Category: বাংলাদেশ

  • জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ এপ্রিল, ২০২৪: বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ এক বার্তায় তিনি প্রয়াত শিব নারায়ণ দাশের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

    শিব নারায়ণ দাস আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

  • আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে: হাসপাতাল পরিচালক

    আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে: হাসপাতাল পরিচালক

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ এপ্রিল, ২০২৪: আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বলে জানিয়েছেন আগারগাঁও শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির পাঁচ সদস্যের মধ্যে কার্ডিয়াক আইসিইউ বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে আছেন একজন মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওয়ার্ড মাস্টার, একজন নার্স ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি রয়েছেন। তারা তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবেন।”

    আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শিশু হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

    জাহাঙ্গীর আলম বলেন, “এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেবা চালু করা। আমাদের নিজস্ব টেকনিক্যাল টিম, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ডিপিডিসি ও ফায়ার সার্ভিস চেক করে যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমরা নিচতলার সেবা থেকেই চালু করতে চাই। এভাবে ধীরে ধীরে আমরা সকল ফ্লোরের সেবা চালু করতে চাই। সেবা শুরু করার কাজ শুরু হয়ে গেছে। তবে তদন্ত কমিটির সিদ্ধান্ত ছাড়া কিছু এখন বলতে পারছি না।”

    গত মঙ্গলবারও শিশু হাসপাতালে আগুন লেগেছিল। এ বিষয়ে তিনি বলেন, “কয়েকদিন আগের পাঁচ নম্বর ওয়ার্ডে আগুনের বিষয়টি বড় কিছু না। খাবার গরম করার চুলায় রোগীর স্বজনের কাপড়ে আগুন লেগেছিলো। যা নার্সসহ স্টাফদের চেষ্টায় সঙ্গে সঙ্গে নিভানো হয়। আজকের যে আগুন সেটির বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।”

    হাসপাতালের পরিচালক আরও বলেন, “হাসপাতালে দুই শতাধিক এসি রয়েছে। শীত শেষে গরম আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি এসি সার্ভিসিং করা হয়। সেদিনের আগুনের পরেই আমাদের নার্সরা ফায়ার এক্সট্রিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলেছে। আজকের আগুনে ধোয়া বেশি হওয়ার কারণে সেখানে কেউ যেতে পারেনি। যার কারণে আমাদের ফায়ার এক্সট্রিংগুইশার ব্যবহার করতে পারিনি। ফায়ার সার্ভিসকে জানাতে হয়েছে। দ্রুত ফায়ার সার্ভিস চলে আসায় কোনও হতাহত হয়নি। সবাই নিরাপদে আছে।”

    জানা যায়, “আগুন লাগার আগে হাসপাতালের আইসিইউতে যেসব শিশুরা চিকিৎসা নিচ্ছে তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। দশটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে আইসিইউ শিশুদের অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। আইসিইউতে চিকিৎসা নেওয়া শিশুদের বিভিন্ন ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে।”

  • আত্মীয়তার সুবিধা নিয়ে নির্বাচন করলে কঠোর শাস্তি হবে: পলক

    আত্মীয়তার সুবিধা নিয়ে নির্বাচন করলে কঠোর শাস্তি হবে: পলক

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ এপ্রিল, ২০২৪: আত্মীয়তার সম্পর্ক সুবিধা নিলেই কঠোর শাস্তি হবে, বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনে বলেন, “যখনই আমি দেশে ফিরেছি, আমি মনে করেছি আমার দ্রুত এখানে আসা দরকার। আমার কর্মীর (দেলোয়ার) পাশে থাকা দরকার এবং স্পষ্ট বার্তাটা সকলের কাছে দেওয়া দরকার। সে আমার দলের নেতাকর্মী হোক, সে আমার আত্মীয় হোক, যেই হোক, আমি নিশ্চিত করতে চাই, এখানে কোন ব্যক্তিগত কিংবা আত্মীয়তার সম্পর্ক ব্যবহার করে বাড়তি কোন সুবিধা নেওয়ার সুযোগ নাই। এই পরিচয় যদি কেউ ব্যবহার করতে চায়, তাহলে আরও কঠোর শাস্তির সম্মুখীন হতে পারে। সে রকম বার্তাই কিন্তু আমাদের নেত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে।”

    আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

    প্রতিমন্ত্রী পলক বলেন, “উনি (প্রধানমন্ত্রী) সরাসরি এই বিষয়টি তত্ত্বাবধান করছেন এবং ওনার কঠোর নির্দেশনা রয়েছে। যারা এই হামলার সঙ্গে জড়িত, তারা যারাই হোক, পরিচয় যাই হোক, তাদের বিরুদ্ধে যেন কঠোর আইন প্রয়োগ করা হয়। এরই মধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে। আরও বাকি যারা জড়িত আছে তাদের ব্যাপারে অনুসন্ধান এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আহত দেলোয়ার হোসেন পাশা ভাইয়ের চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকেই হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছি।”

    তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি উন্মুক্ত নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে দেলোয়ার রাজনৈতিক কারণে হামলার শিকার হয়েছেন, সে কারণে আমার দ্রুত আসাটা দায়িত্ব মনে করেছি। যারা এই হামলার সঙ্গে সরাসরি জড়িত এবং পেছনে যারা আছে, তাদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গেও কথা বলেছি। আমাদের আওয়ামী লীগের উপজেলা কিংবা পৌর শাখার যদি কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যেন সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়। যারা অন্য সহযোগী সংগঠনের আছে, তাদেরও যেন বহিষ্কারের সুপারিশ করা হয়। আমি নৌকার বিজয়ী সংসদ সদস্য ও সরকারের প্রতিনিধি হিসেবে মনে করেছি, এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই আমরা এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যেন আর কেউ কারও পরিচয় বহন করে আমাদের দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার দুঃসাহস করতে না পারে।”

    আগামী ৮ মে নাটোর জেলার সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল।

    মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ১৫ এপ্রিল জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে আরেক চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল লোক। নির্যাতনের পর বিকেলে একটি মাইক্রোবাসে তুলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর দেলোয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    ওই রাতেই তাকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে রাখা হয়।

    এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ও লুৎফুল হাবিব রুবেলের সঙ্গে নির্বাচন না করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতা আসাদুজ্জামানকে তুলে নিয়ে গিয়ে প্রায় ছয় ঘণ্টা বালু পয়েন্টে আটকে রাখা হয়েছিল। তাই আসাদুজ্জামান মনোনয়ন জমা দেননি। রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

    প্রতিমন্ত্রীর প্রভাবেই তার শ্যালক রুবেল এমন বেপরোয়া কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে পলক বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কী ঘটেছিল তা আমি জানি না। এবার কেন্দ্র থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, এবার যেন দলীয় প্রার্থী না দেওয়া হয় এবং কোনো এমপি-মন্ত্রী যেন কোনো প্রার্থীর পক্ষে অবস্থান গ্রহণ না করেন। যে প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক, তা তো আমি অস্বীকার করতে পারবো না। নাটোরের সিংড়ার রাজনীতিতে আমি কখনোই ব্যক্তিগত আত্মীয় বা গোষ্ঠী বা ব্যক্তিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করিনি।”

    এই অপহরণ ও নির্যাতনের সঙ্গে তার শ্যালক রুবেলের নাম ভুক্তভোগীদের পক্ষ থেকে বলা হলেও মামলায় আসামি হিসেবে তার নাম না থাকার বিষয়টি সাংবাদিকরা জানতে চাইলে জুনাইদ আহমেদ পলক বলেন, “যিনি হামলার শিকার, তার আপন ভাই মামলার বাদী। তার সঙ্গে আমার দল বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হয়নি। বাধা দেওয়া হয়নি। তারা মামলাটা করেছে। পুলিশের কাছে মামলাটা তদন্তাধীন। কারা জড়িত তা আপনারা দেখেছেন। আদালতে দুজন ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। প্রাথমিক যে তথ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ আছে। যারাই ঘটনার সঙ্গে জড়িত থাকুক, পুলিশ প্রভাবমুক্ত-নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবে। আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, কারও নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপরাধ করতে না পারে।”

    এ সময় প্রতিমন্ত্রী পলকের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহম্মদ, সংশ্লিষ্ট চিকিৎসক এবং সিংড়া আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা ছিলেন।

  • বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ মারা গেছেন

    বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ মারা গেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ এপ্রিল, ২০২৪: বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস (৭৮) মারা গেছেন। তিনি জাসদ রাজনীতির্ সঙ্গে জড়িত ছিলেন।

    আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ।

    এর আগে শিব নারায়ণ দাস রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

    শিব নারায়ণ দাশ প্রথম ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন অংশগ্রহণ করে কারাবরণ করেন।

    ১৯৭০ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণের কথা ছিল। এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি জয়বাংলা বাহিনী, মতান্তরে ‘ফেব্রুয়ারি ১৫ বাহিনী’ গঠন করা হয়। ছাত্রনেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেয়।

    এই লক্ষ্যে ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের (তৎকালীন ইকবাল হল) ১০৮ নম্বর কক্ষে ছাত্রলীগ নেতা আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমদ, মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরী, জগন্নাথ কলেজের ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিব নারায়ণ দাশ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু ও ছাত্রনেতা ইউসুফ সালাউদ্দিন।

    সভায় কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার ওপর ভিত্তি করে সবার আলোচনার শেষে সবুজ জমিনের ওপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয়। কামরুল আলম খান (খসরু) তখন ঢাকা নিউ মার্কেটের এক বিহারী দর্জির দোকান থেকে বড় এক টুকরো সবুজ কাপড়ের মাঝে লাল একটি বৃত্ত সেলাই করে আনলেন; এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কায়েদে আজম হলের (বর্তমানে তিতুমীর হল) ৩১২ নম্বর কক্ষের এনামুল হকের কাছ থেকে অ্যাটলাস নিয়ে ট্রেসিং পেপারে আঁকা হলো পূর্ব পাকিস্তানের মানচিত্র।

    শিব নারায়ণ দাশ সবারশেষে তার নিপুন হাতে মানচিত্রটি আঁকলেন লাল বৃত্তের মাঝে, এমনি করে রচিত হলো ‘ফেব্রুয়ারি ১৫ বাহিনী’র পতাকা, যা কিছুদিন পর স্বীকৃত হয় বাংলাদেশের প্রথম পতাকা হিসেবে।

    শিব নারায়ণ দাসের পিতা সতীশচন্দ্র দাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা সতীশচন্দ্রকে ধরে নিয়ে হত্যা করে। শিব নারায়ণ দাসের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং তাদের সন্তান অর্ণব আদিত্য দাস।

    এক শোকবার্তায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুর হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার জাসদ নেতা শিব নারায়ণ দাশের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • দর্শক থাকলে বাংলাদেশের  সিনেমা ভারতে যাবে: তথ্য প্রতিমন্ত্রী

    দর্শক থাকলে বাংলাদেশের সিনেমা ভারতে যাবে: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ এপ্রিল, ২০২৪: দর্শক থাকলে বাংলাদেশের সিনেমা ভারতে যাবে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, “দর্শককে জোর করে কিছু দেখানো যায় না। বাজারে কোনো জিনিসের চাহিদা থাকলে তা স্বয়ংক্রিয়ভাবেই যাবে-আসবে। সিনেমা যেহেতু প্রোডাক্ট, সেহেতু ভারতের বাজারে দর্শক থাকলে অবশ্যই যাবে। ”

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ এসব কথা বলেন।

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “অপপ্রচার রোধে ভারতের কিছু প্রতিষ্ঠান কাজ করে। তারা কীভাবে কাজ করে, তাদের অভিজ্ঞতা এবং প্রক্রিয়া-পদ্ধতি বিনিময় জানা-বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে কোনো প্রশিক্ষণের প্রয়োজন হলে আমরা সহায়তা নেব। ”

    তিনি বলেন, “বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব কো-অপারেশন আছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিটিভিতে দুই ঘণ্টার একটি চাংক নিয়ে আমরা আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ, চলমান ঘটনাপ্রবাহ এবং সংবাদ উপস্থাপনা শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে ভারতের যে সংবাদ সংস্থাগুলো আছে, বিশেষ করে এএনআইয়ের সঙ্গে কোলাবরেশন করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে।”

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “যেহেতু বিটিভি ইন্ডিয়াতে দেখানো হয়, সেহেতু দুই ঘণ্টার এ চাংক আমরা ধীরে ধীরে দুই, তিন, চার ঘণ্টা পর্যন্ত বাড়াব। আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করতে চাচ্ছি, যেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের খবর থাকবে, এর বাইরেও বিভিন্ন দেশের খবর থাকবে। এখানে আমরা চেষ্টা করব ভারতীয় দর্শকদের আকৃষ্ট করতে। এ ছাড়া ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন নিয়ে ইনস্টিটিউশন আছে, তাদের সঙ্গে কোলাবরেশন করা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও ট্রেনিং করা। সম্প্রতি ‘মুজিব’ শিরোনামের যে সিনেমাটি সহ-প্রযোজনা হয়েছে, এমন অন্য কোনো সিনেমায় সহ-প্রযোজনার সুযোগ আছে কি না।”

    তিনি আরও বলেন, “যে বিষয়গুলো নিয়ে আমাদের আরও কো-অপারেশনের সুযোগ আছে, সেসব নিয়ে আমরা আলোচনা করেছি। আমি মনে করি- বাংলাদেশ এ বিষয়ে বেশি লাভবান হবে। কারণ ভারতের ফিল্মে, টেলিভিশনে বা অন্যান্য জায়গায় যে অভিজ্ঞতা আছে, তা আমরা যত বেশি নেয়ার চেষ্টা করা যায়। এসব দেশের উন্নয়নের জন্য জরুরি।”

  • সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছে: পরিবেশমন্ত্রী

    সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছে: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ এপ্রিল, ২০২৪: সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছে, বলে জানিয়েছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, “সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছে। ইউএন সিস্টেম অব এনভায়রনমেন্টাল ইকোনমিক অ্যাকাউন্টিং এর ফ্রেমওয়ার্ক এবং সংশ্লিষ্ট থিমেটিক এরিয়াসমূহের বিবেচনায় এই উদ্যোগ নেয়া হয়।”

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ পরিসংখ্যান ভবনে ‘ন্যাচারাল রিসোর্স একাউন্টস আন্ডার সিস্টেম অন এনভায়রনমেন্টাল ইকোনমিক একাউন্টিং ইন ফোকাসিং ল্যান্ড এন্ড ফরেস্ট একাউন্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিবেশ পরিসংখ্যান প্রণয়নের জন্য এ সংক্রান্ত একটি সেল গঠন করেছে। এবং সেলের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের মাধ্যমে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র, দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন করছে।”

    তিনি বলেন, “এসডিজি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, পারসপেক্টিভ প্ল্যান, ডেল্টা প্ল্যান ২১০০সহ মুজিব ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান বাস্তবায়নে টেকসই পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ ও মূল্যায়নে ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টস এবং এ সংক্রান্ত আরও পরিবেশ পরিসংখ্যান অতীব জরুরী, যা বিবিএস প্রণয়ন করবে। বিবিএস পরিবেশ পরিসংখ্যান প্রণয়নের এ কাজে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থাকে তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করতে হবে।”

    বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেন, “প্রাকৃতিক সম্পদের জরিপ বিষয়টি আমাদের জীবনের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত, এর ফলে জীবনের জন্য প্রয়োজনীয় তথ্যভা-ার আরও সমৃদ্ধ হবে।”

    পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ জিয়াওকুন শি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র উপমহাপরিচালক পরিমল চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক সাদ্দাম হোসেন খান।

    বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএস এর সদরদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি: প্রধানমন্ত্রী

    বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ এপ্রিল, ২০২৪: বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি, বলে জানয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন- আমরা কারো কাছে ভিক্ষা চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা মান-সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। সেই আদর্শে আমরা দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি।”

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “১৯৯৬ সালে আমি যখন সরকার গঠন করলাম, তখন রিজার্ভ মানিও তেমন ছিল না। এশিয়াতে তখন খাদ্য মন্দা। আমাদের লক্ষ্য ছিল, আমরা কারো কাছে হাত পেতে চলব না। নিজের ফসল নিজে উৎপাদন করব।”

    শেখ হাসিনা বলেন, “পার্লামেন্টে যেদিন ঘোষণা দিলাম বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তখন বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া বসা ছিলেন। আর সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে খাদ্যের সাহায্য পাওয়া যাবে না। তাদের চিন্তাধারা ছিল আমরা প্রতিনিয়ত অন্যজনের কাছে হাত পেতে থাকবো। অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, আর ভিক্ষা চেয়ে খাবার খাব।”

    তিনি আরও বলেন, “২০০১ সালে আমার সরকারের মেয়াদ শেষ হলে যখন ক্ষমতা হস্তান্তর করি, তখন ২৬ লাখ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে গিয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয়— ২০০৯ সালে যখন আমরা আবার ক্ষমতায় আসি তখন দেখি, ২৬ লাখ মেট্রিক টন উদ্বৃত্ত তো দূরের কথা বরং ৩০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল বাংলাদেশে।”

    সরকারপ্রধান বলেন, “আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম, ২০০১ সালে বিএনপি এসে সেগুলোর ওপর হামলা চালায়। অনেকের পোল্ট্রি ফার্মে বোমা মেরে মুরগি উড়িয়ে দিয়েছে। খামারিদের কাছ থেকে গরু নিয়ে খেয়ে ফেলেছে। পেঁপে থেকে শুরু করে সকল ফলের গাছ কেটে ফেলেছে। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে তারা এভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। দেশের জন্য এটা কত ক্ষতি হবে সেই চিন্তা তাদের মাথায় ছিল না।”

    প্রধানমন্ত্রী বলেন, “১৯৯৬ সাল থেকে আমরা গবেষণার ওপর গুরুত্ব দিয়েছি। গবেষণা ইনস্টিটিউটগুলো জাতির পিতা করে দিয়ে গেছেন। গবেষণা ছাড়া উন্নত জাত বা অধিক ফলন ফলানো সম্ভব না।”

    প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠানে সভাপতিম্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে ১৮ ও ১৯ এপ্রিল দুই দিনব্যাপী পুরাতন বাণিজ্য মেলার মাঠ, আগারগাঁওয়ে দুদিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশের ৬৪ জেলার ৪৬৬ উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে।

    এসব প্রদর্শনীতে নিজ নিজ উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন: গাভি, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, দুম্বা, কবুতর, শৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হবে।

  • জলবায়ু সহনীয় বাড়ি তৈরি করে বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেরিনা

    জলবায়ু সহনীয় বাড়ি তৈরি করে বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেরিনা

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ এপ্রিল, ২০২৪: বাংলাদেশের মেরিনা তাবাসসুম বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম-এর ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন । তিনি পেশায় একজন স্থপতি। উদ্ভাবক ক্যাটাগরিতে এ তালিকায় স্থান পেয়েছেন মেরিনা। তিনি একজন সফল চিন্তিবিদও।

    মেরিনা তাবাসসুম সম্পর্কে টাইম লিখেছে, সচরাচর পুরস্কারজয়ী স্থপতিদের সঙ্গে পরোপকার শব্দটি তেমন একটা উল্লেখ করা হয় না। তবে মেরিনা তেমন সাধারণ নন। তিনি স্থাপত্য কাজে এমন একটি চর্চা তৈরি করেছেন, যাতে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই পৃথিবী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার পায়।

    টাইম লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাসসুম এমন এক ধরনের বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয়ও কম এবং সহজে স্থানান্তর যোগ্য।

    গতকাল বুধবার ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির এ তালিকা প্রকাশ করেছে টাইম।

    তালিকায় মেরিনা তাবাসসুম ছাড়াও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন- রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ পরিচিত অনেক মুখ। ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাট শিল্পীশ্রেণিতে এই তালিকায় স্থান পেয়েছেন।

    এর আগে ২০২০ সালে বিশ্বের সেরা ৫০ চিন্তাবিদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। গত ১৪ জুলাই বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের এই তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন ‘প্রসপেক্ট’।

    ম্যাগাজিনটিতে বলা হয়েছে, মেরিনা তাবাসসুম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে ভবন নির্মাণ এবং পরিবেশের দ্বারা উদ্ভূত চ্যালেঞ্জগুলো গ্রহণ করে নকশা তৈরি করায় দারুণ অবদান রেখেছেন।

  • দূতাবাসে নয় চীনের ভিসা এখন পাওয়া যাবে অ্যাপ্লিকেশন সেন্টারে

    দূতাবাসে নয় চীনের ভিসা এখন পাওয়া যাবে অ্যাপ্লিকেশন সেন্টারে

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ এপ্রিল, ২০২৪: ঢাকায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু করেছে চীনা দূতাবাস। এই সেন্টার বাংলাদেশের মানুষকে ভিসা-সংক্রান্ত আরও উন্নত সেবা দিবে । ফলে সাধারণ পাসপোর্টধারীদের ভিসার জন্য আর দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব প্রমুখ।

    অনুষ্ঠানে বলা হয়, আবেদনকারীকে ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে (www.visaforchina.cn) লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং তারপর ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে। দূতাবাস আর সাধারণ পাসপোর্টধারীদের ভিসার আবেদন এবং বৈধকরণের আবেদন সরাসরি গ্রহণ করবে না। চীনা দূতাবাস থেকে ধার্য করা ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফির পাশাপাশি আবেদনের জন্য একটি ফি নেওয়া হবে।

    অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনে মধ্যে সব পর্যায়ে সম্পর্ক দিন দিন বাড়ছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ছে। সে কারণে চীনা ভিসা আরও সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এই ভিসা সেন্টার চালু করা হলো।

    অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে চীন সফর করেন। তিনি ‘আমার দেখা নয়া চীন’ বইয়ে তার সেই অভিজ্ঞতা লিখেছেন। আমাদের দেশের জনগণেরও চীন সম্পর্কে আগ্রহ রয়েছে।

    তিনি আরও বলেন, চীনের এই নতুন স্মার্ট সেন্টারের মাধ্যমে ভিসা পাওয়া আরও সহজ হবে। ভিসা সহজ হলে দুই দেশের জনগণের সম্পর্ক আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    ঢাকার চীনা দূতাবাস জানায়, ভিসা সেন্টার চালুর পর থেকে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা এখানে ভিসার আবেদন জমা দিতে পারবেন। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

    ছুটির দিন ছাড়া রবি থেকে বৃহস্পতিবার ভিসা সেন্টার খোলা থাকবে। আবেদন জমা এবং ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর পাসপোর্ট সংগ্রহের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা।

  • শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার বিষয়টি মন্ত্রীদের নজর রাখতে বলেছেন

    শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার বিষয়টি মন্ত্রীদের নজর রাখতে বলেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ এপ্রিল, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মন্ত্রিসভার সব সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন । একই সঙ্গে মধ্যপ্রাচ্যে এখন যে বাস্তবতা তৈরি হচ্ছে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রস্তুত থাকতে হবে বলেও উল্লেখ করেন।

    আজ সোমবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

    বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রধানমন্ত্রী প্রসঙ্গটা আলোচনা করেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে বাস্তবতা তৈরি হচ্ছে, সেটির দিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখা। মন্ত্রিসভার সকল সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। এই ঘটনার পর এবং এতে সম্ভাব্য রিঅ্যাকশন কী হতে পারে, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে বলেছেন। সেটি কীভাবে আমরা মোকাবিলা করব, কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদি হয়, সেগুলো মোকাবিলা করার জন্য আমরা কী করতে পারি, সেজন্য প্র্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন। সেই নির্দেশনা দিয়েছেন।”

    ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে। যদি দীর্ঘমেয়াদি হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে বা বিভিন্ন সেক্টরে যে ইমপ্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিস্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে সেটি মোকাবিলা করার জন্য যেন তারা পরিকল্পনা নেন এবং প্রস্তুতি নেন। সে প্রস্তুতি নিতে বলেছেন। যার যার সেক্টরে যেন প্রস্তুতি নেন। ’

    অর্থনীতির ওপর প্রভাব বা তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রথমত আলোচনা হয়নি। অর্থনীতি বা তেলের দাম এরকম না। তিনি বলেছেন, প্রত্যেককে এক্সারসাইজ করতে। তিনিও এক্সারসাইজ করছেন। সকলকে বলেছেন। যখনই পরিবর্তন বা চ্যালেঞ্জ দেখব তখনই যেন অ্যাকশন…। আমরা যেন রি-অ্যাকটিভ না, আমরা যেন প্রো-অ্যাকটিভ হই। সেজন্য প্রস্তুতি নিতে বলেছেন।”

    ব্যয় সাশ্রয়ী হতে বলেছেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, “যা যা করণীয় প্রস্তুতি নিতে বলেছেন। হয়তো জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, তখন তার প্রভাব কী, কী করা যায়, সেসব বিষয়ে পরিকল্পনা রাখতে বলেছেন।”