Category: লিড নিউজ

  • আগামী ১২ মে প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার ফলাফল

    আগামী ১২ মে প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার ফলাফল

    www.HelloBangla.News – জাতীয় – ৩ মে, ২০২৪: আগামী ১২ মে প্রকাশিত হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল । এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সঙ্গে থাকবেন ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

    বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা চিঠিতে সই করেছেন।

    এদিকে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রীর সম্মতির চিঠি পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

    প্রথমদিনে বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। এরপর ১৩-২০ মার্চের মধ্যে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা।

  • এই গরমে স্বস্তি দিতে পারে শাহনাজের তৈরি গয়না

    এই গরমে স্বস্তি দিতে পারে শাহনাজের তৈরি গয়না

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩ মে, ২০২৪: এখন চলছে তীব্র গরম। কিন্তু তাই বলে অনুষ্ঠানের আয়োজনের কমতি নেই। আর একটা অনুষ্ঠানে গেলে আকর্ষণীয় পোশাকের পাশাপাশি চাই ফ্যাশনেবল গয়না। যা গরমে পরতে আরামদায়ক আবার দেখতেও চমৎকার। সোনা, রুপা বা ইমিটেশনের গয়নার বিকল্প গয়না হিসেবে  গামছা, পাট, মাটি, কাঠ, কড়ি ও উল দিয়ে আকর্ষণীয় গয়না তৈরি করেছে শাহনাজ’স কালেকশনের স্বত্বাধিকারী শাহনাজ পারভীন। ইতিমধ্যে শাহনাজ এইসব মাধ্যমে গয়না তৈরি করে বেশ সুনাম কুড়িয়েছে।বিশেষ করে গামছার তৈরি গয়না নারী মহলে সাড়া ফেলেছে। পাল্টে দিয়েছেন তরুণী এবং মধ্যবয়সী নারীদের গয়না পরার ধারণা। আজ তিনি হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা।দেশ থেকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে শাহনাজ’স কালেকশন ব্যতিক্রমি সব সৃষ্টির মহিমা। কিভাবে তিনি একজন সাধারণ নারী থেকে সফল হয়ে উঠলেন সেটা গল্প শুনিয়েছেন শাহনাজ পারভীন নিজেই।

    তিনি জানান, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতে খুব ভালোবাসতাম । কখন যেনো এই স্বপ্নগুলো আমার ভিতরের প্রতিভাগুলোকে টেনে বের করে নিয়ে আসে ।‌ কেমন যেনো একটা আত্ম তৃপ্তি অনুভব করলাম । মনে হল যেনো এই স্বপ্নগুলোই আমার মনের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা গুলোকে জাগ্রত করে তুলছে । নিজের মনকে প্রশ্ন করলাম আসলে কোন কাজটা করলে আমি সত্যিই খুব ভালো থাকবো ? কোন কাজটা আমাকে সত্যিই খুব আনন্দ দেয় ? নিজেকে ভালো রাখার একটা জায়গা তৈরি হয় । আমরা নিজেকে যদি ভালবাসতে না পারি, ভালো রাখতে না পারি, তাহলে অন্যকে কিভাবে আমি ভালো রাখবো ? বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক রকম ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হয়েছি কিন্তু কখনো হাল ছাড়িনি । কারন আমার নিজের প্রতি আত্মবিশ্বাসটা ছিল সব সময় ই একটু বেশি । আর নিজের কাজের প্রতি এই আত্মবিশ্বাস টা ছিল বলেই আজ আমি নিজের একটা অবস্থান তৈরি করে নিতে পেরেছি ।

    ছোটবেলা থেকেই বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফট এর কাজ করতে আমি খুব পছন্দ করতাম । ক্রিয়েটিভ জিনিসগুলো আমাকে খুব অনুপ্রাণীত করে । খুব সাধারণ জিনিসের ভেতর থেকে অসাধারণ কিছু তৈরি করতে ই আমি খুব পছন্দ করি । পড়াশুনার পাশাপাশি অবসর সময়ে বিভিন্ন রকম পোটারির কাজ , এমব্রয়ডারি কাজ , ব্লক বাটিক গয়না এরকম বিভিন্ন ধরনের কাজ নিয়েই ব্যস্ত থাকতাম ।

    আমি খেয়াল করতাম ছোট ছোট যে কাজগুলোই আমি করে থাকি সবাই খুব প্রশংসা করতো , সেখান থেকেই আমার নিজের কাজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি হয় এবং কাজের প্রতি আস্তে আস্তে আরো আগ্রহ বেড়ে গেল, বিভিন্ন মহল থেকে অনুপ্রাণিত হলাম । পরের অধীনে থেকে কাজ করার ইচ্ছাটা কখনোই আমার মনকে সারা দিত না । স্বাধীনভাবে কিছু করার ইচ্ছাটা ছিল সব সময় । ইউনিক কিছু কাজ করার বা নিজে পরিধান করার মধ্যে অন্য রকম একটা ভালো লাগা কাজ করতো সব সময় । আর সেই ভালো লাগার থেকেই শুরু হয় আমার এই পথ চলা । আর এভাবে হয়ে গেলাম একজন উদ্যোক্তা।

    কাজ করছি আমাদের দেশের ঐতিহ্যপূর্ণ এবং মানসম্মত নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে । আমি চাই আমাদের দেশের এই ঐতিহ্যপূর্ণ পণ্যগুলো সারা বিশ্বের ছড়িয়ে পড়ুক । এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে সবাই জানুক এবং ব্যবহার করুক । আমাদের দেশে এখন অনেক মানসম্মত পণ্য সামগ্রী তৈরি হচ্ছে যা বিদেশি পণ্যগুলোর থেকেও কোন অংশে কম নয় ।

    আমি কাজ করছি আমাদের দেশের ঐতিহ্য গামছা দিয়ে তৈরি ইউনিক জুয়েলারি নিয়ে। এই জুয়েলারিগুলো বিভিন্ন অনুষ্ঠানে পড়ার জন্য খুবই মানানসই । এই গামছা জুয়েলারি গুলো খুবই কালারফুল হয়, তাই যেকোনো শাড়ি কিংবা ড্রেস এর সাথে খুব সুন্দর মানিয়ে যায় ।আলহামদুলিল্লাহ আমার নিজের হাতে বানানো এই জুয়েলারি গুলো আমেরিকা এবং কানাডা সহ বেশ কয়েকবার দেশের বাইরে পৌছে গেছে ।

    খাঁটি সরিষার তেল ও নারিকেল তেল । শ্রীমঙ্গলের বেস্ট কোয়ালিটি চা পাতা ( ফ্রেশ টি ও গ্রিন টি ) , কুষ্টিয়া কুমারখালীর ঐতিহ্যপূর্ণ গামছা , রকমারি চাদর এবং আমার  হ্যান্ডিক্রাফট’স এর ইউনিক জুয়েলারি সহ বিভিন্ন রকম পণ্য সামগ্রী ।

    আসলে যেকোনো কাজ ভালোবেসে করলে সেটা অবশ্যই সুন্দর হবে । দরকার শুধু একাগ্রতা, একনিষ্ঠতা, সততা এবং দৃঢ় মনোবল । তবে  প্রদিটি নারীর উচিত পরিবারের মানুষদের নিজের কাজের গুরুত্বটা বোঝানো, কারণ একজনের পক্ষে পুরো পরিবারের। দায়িত্ব বহন করা সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার । পুরুষের পাশাপাশি নারীরাও যদি এগিয়ে আসতে পারে তাহলে পরিবার টাও আরও স্বাচ্ছন্দ্য এবং সুখের হতে পারে।

    আজ আমার পাশে আমার পুরো পরিবার এবং গুণীজনেরা এসে দাঁড়িয়েছেন । সকলের প্রতি আমি কৃতজ্ঞ । আজ তারা আমার পাশে না থাকলে আমার একার পক্ষে কখনোই সফল হওয়া সম্ভব ছিল না । ইনশাআল্লাহ এভাবেই সকলের ভালোবাসা এবং সর্বাত্মক সহযোগিতায় আমার উদ্যোগ শাহনাজ’স কালেকশনের একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।

  • পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত

    পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ মে, ২০২৪: পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২২ জন। দুর্ঘটনাটি ঘটেছে গিলগিট বালতিস্তানে।

    দেশটির স্থানিয় সময় আজ শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ৫টার দিকে প্রদেশটির ডায়মার জেলায় দিয়ামের কারাকোরাম হাইওয়ের যশোখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি চিলাস শহর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

    সামা টিভিসহ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর, বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। যশোখালে এলে ওভারস্পিডিং বা বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। হতাহতদের চিলাসের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

    দিয়ামেরের জেলা প্রশাসক ফাইয়াজ আহমেদ বলেছেন, উদ্ধার অভিযানে সেনা হেলিকপ্টার অংশ নেয়। আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে কমপক্ষে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে দুজনকে গিলগিট শহরে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

  • আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি: সেতুমন্ত্রী

    আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২ মে, ২০২৪: আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারসহ সব অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে এবং জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটাধিকারসহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। কোনো মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না বা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলও না।

    আজ বৃহস্পতিবার (২ মে) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্যের’ নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি সবসময় ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে। যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। একবার তারা তাদের ক্ষমতায় আসার পথ নির্বিঘ্ন করতে অর্ধ কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছিল। আবার ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি করেছিল। যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছিল তাদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না।”

    তিনি আরও বলেন, “তারা রাষ্ট্রক্ষমতা দখল এবং তা অবৈধভাবে ব্যবহার করে দুর্নীতি ও লুটপাট-তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশের ললাটে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক লেপন করেছিল। বিএনপি-জামায়াত অপশক্তি যখন ক্ষমতায় ছিল তখন তাদের অপশাসন-দুঃশাসনের ফলে দেশের জনগণকে দুঃসহ জীবনযাপন করতে হতো। আজ তারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে কথা বলেছে। অথচ, তারা ক্ষমতায় থাকতে কোনোদিন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ায়নি। বরং বেতন-বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকের বুকে গুলি চালিয়ে হত্যা, সারের দাবিতে আন্দোলন করায় কৃষক হত্যা এবং বিদ্যুতের দাবিতে আন্দোলন করায় সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে বন্দুকের জোরে মানুষকে জিম্মি করে বাংলাদেশকে দুঃশাসনের জাঁতাকলে পিষ্ট করেছিল বিএনপি-জামায়াত অপশক্তি।”

    বিএনপি আদমজী জুট মিলসহ বিভিন্ন কল-কারখানা বন্ধ করে শ্রমজীবী মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কয়েক ধাপে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে, চা-শ্রমিকদের বেতন-ভাতা বাড়িয়েছে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শ্রমজীবী মানুষসহ সব মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য।

  • ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৪৯ টাকা

    ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৪৯ টাকা

    www.HelloBangla.News – অর্থনীতি – ২ মে, ২০২৪: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে এক হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করেছে ।

    আজ বৃহস্পতিবার (২ মে) বিইআরসি হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন  সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন। আজ সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দাম কার্যকর হবে। এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৪২ টাকা।

    প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপিজি ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১৬ টাকা ৮ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ থেকে ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম কমেছে।

    এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা। যা গত মাসে ছিল ৬৬ টাকা ২১ পয়সা।

    আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি প্রতিষ্ঠান আরামকোর প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

  • শাহরুখের জীবনের সব থেকে বিব্রতকর ঘটনা ঘটে ‘ডন টু’র সেটে

    শাহরুখের জীবনের সব থেকে বিব্রতকর ঘটনা ঘটে ‘ডন টু’র সেটে

    www.HelloBangla.News – বিনোদন – ২ মে, ২০২৪: ডন-টু ২০১১ সালের একটি বলিউড থ্রিলার চলচ্চিত্র । ফারহান আখতার পরিচালিত এই চলচ্চিত্রটি বেশ জনপ্রিয় হয়ছিলো ।মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া। শাহরুখ আবেদনময়ী নারী পুলিশের হাতে গ্রেফতার হওয়ার সময় ‘কিঙ্কি’ শব্দ উচ্চারণ করে নিজের ফেমডম ফ্যান্টাসির পরিচয় দেন। ডন-টু ২৩ ডিসেম্বর ২০১১ মুক্তি পায় ৷ চলচ্চিত্রটি টু-ডি এবং থ্রি-ডি উভয় ফরম্যাটিই করা হয়। শুধু তাই নয় চলচ্চিত্রটি তামিল ভাষা ও তেলুগু ভাষায়ও বেশ জনপ্রিয় হয়ছিল।

    সেই ছবিতে শুটিং চলার সময় একটি দুর্ঘটনা হাত থেকে বেঁচে গিয়েছিলেন শাহরুখ খান। আর সেটা ঘটতে চলেছিলো নায়কের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই দুর্ঘটনা ঘটেছিল। জার্মানিতে ‘ডন টু’ ছবির সেটে, সেই দুর্ঘটনার কথা শাহরুখ নিজেই স্বীকার করেছেন । বার্লিনে ‘ডন টু’ ছবির শুটিং চলছিল তখন। শাহরুখের ধাওয়া করার দৃশ্যে আচমকা ছন্দপতন ঘটে। স্টান্টের গাড়ির সঙ্গে শাহরুখের গাড়ির সজোরে ধাক্কা! এই ঘটনার নেপথ্য কারণ কিন্তু স্বয়ং বাদশাহ। সম্প্রতি এমনই জানালেন ছবিতে শাহরুখের সহ-অভিনেতা আলি খান। তিনি বললেন, “রবিবার শুটিং হচ্ছিল। গাড়ির ভিতরে আমার বাঁ দিকে শাহরুখ ছিলেন। পারিচালক ফারহান আখতার গাড়ির পিছনের সিটে এমন ভাবে বসেছিলেন যাতে ক্যামেরায় তাকে দেখা না যায়। আর বনেটে প্রায় ২.৬ কোটির ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ছিল।”

    আলি খান জানিয়েছেন পরিকল্পনা অনুযায়ী সঠিক ভাবে নেওয়া হয়েছিল প্রথম টেক। তার পরে আরও এক বার দৃশ্যটি শুট করতে হয়েছিল, কারণ প্রিয়াঙ্কা ও শাহরুখের দৃষ্টি বিনিময়ের দৃশ্য শুট করতে হত। আর তাতেই ঘটল বিপত্তি! কথা ছিল ‘ডন কো পাকাড়না মুশকিল হি নাহি, নামুমকিন হ্যায়’— ডনের এই বিখ্যাত সংলাপ বলার পরে সঙ্গে সঙ্গে গাড়ি ছুটিয়ে নিয়ে যাবেন শাহরুখ। কিন্তু সংলাপ বলার পরে ২ সেকেন্ড দেরি করে ফেলেছিলেন অভিনেতা। যে কারণে পুরো শুটিংয়ের তাল কেটে যায় এবং দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার পর মুহূর্তেই শাহরুখ আলিকে জিজ্ঞেস করেন তিনি ঠিক আছেন কি না।

    শাহরুখ একটি ভিডিয়োয় বলেছিলেন, “আমার অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য হয়তো এই ঘটনাটি ঘটল। একটু ভুল করলাম আর ধাক্কা!” অভিনেতা নিজেও ভাবতে পারেননি এত বছর অভিনয়ের পরে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলবেন। তার কথায়, “খুব বিব্রত হয়েছিলাম আমি। আমার অভিনয় জীবনের সব থেকে বিব্রতকর ঘটনা।” অন্য দিকে আলির বক্তব্য, “আমি এত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছি স্টান্ট করেছি, এ রকম দুর্ঘটনা ঘটাইনি কখনও।”

    এখনও সেই ঘটনা শাহরুখকে তাড়া করে। মাত্রা দুই সেকেন্ডের জন্য ঘটে গিয়েছিল বড় একটা দুর্ঘটনা। অথচ সেই দুর্ঘটনায় সবাই ছিলেন অক্ষত।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • রোহিঙ্গা সমস্যা নিরসনে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সমস্যা নিরসনে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ মে, ২০২৪: রোহিঙ্গা সমস্যা নিরসনে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমি ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা, মিয়ানমারে চলমান সংঘাত ও রোহিঙ্গা সমস্যা নিরসনে এশিয়া-প্রশান্ত অঞ্চলসহ বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি।”

    আজ বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে থাইল্যান্ড সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে এবং ইউএন-এসক্যাপের ৮০তম অধিবেশনে যোগদানের জন্য আমি গত ২৪ থেকে ২৯ এপ্রিল খাইল্যান্ড সফর করি। কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ আমার সফরসঙ্গী ছিলেন। ২৪ এপ্রিল ব্যাংককে পৌঁছালে বিমানবন্দরে আমাকে লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও গানস্যালুটের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।”

    শেখ হাসিনা বলেন, “গত ২২ থেকে ২৬ এপ্রিল ব্যাংককে ইউএন-এসক্যাপের ৮০তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সংস্থাটির এক্সিকিউটিভ সেক্রেটারি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দেশে ব্যস্ত থাকায় আমি তাতে অংশ নিতে পারিনি। তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমার পূর্বধারণকৃত একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।”

    সরকারপ্রধান বলেন, “২৫ এপ্রিল সকালে ইউএন-এসক্যাপের একটি অধিবেশনে আমি এশীয় প্রশান্ত অঞ্চলে সহযোগিতা জোরদার করার মধ্য দিয়ে জাতিসংঘের এজেন্ডা ২০৩০ ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন বিষয়ে বক্তব্য প্রদান করি। আমি বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আমাদের নিজস্ব উদ্ভাবিত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন মডেল এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে বিনিময় করার বিষয়ে আমাদের আগ্রহ ব্যক্ত করি।”

    তিনি আর বলেন, “একইদিনে, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-এসক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারি আরমিদা সালসিয়ান আলিসজাহবানা আমার সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপকালে, আমি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করি।”

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “থাইল্যান্ড চাইলে আমাদের দীর্ঘ ৮০ মাইল সমুদ্র সৈকতে জায়গা দেবো। কারণ থাইল্যান্ড পর্যটনের দিক থেকে অনেক অগ্রগামী। সে অভিজ্ঞতাটাও আমরা নিতে পারি। এজন্য তারা আমাদের বালুময় সমুদ্র সৈকতে বিনিয়োগ করতে চাইলে তাদের জায়গা দেওয়া হবে।”

    শেখ হাসিনা বলেন, “এ সফরের ফলে থাইল্যান্ডের কাছ থেকে সহযোগিতা পাওয়ার এবং সার্বিক উন্নয়নের একটা নতুন দুয়ার খুলে গেল। সেখানে একটা ভালো সুযোগ সৃষ্টি হলো। আপনারা জানেন যে, আমাদের দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা, যোগাযোগ, মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিয়ে থাকি। কারণ, সার্বিকভাবে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এই বন্ধনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    প্রধানমন্ত্রী বলেন, “থাইল্যান্ডের ফল ও খাদ্য উৎপাদনে অনেক গবেষণা আছে। আমরা এসব ক্ষেত্রে মতবিনিময় করেছি। দুই দেশের মধ্যে এইসব অভিজ্ঞতা ভাগাভাগি করার বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যেই আমাদের চট্টগ্রাম থেকে থাইল্যান্ডের বন্দরের সাথে সরাসরি কার্গো নেওয়ার ব্যবস্থা আছে।”

    সরকারপ্রধান বলেন, “আমি মনে করি, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ভালো সুযোগ সৃষ্টি হয়েছে। যা ভবিষ্যতে কাজে লাগবে। যেহেতু থ্যাইল্যান্ড আশিয়ানভুক্ত দেশ এবং বর্তমানে বিমসটেকের সভাপতি। বিমসটেক আমরাই প্রতিষ্ঠা করেছিলাম এবং আমি এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছি। আমি আঞ্চলিক সহযোগিতাকে বেশি গুরুত্ব দেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশি দেশগুলোর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করাই আমাদের প্রধান লক্ষ্য।”

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত ২৪ এপ্রিল বিকেলে ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কূটনৈতিক সম্পর্কের ৫২ বছরে থাইল্যান্ডে বাংলাদেশের সরকারপ্রধান পর্যায়ের প্রথম সফর ছিল এটি। সফরের দ্বিতীয় দিন ২৫ এপ্রিল জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) ৮০তম অধিবেশনে যোগ দেন বাংলাদেশ সরকারপ্রধান। এই সফরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এবং অর্থনৈতিক ও সামাজিক কমিশন এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের নির্বাহী সচিব আরমিডা সালসিয়াহ আলিশাবানা সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচন নিয়ে অনেক কিছু হয়েছে, যাতে নির্বাচনটা না হয়। আমার শক্তি দেশের জনগণ। জনগণের শক্তির ওপর আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বলতে চাই, জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ ক্ষমতায় থাকব। কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি।”

  • আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

    আজ শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

    www.HelloBangla.News – জাতীয় – ২ মে, ২০২৪: আজ বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টায় বসবে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ।

    গত ১৫ এপ্রিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের এই অধিবেশন আহ্বান করেন।

    সংসদ সচিবালয়ে সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন বসবে। অধিবেশন হবে সংক্ষিপ্ত। এরপর জুনের প্রথম সপ্তাহে বসবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। তবে সংসদ অধিবেশনের কার্যদিবস কতোদিন হবে তা অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে বিকাল ৪টায় সংসদের ১নং স্থায়ী কমিটি কক্ষে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে।

    আজকের অধিবেশনের প্রথম বৈঠক শোকপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে মুলতবি হবে। রেওয়াজ অনুযায়ী সংসদের কোনও সদস্য মারা গেলে সব প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে অধিবেশন মুলতবি করা হয়। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগ দলীয় এমপি আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেছেন।

    সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গ্রাম আদালত বিল ২০২৪, সংশোধিত স্থানীয় সরকারসহ ৪টি বিল এ অধিবেশনে উপস্থাপন করা হতে পারে।

    উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেসন বসে, যা ৫ মার্চ শেষ হয়।

  • আগামী শনিবার থেকে মাধ্যমিক, রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়

    আগামী শনিবার থেকে মাধ্যমিক, রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়

    www.HelloBangla.News – জাতীয় – ২ মে, ২০২৪: রমজান মাস, ঈদুল ফিতর এবং কয়েক দফায় তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান। আগামী শনিবার (৪ মে) থেকে খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। আর রবিবার(৫ মে) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়।

    আজ বৃহস্পতিবার (০২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।

    শনিবার থেকে কতদিনের জন্য শ্রেণিকার্যক্রম চলবে- জানতে চাইলে এম এ খায়ের বলেন, এটি সাময়িক। বন্ধের কারণে শিখন ঘাটতি পূরণ হলেই শনিবারের সিদ্ধান্ত বদল করা হবে।

    তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণার জন্য আদালত যে নির্দেশনা দিয়েছিল আদালত। সে অনুযায়ী, বৃহস্পতিবার বন্ধ রাখা হয় মাধ্যমিক স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান।

    তাপদাহের কারণে ঈদুল ফিতর ও নববর্ষের ছুটির পর ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে ২৮ এপ্রিল খোলা হয়।

    কিন্তু তাপদাহের তীব্রতার কারণে ২৯ এপ্রিল ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

    এরপর ৩০ এপ্রিল ২৭ জেলার মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয়।

  • টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নব নিযুক্ত ৩ বিচারপতির শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নব নিযুক্ত ৩ বিচারপতির শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ২ মে, ২০২৪: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নব নিযুক্ত ৩ বিচারপতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ।

    বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন আজ  বৃহস্পতিবার (২ মে) বেলা ১১ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকেন।

    এরপর ৩ বিচারপতি, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুহর তার পরিবারের  শহীদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরত কামনায় দোয়া মোনাজাত ও পবিত্র ফাতেহা পাঠ করেন ।

    প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায়।

    শ্রদ্ধা নিবেদন শেষে বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।

    এ সময় উপস্থিত ছিলেন, আপিল বিভাগের  রিসার্চ  এন্ড রেফারেন্স অফিসার   যুগ্ন জেলা জজ  এবিএম আশরাফুল হক,  মিল্লাত হোসেন,  নওরিন আক্তার, গোপালগঞ্জের  সিনিয়র সহকারী জাজ শফিকুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক  প্রমুখ।