Category: বাংলাদেশ

  • এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বেড়েছে

    এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বেড়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।এই সয়ের মধ্যে যারা ফরম পূরণ করবে তাদের বিলম্ব ফি দিতে হবে না।

    আজ রবিবার (২১ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিলম্ব ফি ছাড়া সোনালি সেবার মাধ্যমে ‘ফি’ পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ৬ মে।

    আর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ৭ থেকে ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সোনালি সেবার মাধ্যমে ‘ফি’ পরিশোধের সর্বশেষ তারিখ ১৩ মে।

    উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

    এর আগে গত ১৬ এপ্রিল থেকে জরিমানা ছাড়া ফরম পূরণ শুরু হয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছিল। বিলম্ব ফিসহ আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত।

    বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা করে ফরম পূরণ ফি নেওয়া হবে।

  • ট্রেনের চাকার নিচে কাটা পড়লো আনু মুহাম্মদের বাঁ পায়ের সব আঙুল

    ট্রেনের চাকার নিচে কাটা পড়লো আনু মুহাম্মদের বাঁ পায়ের সব আঙুল

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাঁ পায়ের সব আঙুল কাটা পড়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।

    আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়েছে।

    ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, অধ্যাপক আনু মুহাম্মদের বাঁ-পায়ের সবগুলো আঙুল কাটা পড়েছে। এছাড়া ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

    তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু অধ্যাপক তানজীম উদ্দিন খান বলেন, “দিনাজপুরের ফুলবাড়ি থেকে একটি সম্মেলন শেষে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন আনু মোহাম্মদ। খিলগাঁও রেলগেটে চলতি ট্রেনের গতি কমিয়ে দিল ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। এতে তার বাম পায়ের সবগুলো আঙ্গুল কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

    ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, বাম পায়ে আঙুল কাটা পড়েছে। আপতত ব্যান্ডেজ করা হয়েছে। বার্ন ইউনিটের কল করা হয়েছে। তবে আঙুলগুলো রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

  • দেশে নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি: তথ্য প্রতিমন্ত্রী

    দেশে নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ এপ্রিল, ২০২৪: দেশে নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, “দেশে নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি। এছাড়া পত্রিকার অনলাইনসহ বর্তমানে ৪২৬টি নিবন্ধিত নিউজ পোর্টাল রয়েছে।”

    আজ শনিবার (২০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, আর সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “আরও বেশ কিছু নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর বাইরে মন্ত্রণালয়ের উদ্যোগে সবগুলো নিউজ পোর্টালের তালিকা করা হয়েছে। নিবন্ধন ও আবেদনের বাইরে থাকা পোর্টালগুলো বন্ধ করে দেওয়ার জন্য তালিকা বিটিআরসিতে পাঠানো হচ্ছে। চটকদার ও মিথ্যা সংবাদ প্রচার করা এসব নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়ার জন্য সাংবাদিকদের পক্ষে থেকে দাবি করা হয়েছিল।

    তিনি বলেন, “সাংবাদিকতার জন্য চমৎকার পরিবেশ তৈরি করতে চাই। মুক্তিযুদ্ধের অঙ্গীকার হিসেবে মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে চাই।”

    তথ্য দেওয়ার ক্ষেত্রে দেশে কিছুটা অনীহা রয়েছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “তথ্য চাওয়া হলে তথ্য দিতে হবে। সেটাই করার জন্য আমরা মন্ত্রীসহ প্রশাসনের সবাইকে নিয়ে কাজ করছি। কারণ, তথ্য না থাকলে অপ্রচারের সুযোগ তৈরি হয়।”

    অসত্য তথ্য দিয়ে যারা সরকারের সমালোচনা ও অপ্রচার করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান মন্ত্রী।

  • তোমাদের আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করতে হবে: আইজিপি

    তোমাদের আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করতে হবে: আইজিপি

    www.HelloBangla.News – জাতীয় – ২০ এপ্রিল, ২০২৪: তোমাদের আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করতে হবে, বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, “তোমাদের দেশের সীমা ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করতে হবে।”

    আজ শনিবার (২০ এপ্রিল) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্স সেমিনার হলে আইজিপি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

    আইজিপি বলেন, “জ্ঞানার্জনের পাশাপাশি তোমাদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। নিজের শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার সর্বোপরি দেশের সুনাম বৃদ্ধি করতে হবে।”

    পুলিশের মহাপরিদর্শক বলেন, “বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ এবং প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অন্যতম অভিযাত্রী হিসেবে কাজ করতে হবে তোমাদেরকে।

    সমিতির উদ্যোগে বাংলাদেশ পুলিশ পরিচালিত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

    অনুষ্ঠানে ঢাকা মহানগর এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। আইজিপি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও সনদপত্র তুলে দেন।

    বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মশিউল হক চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

  • তাপপ্রবাহের সময় বয়স্ক ও শিশুরা প্রয়োজন ছাড়া বাইরে না যায়: স্বাস্থ্যমন্ত্রী

    তাপপ্রবাহের সময় বয়স্ক ও শিশুরা প্রয়োজন ছাড়া বাইরে না যায়: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ এপ্রিল, ২০২৪: তাপপ্রবাহের সময় বয়স্ক ও শিশুরা প্রয়োজন ছাড়া বাইরে না যায়, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।তিনি বলেন, তাপপ্রবাহের সময় আমাদের কিছু নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুলো সব জায়গায় দেওয়া হবে, যেন বয়স্ক ও শিশুরা প্রয়োজন ছাড়া বাইরে না যায়। এই যে নির্দেশনা আজ থেকে শুরু হবে। স্কুল বন্ধ হয়ে যাবে।”

    আজ শনিবার (২০ এপ্রিল)  দুপুরে সাভার পৌর এলাকার শিমুলতলা মহল্লায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নার্সিং কলেজ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা এক সপ্তাহ স্কুলগুলো বন্ধ রাখার পদক্ষেপ নিচ্ছি। এ সময় অতিরিক্ত গরমের মধ্যে প্রয়োজন ছাড়া বয়স্ক ও শিশুদের বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছি।”

    বিভিন্ন স্থানে ঘুরে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিনা- সাংবাদিকদের এমন  প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, আমি সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই। এজন্য হেলথ কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিককে উন্নত করতে হবে। উন্নত করে সাধারণ মানুষ যেন গ্রামেই চিকিৎসা পায়, সেটা নিশ্চিত করতে হবে।”

    অনুষ্ঠানে সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভ্যালোরি টেইলর।

  • তীব্র তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা

    তীব্র তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা

    www.HelloBangla.News – জাতীয় – ২০ এপ্রিল, ২০২৪: তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের সুরক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আরও ৭ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে। ২৮ এপ্রিল থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ক্লাস শুরু হবে।

    আজ শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    তিনি জানায়, তীব্র তাপদাহে শিশু কিশোরদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় প্রাথমিক স্কুলের ছুটি ২১ এপ্রিলের পরিবর্তে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। ২৮ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। এ সময় সরকারি স্কুল, শিশুকল্যাণ ও টাস্ট্রের স্কুলগুলো ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো স্কুল ছুটি থাকবে।

    এর আগে সকালে এক বিবৃতিতে আপাতত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়।

    এতে জানানো হয়, দেশজুড়ে বহমান দাবদাহের দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে।

    এদিকে শুক্রবার আবহাওয়া অধিদপ্তর থেকে কয়েকটি জেলায় হিট অ্যালার্ট জারি করার পর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ানোর দাবি জানান অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

    সংগঠনটি বলছে, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। তাই দেশের সব স্কুল-কলেজ- মাদরাসা আগামী ৭ দিনের জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাচ্ছি।

    ঈদের ছুটি শেষে রবিবার(২১ এপ্রিল) থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল

  • এবার ঈদে সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত

    এবার ঈদে সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত

    www.HelloBangla.News – জাতীয় – ২০ এপ্রিল, ২০২৪: সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা যেন বেড়েই চলেছে। কোন মতেই সড়কে দুর্ঘটনা জনিত মৃত্যু কমানো যাচ্ছে না। এবার ঈদে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১ হাজার ৩৯৮ জন।  গতবারের তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ৩১ দশমিক ২৫ শতাংশ।

    আজ শনিবার (২০ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

    ঈদযাত্রা শুরুর দিন ৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ঈদ শেষে কর্মস্থলে ফেরা পর্যন্ত এ তথ্য উঠে এসেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে ।

    একই সময়ে রেলপথে ১৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। নৌ-পথে দুটি দুর্ঘটনায় সাতজন নিহত, পাঁচজন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌ পথে সর্বমোট ৪১৯টি দুর্ঘটনায় জন ৪৩৮ নিহত ও ১ হাজার ৪২৪ জন আহত হয়েছেন।

    আর বিগত ২০২৩ সালের ঈদুল ফিতরে ৩০৪টি সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত ও ৫৬৫ জন আহত হয়েছিল। গত বছরের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৩১ দশমিক ২৫ শতাংশ, প্রাণহানি ২৪ দশমিক ০৮ শতাংশ, আহত ১৪৭. দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।

    প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটি ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছে।

    পর্যবেক্ষণে দেখা গেছে, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ২০ শতাংশ মানুষের বেশি যাতায়াত হয়েছে। বর্তমান সরকারের বিগত ১৫ বছরে ধারাবাহিক উন্নয়নের ফলে দেশের সড়ক-মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনে গতি বেড়েছে। দেশের সবকটি সড়ক-মহাসড়কের পাশাপাশি পদ্মাসেতুতে মোটরসাইকেলের অবাধ চলাচলের কারণে মোট যাত্রীর সাত দশমিক পাঁচ শতাংশ মোটরসাইকেলে যাতায়াত হয়েছে। সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও পথে পথে যাত্রী হয়রানি চরমে উঠেছিল। গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনদের ঈদে বাড়ি যেতে হয়েছে।

    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতির প্রতিবেদনে আরও দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন নিহত, ২৪০ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার ৪৯ দশমিক ৬২ শতাংশ, নিহতের ৪০ দশমিক ৫৪ শতাংশ এবং আহতের ৩০ দশমিক ৩৭ শতাংশ প্রায়।

    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতির প্রতিবেদনে দেখা গেছে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৮৭ জন চালক, ৩১ জন পরিবহন শ্রমিক, ৪০ জন পথচারী, ৭৫ জন নারী, ৪৭ জন শিশু, ২৭ জন শিক্ষার্থী, ০৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চারজন শিক্ষক, একজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, একজন বীর মুক্তিযোদ্ধা, দুজন চিকিৎসকের পরিচয় মিলেছে।

  • তাপপ্রবাহে স্কুল ছুটি আরও ৭ দিন বাড়ানোর দাবি

    তাপপ্রবাহে স্কুল ছুটি আরও ৭ দিন বাড়ানোর দাবি

    www.HelloBangla.News – জাতীয় – ২০ এপ্রিল, ২০২৪: রাজধানীসহ সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। আগামী তিন দিন হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে আগামীকাল রবিবার(২১ এপ্রিল) খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এই গরমে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

    সংগঠনটি বলছে, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। তাই দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা আগামী ৭ দিনের জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানাচ্ছি।

    বিষয়টি অবশ্যই প্রাসঙ্গিক, কেননা আবহাওয়া অফিস এই গরমে জানুষজনকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করছে তখন স্কুল শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে উপস্থিত থাকটা যুক্তিযুক্ত হতে পারে না।বিকল্প ভাবে অনলাইনে পাঠদান চালু রাখা যায়।

    এদিকে স্কুল খোলা রেখে এই গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি না করানোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

  • বাস্তবতা হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

    বাস্তবতা হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ এপ্রিল, ২০২৪: বাস্তবতা হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, “আজকে (বিএনপি) সব জায়গায় কান্নাকাটি করে বলছে তাদের বিরুদ্ধে মামলা। তাদের জিজ্ঞেস করতে হবে মামলাগুলো কিসের মামলা? অগ্নিসন্ত্রাস, অস্ত্রপাচার, গ্রেনেড হামলাসহ বিভিন্ন অপরাধের মামলা। তারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটাই তো বাস্তবতা।”

    আজ শুক্রবার (১৯ এপ্রিল) কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) ৩ হাজার ৮০০ গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে। ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা, তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে, ২৮ অক্টোবর (২০২৩) যে ঘটনা তারা ঘটালো নির্বাচন ঠেকাতে যেয়ে রেলে আগুন দিয়ে মা-শিশুকে পুড়িয়ে মেরেছে, যারা এগুলো করলো তাদের বিরুদ্ধে কি মামলা হবে না? তাদের কি মানুষ পূজা করবে।

    তিনি আরও বলেন, “এসব মামলা আরও দ্রুত শেষ করে শাস্তি দিয়ে দেওয়া উচিত।”

    শেখ হাসিনা বলেন, “তাদের ভাগ্য ভালো আমরা ক্ষমতায় আছি, আমরা তাদের মতো প্রতিশোধপরায়ণ না দেখে তারা এখনো কথা বলার সুযোগ পায়। তারা সারাদিন কথা বলে মাইক লাগিয়ে, তারপর বলবে কথা বলার সুযোগ পায় না।”

    বিরোধী দলে থাকার সময়কার কথা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না। কীভাবে তারা অত্যাচার করেছে আমাদের ওপর, আমরা তো তার কিছুই করি নাই। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি। আমরা আমাদের সব শক্তি-মেধা কাজে লাগিয়েছি দেশের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে।”

    প্রধানমন্ত্রী বলেন, “সরকার বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্যের অভাব হবে না।”

    তিনি বলেন, “একসময় যারা নুন ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তা করতে পারতো না, এখন তারা মাছ-মাংস, ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কি না তা বিবেচনা করতে হবে।”

  • তীব্র তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকার নির্দেশ

    তীব্র তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকার নির্দেশ

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ এপ্রিল, ২০২৪: আবহাওয়া অফিস জানিয়েছে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে৷ এই অবস্থায় সবাই সতর্ক থাকার পাশাপাশি আগামী তিন দিন হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সতর্কবার্তায় জানিয়েছেন, দেশের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ (১৯ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

    অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    আগামী কাল শনিবার (২০ এপ্রিল) সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও

    কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    এছাড়া বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    শনিবার সকাল থেকে রবিবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থয়ীভাবে দমকাঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

    রবিবার সকাল থেকে সোমবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

    বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।