Category: বাংলাদেশ

  • বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

    বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ মার্চ, ২০২৪: আজ ১৪ মার্চ, বিশ্ব কিডনি দিবস। দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেওয়া এক বাণীতে বলেন, “কিডনি রোগে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের সরকার কিডনি রোগীদের চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা স্বাস্থ্য খাতে বাজেটের একটা বড় অংশ কিডনি রোগের চিকিৎসা, ডায়ালাইসিস এবং কিডনি সংযোজন করার ক্ষেত্রে ব্যয় করছি। অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা এবং কিডনি সংযোজনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব কিডনি দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ কিডনি সবার জন্য-প্রয়োজন যত্ম এবং সর্বোত্তম চিকিৎসা সেবায় সকলের ন্যায় সঙ্গত অগ্রাধিকার’-যথার্থ হয়েছে বলে আমি মনে করি।”

    তিনি বলেন, “কিডনি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বর্তমানে সাধারণ এবং জটিল কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আক্রান্ত রোগীর সংখ্যা কমানোর জন্য স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নাই।”

    প্রধানমন্ত্রী বলেন, “আমরা ১৯৯৮ সালে দেশের ইতিহাসে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় গবেষণা কর্মকাণ্ড সম্প্রসারিত করতে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে।”

    তিনি আরও বলেন, “গণমুখী স্বাস্থ্য নীতি বাস্তবায়ন করা হচ্ছে। হাসপাতালের শয্যা সংখ্যা, সাধারণ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিশেষায়িত চিকিৎসাসেবা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানে নিয়োজিত রয়েছে। কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে ৩০ রকমের ঔষধ দেওয়া হচ্ছে। জাতিসংঘ কমিউনিটি ক্লিনিককে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা সারাদেশে নতুন নতুন মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল এবং হেলথ টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি।”

  • শ্রমজীবী মানুষের কল্যাণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে: আইনমন্ত্রী

    শ্রমজীবী মানুষের কল্যাণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মার্চ, ২০২৪: শ্রমজীবী মানুষের কল্যাণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, বলে জনিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “বৈশ্বিক মন্দা ও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় ও শ্রমজীবী মানুষের কল্যাণে প্রয়োজনীয় শ্রম সম্পর্ক তৈরির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে।”

    গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫০তম গভর্নিং বডির অধিবেশনে এ কথা বলেন তিনি।

    আইনমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দারিদ্র ও শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের আলোকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রম ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে।”

    বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত রোড ম্যাপের (২০২১-২৬) আলোকে আইনগত সংস্কার, ট্রেড ইউনিয়ন নিবন্ধন, শ্রম সংক্রান্ত পরিদর্শন এবং শ্রমিকদের অন্যান্য অধিকার এ চারটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন আইনমন্ত্রী।

    প্রস্তাবিত বাংলাদেশ শ্রম আইন সংশোধন বিলে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য শিল্পখাতে প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে ৩০ শতাংশ থেকে কমিয়ে আনা, ইউনিয়নের প্রতি অন্যায্য আচরণের শাস্তি দ্বিগুণ করা, বেআইনিভাবে কারখানা বন্ধ করার শাস্তি তিনগুণ করা, শিশুশ্রমের শাস্তি চারগুণ করার বিধান রাখার কথা উল্লেখ করেন।

    তাছাড়া প্রস্তাবিত এ সংশোধনীটিতে বেসামরিক বিমান পরিবহন খাতে এবং নৌ পরিবহন খাতে ট্রেড ইউনিয়ন গঠন ও পরিচালনা সহজীকরণ, শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়ে আপিল আবেদন সহজীকরণ সংক্রান্ত বিধান সংযুক্ত করার কথাও আইনমন্ত্রী উল্লেখ করেন। প্রস্তাবিত এ সংশোধনীটিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার বিভিন্ন কনভেনশনের অধিকতর প্রতিফলন ঘটানো হয়েছে বলে তিনি অধিবেশনকে অবহিত করেন। যথাযথ ত্রিপক্ষীয় আলোচনা শেষে দ্রুততার সাথে সম্ভব হলে, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে শ্রম  আইনের সংশোধন বিল আকারে উপস্থাপিত হতে পারে বলে মন্ত্রী জানান।

    প্রচলিত আবেদন প্রক্রিয়ার পাশাপাশি অনলাইন ভিত্তিক ট্রেড ইউনিয়ন নিবন্ধন চালু করা, প্রাক-আবেদন সেবা চালুকরণ, প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের ফলে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে গুণগত ও পরিমাণগত অগ্রগতি সাধিত হয়েছে বলে মন্ত্রী জানান। এর ফলে তৈরি পোশাক খাতে গত নয় বছরে নিবন্ধন নয়গুণ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে প্রায় ত্রিশ লক্ষ শ্রমিক ট্রেড ইউনিয়নভুক্ত হয়েছে। তাছাড়া, ট্রেড ইউনিয়ন নিবন্ধনভুক্তি আবেদনের সফলতার হার গত চার বছরে ৬০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

    আইনমন্ত্রী বলেন, “কারখানা পরিদর্শকের পদ আড়াইগুণ বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পরিদর্শন মডিউল চালু করা, পরিদর্শকদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের ফলে কারখানা ও স্থাপনা পরিদর্শনে দৃশ্যমান উন্নতি হয়েছে। কেবল গত ২০২৩ সালের শেষ ছয় মাসে বিশ হাজারেরও বেশি পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে বলে তিনি তথ্য প্রদান করেন। তাছাড়া, ইপিজেডগুলোতে নিজস্ব উন্নত পরিদর্শন ব্যবস্থা থাকা স্বত্বেও মানোন্নয়নের লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের অধীন কারখানা পরিদর্শন অধিদপ্তরও পরিদর্শন শুরু করেছে।”

    আনিসুল হক বলেন, “ছয়টি নতুন শ্রম আদালত প্রতিষ্ঠার ফলে বর্তমানে মোট ১৩টি শ্রম আদালত কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি উচ্চক্ষমতাসম্পন্ন বিকল্প বিরোধ নিষ্পত্তি সেল চালু করা হয়েছে যা অদ্যাবধি প্রাপ্ত ৯০ শতাংশের বেশি সালিশআবেদনের নিষ্পত্তি করেছে। শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ সহজে দায়ের করার জন্য সরকার কর্তৃক চালু করা হেল্পলাইন সফলভাবে কাজ করেছে বলে তিনি জানান।এছাড়া, ইপিজেডগুলোতে নিজস্ব উন্নত পরিদর্শন ব্যবস্থা থাকা স্বত্বেও মানোন্নয়নের লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের অধীন কারখানা পরিদর্শন অধিদপ্তরও পরিদর্শন শুরু করেছে। ছয়টি নতুন শ্রম আদালত প্রতিষ্ঠার ফলে বর্তমানে মোট ১৩টি শ্রম আদালত কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি উচ্চক্ষমতাসম্পন্ন বিকল্প বিরোধ নিষ্পত্তি সেল চালু করা হয়েছে যা অদ্যাবধি প্রাপ্ত নব্বই শতাংশের বেশি সালিশ আবেদনের নিষ্পত্তি করেছে।”

    ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে এবং ট্রেড ইউনিয়ন কর্মীদের প্রতি বৈষম্য বন্ধের লক্ষ্যে সরকার গত তিন বছরে প্রায় ৩৬ হাজার শ্রমিক, ব্যবস্থাপক, মালিক, সংশ্লিষ্ট সরকারি কর্মচারী, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দান করেছে। সরকার এ সংক্রান্ত অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

    অধিবেশনে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন ব্যবস্থার ফলে এ ক্ষেত্রে সাধিত গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রশংসা করে ILO গভর্নিং বডির অধিকাংশ সদস্য বক্তব্য রাখেন।

    পরে আইনমন্ত্রী আনিসুল হক আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

    বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরি এম পি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, শ্রম সচিব ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • আগামী পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: সেতুমন্ত্রী

    আগামী পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মার্চ, ২০২৪: আগামী পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই এবং আগামী পাঁচ বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দেশব্যাপী স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্রকে সুদৃঢ় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

    আজ বুধবার (১৩ মার্চ) এক বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “এখন জাতির সামনে এমন কোনো সংকট নেই, যার জন্য রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপের কোনো আবশ্যকতা বা প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো দেশবিরোধী অপশক্তির নানামুখী অপতৎপরতা ষড়যন্ত্র-চক্রান্ত এবং প্রতিবন্ধকতাকে জয় করেই দেশের উন্নয়ন অভিযাত্রাকে কাঙ্ক্ষিত অভীষ্ঠে এগিয়ে নিয়ে যাওয়া।”

    তিনি আরও বলেন, “বিএনপি নেতারা অবিবেচনাপ্রসূত ও অযৌক্তিকভাবে মিডিয়ার সামনে সংলাপের মাধ্যমে আলাপ-আলোচনার বিষয়টি উত্থাপন করেছেন। রাজনৈতিক দেউলিয়াত্বের ভারে বিধ্বস্ত জনবিচ্ছিন্ন বিএনপির এই আলোচনার আবদার অর্থহীন। কারণ তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক রীতি-নীতির তোয়াক্কা না করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে মেতে উঠেছিলেন। গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত রাখার লক্ষ্যে রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে আলোচনার জন্য আহ্বান করা হলেও তখন তারা সাড়া দেননি। বরং তারা নির্বাচন বানচালের জন্য সর্বাত্মক অপচেষ্টা চালিয়েছিলেন। আজ তারা কোন মুখে আলোচনার কথা বলেন? বিএনপি সব সময় প্রধানমন্ত্রীর পদত্যাগের শর্তযুক্ত সংলাপের দাবি করে আসছে। আমরাও দ্ব্যর্থহীন ভাষায় বলে আসছি, শর্তযুক্ত কোনো আলোচনার সুযোগ নেই।”

    বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সব সময়ই গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ এবং উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রের পথকে আরও মসৃণ করার এবং গণতন্ত্রের অন্তর্নিহিত আদর্শ সুপ্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ যে কারও মতপ্রকাশের পথকে উন্মুক্ত রেখেছে। সেক্ষেত্রে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে সুদৃঢ় করতে আওয়ামী লীগ যেসকল সংস্কার করেছে তার স্বীকৃতি দিয়ে যে কেউ ভাবীকালের গণতন্ত্রের পথকে মসৃণ করার লক্ষ্যে যে কোনো প্রস্তাব রাখতে পারে।”

    তিনি আরও বলেন, “আওয়ামী লীগ শুধু একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া নিয়ে নয়, বরং দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভীতের উপর প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ কখনো কোনো ষড়যন্ত্র বা চাপের মুখে জনস্বার্থকে জলাঞ্জলি দেয়নি, কখনো কারও কাছে মাথা নত করেনি করবেও না। বাংলাদেশের অগ্রগতির ধারাকে সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর।”

  • সোমালিয়ায় জিম্মি নাবিকদের সুস্থভাবে ফেরত আনা হবে: নৌ প্রতিমন্ত্রী

    সোমালিয়ায় জিম্মি নাবিকদের সুস্থভাবে ফেরত আনা হবে: নৌ প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মার্চ, ২০২৪: সোমালিয়ায় জিম্মি নাবিকদের সুস্থভাবে ফেরত আনা হবে, বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন,  “যেকোনো মূল্যে নাবিকদের সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে আমরা বদ্ধ পরিকর।  প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তাদের নিরাপদে ফেরত আনতে, যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বসে নেই। এক মুহূর্ত বিক্ষিপ্ত না, আমরা সবাই সংযুক্ত আছি।”

    বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ গতকাল মঙ্গলবার (১২ মার্চ) সোমালিয়ার দস্যুদের কবলে পড়েছে। ওই জাহাজে কর্মরত ২৩ জন বাংলাদেশি নাবিক দস্যুদের কাছে জিম্মি অবস্থায় রয়েছেন। সমুদ্রগামী এ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে গালফ অব ইডেনে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় দস্যুরা। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে।

    আজ বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযানগুলো সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা  নিশ্চিতে কর্মপন্থা নেওয়ার লক্ষ্যে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ বাহিনীসহ সবার সঙ্গে কথা বলেছি, সহযোগিতা চেয়েছি।”

    তিনি বলেন, “আমাদের যে ২৩ জন নাবিক আছেন তাদের জীবনের নিরাপত্তার আমাদের কাছে ফাস্ট প্রায়োরিটি। আমাদের চেষ্টা চলছে নাবিকদের রক্ষা করা এবং জাহাজটিকে উদ্ধার করা।”

    ভারতের সহযোগিতা চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “ভারতের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি।”

  • ঈদে ১৬ টি স্পেশাল ট্রেন চলবে

    ঈদে ১৬ টি স্পেশাল ট্রেন চলবে

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মার্চ, ২০২৪: আসন্ন ঈদুল ফিতর ঘিরে পাঁচ দিন ১৬টি বিশেষ (স্পেশাল) ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেল সচিব হুমায়ুন কবির।

    সচিব বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ১৬টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে প্রতিদিন বাংলাদেশ রেলওয়ে ৩৩ হাজার যাত্রী বহন করতে পারবে। যাত্রার দিন প্রতিটি ট্রেনে আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে

     

    যেসব রুটে স্পেশাল ট্রেন:

    চট্টগ্রাম-চাঁদপুর রুটের চাঁদপুর ঈদ স্পেশাল (চারটি ট্রেন), চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল (দুটি ট্রেন), ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (দুটি ট্রেন)।

    এসব ট্রেন ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে পাঁচদিন পর্যন্ত চলবে।

    ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চলবে। ট্রেন দুটি ঈদের আগে ৮ ও ৯ এপ্রিল; ঈদের পরদিন থেকে তিন দিন চলবে।

    ভৈরব বাজার-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল (দুটি ট্রেন); ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের শোলাকিয়া ঈদ স্পেশাল (দুটি ট্রেন) শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

    জয়দেবপুর-পার্বতীপুর রুটে ঈদ স্পেশাল (দুটি ট্রেন) ঈদের আগে ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত তিন দিন; ঈদের পর দ্বিতীয় দিন থেকে তিন দিন পর্যন্ত চলাচল করবে।

    এদিকে আগামী ১০ এপ্রিলকে পবিত্র ঈদ-উল-ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

  • দ্বিতীয় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু আগামীকাল

    দ্বিতীয় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু আগামীকাল

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মার্চ, ২০২৪: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ থেকে । এই পরীক্ষা শেষ হবে ২২ এপ্রিল।

    আজ বুধবার (১৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

    এর আগে গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন।

    ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৭ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

  • বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী

    বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মার্চ, ২০২৪: বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।তিনি বলেন, “রাজধানী ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইটভাটার ট্রাকারের মাধ্যমে দূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রযুক্তি ব্যবহার করায় কর্মকর্তাদের নিজস্ব পছন্দে ইটভাটা বাছাই করার সুযোগ থাকবে না।”

    সাবের হোসেন চৌধুরী আজ মঙ্গলবার (১২ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে একশ’দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য আয়োজিত এক সভায় এসব কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, “একশ’ কর্মদিবসের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ১০ মার্চ পর্যন্ত ৪৫৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২০৯টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।”

    সভায় পরিবেশমন্ত্রী বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন নির্মাণকালীন দূষণ, কালো ধোয়া নির্গমনকারী পরিবহন ও কলকারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রাখার নির্দেশ প্রদান করেন।

    এসময় সরকারি নির্মাণে শতভাগ ব্লক ব্যবহারের সংশোধিত রোড ম্যাপ ঘোষণা এবং ব্লকের উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা দেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

    সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা, অনলাইন ইটিপি মনিটরিং, ইপিআর গাইডলাইন ও ন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চান মন্ত্রী।

    জনগণের প্রতি মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি পূরণে অগ্রাধিকার কর্মসূচির সময়োচিত বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

    সভায় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • কোনো সেক্টরে চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি

    কোনো সেক্টরে চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মার্চ, ২০২৪: কোনো সেক্টরে চাঁদাবাজি বরদাশত করা হবে না, বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, পণ্য পরিবহনসহ কোনো সেক্টরে চাঁদাবাজি বরদাশত করা হবে না। সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”

    আজ মঙ্গলবার (১২ মার্চ) পুলিশ সদর দপ্তরে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা জানান।

    আইজিপি বলেন “পুলিশ কর্মকর্তাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।তাছাড়া পণ্যবাহী যানবাহন নির্বিঘ্ন চলাচলের সুযোগ করে দিতে হবে।”

    আইজিপি বলেন, “রমজান ও ঈদকে সামনে রেখে কোনো ইস্যু তৈরি করে কেউ যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

    তিনি বলেন, “কোনো স্বার্থান্বেষী মহল সাইবার ওয়ার্ল্ডে গুজব ও অপপ্রচারের মাধ্যমে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য কর্মকর্তাদের তৎপর থাকতে হবে।”

    আইজিপি পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সব পুলিশ ইউনিটকে নির্দেশনা দেন।

    বাসের ছাদে বা ট্রাকে যাতে যাত্রী পরিবহন করতে না পারে সেজন্য হাইওয়ে পুলিশকে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

    আইজিপি বলেন, রমজানে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ইফতার, তারাবি এবং সেহরির সময় বিশেষভাবে সতর্ক ও সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।

    গার্মেন্টস শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য শিল্প পুলিশকে তৎপর থাকার নির্দেশ দেন তিনি।

    সভায় আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

    সভায় অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এছাড়া র‌্যাব, এটিইউ, পিবিআই, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, নৌ পুলিশের প্রধান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, ডিআইজি (এফডিএমএন), সব জেলার পুলিশ সুপার এবং বিশেষায়িত ইউনিট নৌ, হাইওয়ে, রেলওয়ে, ট্যুরিস্ট ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি সভায় সংযুক্ত ছিলেন।

  • রমজানে প্রথম ১৫ দিন স্কুল খোলা থাকবে

    রমজানে প্রথম ১৫ দিন স্কুল খোলা থাকবে

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মার্চ, ২০২৪: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় আগামী ২৫ মার্চ পর্যন্ত খোলা রাখা হবে।ফলে শিক্ষার্থীদের রমজান মাসের প্রথম ১৫ দিন স্কুল করতে হবে।।

    রমজানে দুই শিফটের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো কীভাবে ক্লাস চালাবে, তা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।আজ মঙ্গলবার (১২ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ২০২৪ সালের শিক্ষাপঞ্জি সংশোধনের কারণে ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এ প্রজ্ঞাপনের প্রেক্ষিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানরা প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচলনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ বা সমন্বয় করতে পারবেন। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ মর্মে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    এদিকে, রোজায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমও চলবে নতুন সময়সূচিতে। নতুন সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে। আগামী ১০ রমজান অর্থাৎ ২১ মার্চ পর্যন্ত এ নিয়মে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে।

    পবিত্র রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ।

  • ৭৫ পরবর্তী সরকারগুলো গবেষণায় গুরুত্ব দেয়নি: প্রধানমন্ত্রী

    ৭৫ পরবর্তী সরকারগুলো গবেষণায় গুরুত্ব দেয়নি: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ মার্চ, ২০২৪: ৭৫ পরবর্তী সরকারগুলো গবেষণায় গুরুত্ব দেয়নি, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বিজ্ঞানকে বঙ্গবন্ধুই বেশি গুরুত্ব দিতেন। ৭৫ এর পর স্বৈরশাসকরা গবেষণায় গুরুত্ব দেয়নি। শিক্ষা-গবেষণাসহ একটি স্বাধীন সার্বভৌম দেশে যা যা প্রয়োজন, সবই করে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”

    আজ সোমবার (১১ মার্চ) বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এন এস টি ফেলসি এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা সদ্য স্বাধীন দেশে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ প্রতিষ্ঠা করে দিয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত পরমাণু শক্তি কমিশন মানুষের স্বাস্থ্য পরিচর্যা অত্যাধুনিক নিউক্লিয়ার মেডিসিন প্রচলন করেছে।

    তিনি আরও বলেন, “আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছি। আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চেষ্টা করেছিলাম দক্ষিণে কিন্তু দক্ষিণে আমাদের যে মাটি সে মাটি এত নরম। প্রত্যেকটা দিন আমরা দেখেছি আসলে সেখানে করা সম্ভব নয়। এখন যেখানে আমরা করেছি এটা বাস্তবায়ন সম্পন্ন হওয়ার পর দ্বিতীয়টাও আমরা এই পাবনাতেই রূপপুরে করতে পারবো। দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি দ্বীপে অ্যাটমিক এনার্জি থেকে লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে, মাটির দেখা হয়েছে আসলে যেখানে মাটি খুব নরম, ওখানে করা সম্ভব হবে না। আমি এখনই বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রীকে বললাম যে এটার কাজ আমাদের শেষ হবে সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা যাতে শুরু করতে পারি এখন থেকে আমাদের সেই প্রস্তুতি নিতে হবে। তাছাড়া স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি এবং স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করারও ইতোমধ্যে আমরা নিয়েছি।”

    কৃষিতে গবেষণার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, “বাংলার মাটি হলো সোনা। এখানে যা ফলানোর ইচ্ছা তাই ফলানো যায়। এখানকার মাটিতে টিউলিপও জন্ম নেয়। তাই আমাদের কৃষির ওপর গুরুত্ব দিতে হবে।”

    প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমি এবং আমার বোন শেখ রেহানা টানা ছয় বছর দেশে আসতে পারিনি। আমরা বিদেশে রিফিউজি হিসেবে ছিলাম। ৮১ সালে দেশে ফিরে আসি। এরপর আমার একটাই লক্ষ্য ছিল যে, বাংলাদেশকে উন্নত করা, দেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করা। সেই প্রত্যয় নিয়েই আমি ফিরে এসেছিলাম। কিন্তু আমার চলার পথ এত সহজ ছিল না। কারণ আমার বাবা-মা’র খুনিদের বিচার হবে না বলে ইনডেমনিটি আইন পাস করা হয়েছিল। তখন খুনিদের রাজত্ব ছিল। যে যুদ্ধাপরাধীরা আমাদের মা-বোনকে পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছিল, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। সেই যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে ক্ষমতায় বসানো হয়েছিল।”

    তিনি বলেন, “পঁচাত্তর পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছিল অস্ত্রের ঝনঝনানি, সেশনজট। শিক্ষার পরিবেশটাই নষ্ট করা হয়েছিল। ১৯৯৬ সাল যখন ক্ষমতায় আসি তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে বিজ্ঞানের ছাত্র-ছাত্রীর সংখ্যা খুবই কম। বিজ্ঞান বিভাগে ছাত্র-ছাত্রী নাই বলতে গেলে। এর ফলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উপর আমরা জোর দিই। আমরা ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিই। যাতে প্রযুক্তি শিক্ষার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়।”

    কারিগরি শিক্ষা আমাদের অত্যন্ত দরকার উল্লেখ করে সরকার প্রধান বলেন, “সবচেয়ে বড় ব্যাপার হলো গবেষণা। গবেষণায় কোনো বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হতো না। ৯৬ সালে সরকার গঠনের পর আমি তাৎক্ষণিকভাবে ১২ কোটি টাকা গবেষণায় বরাদ্দ দিই। বিশেষ করে কৃষি গবেষণায় গুরুত্ব দিই। কারণ তখন আমাদের ৩০শ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতি ছিল। তারপর থেকে প্রতি বাজেটে আমরা প্রযুক্তি শিক্ষা ও গবেষণার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া শুরু করি। এভাবেই আমরা কাজ করে যাই।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ মালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।