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রুমা এমন একটি জায়গায়, যে জায়গায় কোনো দিন এ ধরনের একটা অশান্ত পরিবেশ হবে আমরা চিন্তা করিনি। আমরা সব সময় দেখেছি, শান্তি প্রিয় মানুষগুলো এই এলাকায় থাকেন। হঠাৎ করে এই ঘটনা কেন ঘটল, এটাই আজকে আমাদের কাছে প্রশ্ন।”

    তিনি বলেন, “ডাকাতির মূল উদ্দেশ্য ছিল বোধ হয় অর্থ সংগ্রহ করা, এখন পর্যন্ত আমরা যা মনে করছি। আমরা সব কিছুই দেখব। অস্ত্র সহকারে এবং পোশাক সহকারে এখানে ঢুকবে; আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে এটাও কাম্য নয়। যা করার নিরাপত্তা বাহিনী এখন সেটা করবে।”

    অভিযান শুরু প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনী রয়েছে, তারা তাদের মতো করে করবেন। কোনো কিছুকেই আমরা আনচ্যালেঞ্জড যেতে দেবো না। উৎস কোথায়, কীভাবে হলো সবগুলো আমরা বের করব।”

    এর আগে সকালে হেলিকপ্টারে রুমা পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন করেন সেখানকার সোনালী ব্যাংক শাখা। এছাড়া পাশের একটি মসজিদ কমপ্লেক্সসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন।

    গত মঙ্গলবার রাতে একদল বন্দুকধারী রুমা সোনালী ব্যাংক শাখায় তাণ্ডব চালায়। অপহরণ করে ব্যাংকের ম্যানেজারকে। পরদিন থানচি বাজার ঘেরাও করে সোনালি ও কৃষি ব্যাংকেও হামলা চালিয়ে নগদ অর্থ লুট করে। স্থানীয়রা জানায়, হামলাকারীরা সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী কেএনএফের পোশাক পরিহিত ছিল।

    স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বীর বাহাদুর উশৈসিং এমপি, বিজিবি প্রধান মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

    সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  – ৬ এপ্রিল, ২০২৪: সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনে বলেন, “হামলাকারীদের সঙ্গে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ রয়েছে। পার্শ্ববর্তী দেশে যারা ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে। তাদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।”

    আজ শনিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুর লেন ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “হরর সিনেমায় দেখা যায়, দৈত্য মানুষ পোড়ায়, আবার সেই পোড়া মানুষের মাংস খায়। বিএনপি যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, মানুষের ওপর হামলা পরিচালনা করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা তো দৈত্য। হরর মুভিতে দেখা এসব বিএনপির বেলায়ও প্রযোজ্য। হরর মুভির মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল।”

    তিনি বলেন, “বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট, আর কাউকে লাগবে না। যতদিন তারেক জিয়া তাদের নেতা থাকবে বিএনপির ততদিন কোনো সম্ভাবনা নাই। প্রকৃতপক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল। কিন্তু তাদের এই ডাকে দেশের কেউ সাড়া দেয়নি, এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। অনেক পণ্যের দামও কমেছে।

    ড. হাছান মাহমুদ বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী এবং মজুদদার চেষ্টা করেছিল বাজার অস্থিতিশীল করার এবং সেটির সঙ্গে যুক্ত হয়েছিল বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক। ঈদকে সামনে রেখেও সবসময় বাংলাদেশে অসাধু সিন্ডিকেট চক্র সক্রিয় হয়। সেটিকেও কঠোরহস্তে দমন করার জন্য আমরা বদ্ধপরিকর।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি গণমাধ্যমকে অনুরোধ জানাব, রমজানের সময় যে বাজার মোটামুটিভাবে স্থিতিশীল আছে এবং কিছু কিছু পণ্যের দামও যে কমেছে, সেটিও প্রচার করা দরকার। কোনো পণ্যের দাম বাড়লে গণমাধ্যমে সেটি যেমন প্রচারিত হয়, পণ্যের দাম কমলে সেটিও প্রচার করা দরকার।সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী।

  • বিশ্বের বিভিন্ন দেশে কলেরা ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

    বিশ্বের বিভিন্ন দেশে কলেরা ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ এপ্রিল, ২০২৪: পানিবাহিত প্রাণঘাতী কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। জাতিসংঘের স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই কারণে উদ্বেগ প্রকাশ করেছে। প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ঠেকাতে বড় আকারের টেস্ট কর্মসূচি ঘোষণা করেছে বৈশ্বিক এই সংস্থাটি।

    শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গত দু’তিন বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলেরার অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক প্রাদুর্ভাব লক্ষ্য করছি। এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কলেরার বৈশ্বিক টেস্ট কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো কলেরা নির্ভুলভাবে শনাক্ত করা এবং নিয়মিত নজরদারি এবং কলেরা টেস্ট বিষয়ক সক্ষমতা বাড়ানো।

    আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে কলেরা টেস্টের সরঞ্জাম পৌঁছে যাবে। প্রাথমিকভাবে মালাউই, ইথিওপিয়া, সোমালিয়া, সিরিয়া, জাম্বিয়াসহ মোট ১৪টি দেশে সরঞ্জাম পাঠানো হবে।

    এই কর্মসূচিতে ডব্লিউএইচও’র অংশীদার হিসেবে রয়েছে আন্তর্জাতিক টিকা সহায়তা সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি), জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং কলেরা প্রতিরোধ সংক্রান্ত বৈশ্বিক সংস্থা গ্লোবাল টাস্কফোর্স অন কলেরা কন্ট্রোল।