Category: বাংলাদেশ

  • নির্বাচন সবার সহযোগিতায় সফল করা উচিত: ইসি রাশেদা

    নির্বাচন সবার সহযোগিতায় সফল করা উচিত: ইসি রাশেদা

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ডিসেম্বর, ২০২৩: নির্বাচন সবার সহযোগিতায় সফল করা উচিত, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, “নির্বাচন কঠিন কাজ। এটি সবার সমন্বয় ও সহযোগিতায় সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।”

    আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের  সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    রাশেদা সুলতানা বলেন, “ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি-ধমকি দেয়, পথেঘাটে কিংবা যেখানেই হোক দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। ভোটাররা নির্ভয়ে ও নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।”

    বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, “ঘটনা যা ঘটবে তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক, ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন।”

    এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এসএম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    এরপর নির্বাচন কমিশনার একই হলরুমে চারটি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিয় করবেন।

  • কবি আবু বকর সিদ্দিক আর নেই

    কবি আবু বকর সিদ্দিক আর নেই

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ডিসেম্বর, ২০২৩: শিক্ষক, কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সমালোচক আবু বকর সিদ্দিক (৯১) আর নেই।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ৬টার দিকে খুলনার সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা মহানগরীর ৫ নম্বর মুন্সিপাড়া ছোট বোনের বাড়িতে কবি দীর্ঘ ১ যুগ ধরে বসবাস করে আসছিলেন।

    জানা গেছে, প্রায় এক যুগ ধরে আবু বকর সিদ্দিক বোনের বাসায় থাকতেন। আজ বৃহস্পতিবার বাদ যোহর খুলনার শহীদ হাদিস পার্কে কবির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

    মৃত্যুকালে কবি পাঁচ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। কবির এক মেয়ে বিদিশা যিনি একজন ফ্যাশন ডিজাইনার। তিনিএক সময় প্রেসিডেন্ট এরশাদকে বিয়ে করে আলোচনায় আসেন। পরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। এরশাদের সঙ্গে বিচ্ছেদের পর বিদিশার পাশে এই শিক্ষককে শেষবারে দেখা গিয়েছিলো।

    বরেণ্য শিক্ষক ও কবি আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

    আবু বকর সিদ্দিক একাধারে ছিলেন কবি, কথাসাহিত্যিক, ছড়াকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সমালোচক। তিনি ১৯৩৪ সালে ১৯ আগস্ট বাগেরহাট জেলার গোটাপাড়া গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃনিবাস একই জেলার বৈটপুর গ্রামে। পিতা মতিয়র রহমান পাটোয়ারী ছিলেন একজন সরকারি চাকরিজীবী।

    বাবার চাকরি সূত্রে ১৯৩৫ সাল থেকে তিনি হুগলি শহরে এবং ১৯৪৩ সাল থেকে বর্ধমানে বসবাস করেন। বাল্যকাল থেকেই লেখাপড়ার প্রতি তাঁর প্রবল ঝোঁক। ১৯৪৬ সালে পঞ্চম শ্রেণিতে থাকাকালীন তাঁর প্রথম কবিতা আবদুস সাত্তার সম্পাদিত বর্ধমানের কথা পত্রিকায় ছাপা হয়।

    তিনি বাগেরহাট মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫২ সালে মাধ্যমিক, ১৯৫৪ সালে বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং একই কলেজ থেকে ১৯৫৬ সালে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন এবং ১৯৫৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    পেশাগত জীবনে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। তিনি পর্যায়ক্রমে চাখার ফজলুল হক কলেজ, দৌলতপুর বিএল কলেজ, কুষ্টিয়া কলেজ, বাগেরহাট পিসি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

    ১৯৯৪ সালের ৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর কুইন্স ইউনিভার্সিটি ও ঢাকার নটর ডেম কলেজে অধ্যাপনা করেন।

    তিনি কবিতা লিখতে বেশি পছন্দ করতেন। তাঁর প্রকাশিত ধবল দুধের স্বরগ্রাম (১৯৬৯), বিনিদ্র কালের ভেলা (১৯৭৬), হে লোকসভ্যতা (১৯৮৪), মানুষ তোমার বিক্ষত দিনসহ (১৯৮৬) ১৮টি কাব্যগ্রন্থ আছে। আছে হট্টমালা (২০০১) নামে একটি ছড়াগ্রন্থও।

    তাঁর লেখা গল্পগ্রন্থের সংখ্যা ১০টি। তিনি জলরাক্ষস (১৯৮৫), খরাদাহ, একাত্তরের হৃদয়ভস্ম, বারুদপোড়া প্রহর (১৯৯৬) নামে উপন্যাসও লিখেছেন।

    সাহিত্যে অবদানের জন্য কবি আবুবকর সিদ্দিক ১৯৮৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

  • আজকের বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়: প্রধানমন্ত্রী

    আজকের বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ ডিসেম্বর, ২০২৩: আজকের বাংলাদেশ দারিদ্র্যক্লিষ্ট, অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়, বলে জানিয়েছেন  আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, “গত ১৫ বছরে বাংলাদেশের রূপান্তর ঘটেছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।”

    আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    ইশতেহার ঘোষণার বক্তব্যে শেখ হাসিনা বলেন, “সন্ত্রাস করে নির্বাচন বানচাল করার স্বপ্ন-সাধ কোনদিনই তাদের (বিএনপি-জামায়াত) পূরণ হতে দেবে না এদেশের জনগণ। ২০১৩-২০১৬ সময়ে যেমন আপনারা তাদের প্রতিহত করেছিলেন; আসুন, এবারও সম্মিলিতভাবে তাদের প্রতিহত করি।”

    অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, “মা ও শিশুর অগ্নিদগ্ধ লাশ সবার বিবেককে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। এই ধরনের হীন কাজ আর সহ্য করা যায় না। জনগণের সাড়া না পেয়ে ভাড়াটে বাহিনী দিয়ে তাড়া এসব নাশকতা চালিয়ে জান-মালের ক্ষতি করছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যার সময় আমি এবং আমার ছোটবোন বিদেশে ছিলাম। সে কারণে আমরা প্রাণে বেঁচে যাই। দীর্ঘ ৬ বছর আমরা রিফিউজি হিসেবে প্রবাস জীবন কাটাতে বাধ্য হই। ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ও জনগণের সমর্থন নিয়ে আমি দেশে ফিরে আসি। অবৈধভাবে ক্ষমতাসীন সরকার, জাতির পিতার হত্যাকারী ও ষড়যন্ত্রকারী এবং যুদ্ধাপরাধীদের সব রক্ত চক্ষু উপেক্ষা করেই আমি দেশে ফিরে আসি।”

    তিনি বলেন, “১৯৯৬ সালের ২৩ জুন থেকে ২০০১ সালের ১৫ জুলাই – এই ৫ বছর পূর্ণ করে ২৬ বছর পর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। ১৯৯৬-২০০১ মেয়াদে আমরা ধান ও দানাদার শস্য উৎপাদন বৃদ্ধি করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। স্বাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ, বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা প্রবর্তন এবং বর্গাচাষিদের বিনা জামানতে কৃষি ঋণ প্রদান করি।”

    আওয়ামী লীগ সভাপতি বলেন, “২০০১ সালের ১ অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস বিক্রির প্রতিশ্রুতি দিয়ে এবং নানা চক্রান্তের ফসল হিসেবে বিএনপি-জামায়াত-জোট ক্ষমতার মসনদে আরোহণ করে। এরপরেই দেশে বিপর্যয় নেমে আসে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলা করে ২২ নেতা-কর্মীকে হত্যা এবং ৫০০’র বেশি মানুষকে আহত করে।”

     

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের ইশতেহারে যে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে-

    ১. দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

    ২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।

    ৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

    ৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।

    ৫. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।

    ৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

    ৭. নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা।

    ৮. সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।

    ৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা।

    ১০. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।

    ১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।

     

    সকালে অনুষ্ঠানের শুরুতে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের শীর্ষ নেতারা ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • বলেছিলো পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এখন কোটিপতির গল্প শোনাচ্ছে: তথ্যমন্ত্রী

    বলেছিলো পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এখন কোটিপতির গল্প শোনাচ্ছে: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ ডিসেম্বর, ২০২৩: বলেছিলো পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এখন কোটিপতির গল্প শোনাচ্ছে, এভাবে দেশে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে, বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের প্রার্থীদের আঠারো জনের ১০০ কোটি টাকার বেশি আছে। এছাড়াও ৭৭ শতাংশ কোটিপতি রয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এই পেক্ষিতে এইকথা বলেন তথ্যমন্ত্রী।

    আজ বুধবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

    টিআইবি প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, “গবেষণা করে তারা পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বলেছিল। তাদের অনেক বড়ো গলা ছিল। তারা প্রচুর সংবাদ সম্মেলন করেছে। পরে দেখা গেল, পদ্মা সেতুতে তো দুর্নীতি হয়নি, দুর্নীতির কোনো সুযোগও সৃষ্টি হয়নি। নানা সময়ের নানা গবেষণায় দেখা যায়, সেগুলো আসলে গবেষণা না, কতগুলো প্রতিবেদন প্রকাশ করা হয়। সরকারকে বেকায়দায় ফেলতে সেই প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়।”

    আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আর ৭৭ শতাংশ কোটিপতির কথা বলা হয়েছে, দেশে এক কাঠা জমির দাম গ্রামেও ২০ লাখ টাকা। পাঁচ কাঠা জমির দাম এক কোটি টাকা। ঢাকা শহরে এক কোটি টাকার নিচে কোথাও জমি নেই, চট্টগ্রামেও নেই। কারও তিন কাঠা জমি থাকলেই তো সে কোটিপতি। এখন সবাই কোটিপতি। কাজেই এই হিসাব দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। কাজেই এই হিসাব উদ্দেশ্যপ্রণোদিত।”

    তথ্যমন্ত্রী আরও বলেন, “গত ১৫ বছরে সরকার পরিচালনার সময় দ্রব্যমূল্য সব সময় মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল। কোনো কোনো সময় কোনো কোনো পণ্যের মূল্য বেড়েছে। মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। আজ থেকে ১৫ বছর আগে একজন দিনমজুর সারা দিন পরিশ্রম করে যে টাকা পেতেন, সেই টাকা দিয়ে চার-পাঁচ কেজি চাল কিনতে পারতেন। এখন একজন দিনমজুর সারা দিন কাজ করে যে চাল কিনতে পারেন, সেটা ১২ থেকে ১৫ কেজি। কোনো কোনো ক্ষেত্রে সেটা আরও বেশি। চট্টগ্রামে এক হাজার টাকার নিচে দিনমুজর পাওয়া যায় না। পৃথিবীতে দ্রব্যমূল্য সব সময় বেড়েছে।”

    তবে মাঝে মাঝে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিমভাবে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়ে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এই কথা সত্য, “মাঝে মাঝে ব্যবসায়িক চক্র, মুনাফালোভী সিন্ডিকেট কোনো কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সেই পণ্যমূল্য বাড়িয়ে দেয়। এভাবে তারা ফায়দা লোটে। ভারতের একটি পত্রিকায় পেঁয়াজ রপ্তানি বন্ধের খবর যখন ঢাকার অনলাইনেও প্রকাশিত হয়, তখন কারওয়ান বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ার কোনো কারণ নেই।”

    মন্ত্রী বলেন, “এটা হলো মুনাফালোভীদের কারসাজি। আমরা সেটিকে নিয়ন্ত্রণের কথা বলেছি। আবার সরকার গঠন করতে পারলে এই মুনাফালোভী চক্র, অসাধু চক্র, যারা দেশে মাঝেমধ্যে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে মুনাফালাভের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেটা আমরা করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করছি।”

    আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে আমদানি নির্ভর পণ্যের উৎপাদন বাড়াতে জোর দেওয়া হবে জানিয়েন তথ্যমন্ত্রী।

  • নৌকা মার্কায় ভোট দিয়ে উত্তরবঙ্গ মঙ্গা থেকে মুক্তি পেয়েছে: প্রধানমন্ত্রী

    নৌকা মার্কায় ভোট দিয়ে উত্তরবঙ্গ মঙ্গা থেকে মুক্তি পেয়েছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ডিসেম্বর, ২০২৩: নৌকা মার্কায় ভোট দিয়ে উত্তরবঙ্গ মঙ্গা থেকে মুক্তি পেয়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “১৫ আগস্টের পর বাংলার মানুষ ছিল অবহেলিত। তাদের মাথাপিছু আয় বাড়েনি। তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমি এগিয়ে এসেছি।”

    আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আগামী ৭ জানুয়ারি (২০২৪) নির্বাচন। ওইদিন সকাল সকাল সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। আর নৌকা নূহ নবীর নৌকা মার্কা। সেই মহাপ্লাবনের সময় মানুষকে বাঁচিয়েছিল। এই নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। এই নৌকা মার্কায় ভোট দিয়ে উত্তরবঙ্গ মঙ্গা থেকে মুক্তি পেয়েছে। এখন আর মঙ্গা পিরীত নেই। মঙ্গা থেকে মুক্তি পেয়ে এখন উন্নয়নের সুবাতাস বইছে। এই নৌকা মার্কায় আপনাদের জীবন-মান উন্নত করেছে। কাজেই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার আরও একবার সুযোগ দেবেন। যাতে আপনাদের জীবন সমৃদ্ধ করতে পারি। দেশকে আরও উন্নত করতে চাই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য কেবল নৌকা মার্কা থাকলেই সেটা সম্ভব। আমার আর হারাবার-পাওয়ার কিছু নেই। কিন্তু আপনারা ভালো থাকবেন সেটাই আমার লক্ষ্য। এ জন্য ৭ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভোট দিতে যাবেন।”

    প্রধানমন্ত্রী বলেন, “রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডিউককে আপনাদের হাতে তুলে দিলাম। আরও একবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।”

    এসময় প্রধানমন্ত্রী তার সময়কালে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন।

    এর আগে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

    সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে বেলা ১১টা ৫০ মিনিটে প্রথমে রংপুরের তারাগঞ্জ উপজেলার ওয়াকফ এস্টেট কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় যোগ দেন।

    জনসভা শেষে সড়ক পথে স্বামীর বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন শেখ হাসিনা। ফতেহপুরে স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় ও খাবার শেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ভোট চাইবেন তিনি।

    প্রধানমন্ত্রী পীরগঞ্জ যাওয়ার পথে মিঠাপুকুর উপজেলায় আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেন। তিনি সবার সঙ্গে রংপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমানের পরিচয় করিয়ে দেন এবং তাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

    ‘ডিজিটাল বাংলাদেশ’কে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করতে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

    এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের ছাত্র ও যুবকরা স্মার্ট ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে।  আমরা ভবিষ্যতের জন্য তাদের গড়ে তুলব আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট সোনার বাংলা।’

    নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটি নির্বাচনী পথ উন্মুক্ত করায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আওয়ামী লীগের প্রতিটি প্রার্থীকে সতর্ক করেন আওয়ামী লীগ সভাপতি।

    তিনি আরও বলেন, ‘আপনাদের শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে, আবারও আপনাদের সেবা দিতে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে।’

  • শেখ হাসিনার সরকার নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনার সরকার নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ডিসেম্বর, ২০২৩: শেখ হাসিনার সরকার নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ, বলে জনিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, “এবারে নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের কারচুপি হতে দেবে না। শেখ হাসিনার সরকারও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ।”

    আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এক সময় আজিজ মার্কা ইলেকশন কমিশন এক কোটি ২৩ লাখ ভুয়া ভোট দিয়েছে। এখন যাতে ভুয়া ভোট না হয় সেজন্য আমরা বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছি।”

    পরররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি দেখানো যাবে না। প্রতিটি বুথের নিরাপত্তায় প্রশাসন কাজ করবে।”

    তিনি আরও বলেন, “যারা ভোট বর্জন করে তারা গণতন্ত্রের লোক না। সরকার পরিবর্তন করতে হলে ভোট প্রয়োজন। অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তন করার নিয়ম দুনিয়ার কোথাও নেই।”

    ড. মোমেন বলেন, আফগানিস্তান, ইউক্রেন ও লিবিয়ার মতো বাংলাদেশে মারামারি কাটাকাটি হলে দেশ ধ্বংস হয়ে যাবে।

    এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

  • নির্বাচন কমিশনের দিক নির্দেশনা বাস্তবায়ন করবে র‌্যাব

    নির্বাচন কমিশনের দিক নির্দেশনা বাস্তবায়ন করবে র‌্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ডিসেম্বর, ২০২৩: আসন্ন জাতীয় সংবাদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দিক নির্দেশনা বাস্তবায়নে স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে সেখানেই কাজ করে যাচ্ছে র‌্যাব।

    আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

    নির্বাচনের সহিংসতা কথা উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে যারা তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এরই মধ্যে প্রায় ১০ জনের অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাবো। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে সেখানেই কাজ করে যাচ্ছে র‍্যাব।

    কমান্ডার মঈন আরও বলেন, নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে, আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি। সম্প্রতি নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী, অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। ১০টির বেশি বিদেশি অস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গাড়ি জব্দ করার কথাও জানান তিনি।

  • আজ আওয়ামী লীগের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

    আজ আওয়ামী লীগের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ডিসেম্বর, ২০২৩: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

    এই সময় সেতুমন্ত্রী বলেন, “বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে, হত্যা করেছে, এই ব্যবস্থাকে আমরা চাই না। এই ব্যবস্থাকে আমরা বাতিল করিনি। বাতিল করেছে বিচার বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার এখন মরে গেছে, এটাকে জীবিত করার প্রয়োজন নেই। সারা দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই।”

    তিনি আরও বলেন, “তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। তার বাবা জিয়াউর রহমানও গণতন্ত্র ধ্বংস করেছে। হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি যারা চালু করেছে, তারা এদেশের গণতন্ত্রকে বিকাশে বাধা দেবে, এটাই স্বাভাবিক। ”

    ওবায়দুল কাদের বলেন, “বিশ্ব সংকটের প্রভাব প্রতিক্রিয়া থেকে আমরা বিচ্ছিন্ন নই। আমরা গ্লোবাল পলিটিক্সের বিভিন্ন কারণের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ। গাজায় যে যুদ্ধ চলছে, ইসরায়েলের যে হামলা চলছে, সুদান আবারও বিভক্ত হওয়ার পথে। এই অবস্থায় আমরা সংকটে আছি। দোষটা বড় বড় দেশের, আর শাস্তি পাচ্ছি আমরা।”

    তিনি বলেন, “বাজারে পণ্যের যে ঊর্ধ্বগতি, তা নিয়ে মানুষ দুঃখ-কষ্টে আছে। ক্ষমতাসীন দল হিসেবে আমরা দায় এড়াতে পারি না। পণ্যের দাম অনেক বেড়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহনের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি। এসব সংকট আজ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে একটা সাধারণ জাতীয় নির্বাচন করতে হচ্ছে। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা।”

    ওবায়দুল কাদের বলেন, “কেউ যদি বলে এই সংকটের মুহূর্তে এখন নির্বাচন না করতে তাহলে আমরা বলব, আমাদের সংবিধান আছে। সংবিধান আমাদের নির্বাচন দিয়েই রক্ষা করতে হবে। এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এই নির্বাচন করতে হচ্ছে। বিশ্ব সংকটের যে বাস্তবতা, পাশাপাশি আমাদের অপজিশন বিএনপি নির্বাচন শুধু বয়কট করেনি, পন্ড করতে চায়, বানচাল করতে চায়। তারা ৩০০ এর মতো বাসে আগুন দিয়েছে। পুলিশ হত্যা, আনসার সদস্য হত্যা করেছে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার পোলিং এজেন্টদের আজ ১০টা সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সেশনে প্রশিক্ষণ দেবে। এই কার্যক্রম পরিচালনা করবে আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটি। সারা দেশ থেকে দলীয় প্রার্থীর মনোনীত পোলিং এজেন্টদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নৌকা প্রতীকের প্রতিটি আসন থেকেই পাঁচজন পোলিং এজেন্ট প্রশিক্ষণের জন্য চাওয়া হয়েছিল।

  • একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদন শুরু ২৮ ডিসেম্বর থেকে

    একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদন শুরু ২৮ ডিসেম্বর থেকে

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ডিসেম্বর, ২০২৩: বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বইমেলা শুরু হবে ১ ফেব্রুয়ারি ( ২০২৪ ) থেকে। উক্ত বইমেলার স্টল বরাদ্দের আবেদন পাওয়া যাবে ২৮ ডিসেম্বর থেকে এবং শেষ হবে ৮ই জানুয়ারি ।

    অমর একুশে বইমেলা ২০২৪ পরিচালনা কমিটির সদস্য-সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান অমর একুশে বইমেলা ২০২৪-এ অংশগ্রহণ করতে আগ্রহী প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টলের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্র অনলাইনে www.ba21bookfair.com-এই ওয়েবসাইটে পূরণ করা যাবে।

    আরো উল্লেখ করা হয়, পুরোনো (২০২৩ সালের বইমেলায় অংশগ্রহণকারী) যেসব প্রকাশনা প্রতিষ্ঠান পূর্বের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী তারা আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ একটি চুক্তিপত্রের ১ম ও শেষ পাতা, লেখককে প্রদত্ত সম্মানির সাম্প্রতিক প্রমাণক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থ জমা প্রদানের রসিদ/প্রত্যয়নপত্র এবং অগ্নি- সাইক্লোন বিমার প্রমাণক আপলোড করবেন।

    ভাড়া বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্টলের ভাড়া ব্যাংকে জমা দিয়ে জমার রসিদ আপলোড করতে হবে এবং ০১ (এক) কপি বিক্রয় বিপণন উপবিভাগে জমা দিতে হবে। স্টলের আকার বৃদ্ধির আবেদন অমর একুশে বইমেলা ২০২৪-এ বিবেচনা করা হবে না।

    নতুন আবেদনকারীর বিষয়ে বলা হয়, নতুন আবেদনকারীদের হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ একটি চুক্তিপত্রের ১ম ও শেষ পাতা, লেখককে প্রদত্ত সম্মানির সাম্প্রতিক প্রমাণক এবং আর্কাইভস্ ও গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থ জমা প্রদানের রসিদ/প্রত্যয়নপত্র অক্টোবর ২০২৩-এর মধ্যে সর্বমোট ১০০টি অথবা বিগত এক বৎসরের মধ্যে কমপক্ষে ২৫টি মানসম্মত এবং সম্পূর্ণ নতুন প্রকাশকদের ক্ষেত্রে বিগত তিন বৎসরে ৩০টি মানসম্মত বই একাডেমিতে জমা দিতে হবে।

    বইয়ের মান ও অন্যান্য কাগজ/দলিল যাচাই শেষে স্টল বরাদ্দের ব্যাপারে বইমেলা পরিচালনা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। অনলাইনে আবেদনপত্র জমা দিতে অপারগ প্রতিষ্ঠানসমূহ একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনে সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবে।

    আবেদনের সময়সীমা সম্পর্কে বলা হয়, অনলাইনে বা সরাসরি আবেদনপত্র, বই (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য কাগজ/দলিল ২৮শে ডিসেম্বর ২০২৩ থেকে ০৮ই জানুয়ারি ২০২৪ (৭ই জানুয়ারি ব্যতীত ছুটির দিনসহ)-এর মধ্যে জমা দেওয়া যাবে। এরপর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

    টাকা জমা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠানের স্টল ভাড়া উপর্যুক্ত সময়ের মধ্যে জমা হবে না সেসব প্রতিষ্ঠানের নাম লটারির তালিকা-বহির্ভূত থাকবে। ভাড়া ও অন্যান্য খাত বাবদ প্রদেয় টাকা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখা থেকে অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে। টাকা জমার রসিদে প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর থাকা অপরিহার্য। ব্যাংকে টাকা জমা রসিদের ফটোকপি সদস্য- সচিবের দপ্তরে জমা দিতে হবে।

    বইমেলার নীতিমালার বিষয়ে বলা হয়, অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানকে ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর নীতিমালা ও নিয়মাবলি মেনে চলতে র হবে। এই নীতিমালা ও নিয়মাবলি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

  • ‘বড়দিন’ উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

    ‘বড়দিন’ উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ ডিসেম্বর, ২০২৩: ‘বড়দিন’ উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি একটি অসাম্প্রদায়িক, সুখী-সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

    আজ সোমবার (২৫ ডিসেম্বর)  বঙ্গভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা, তাঁর পরিবারের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সুখী-সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

    তিনি বলেন, ‘সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

    বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘আবহমানকাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছে।’

    ‘বড়দিন’ উপলক্ষে তিনি দেশের খ্রিস্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, যীশুখ্রিস্ট ছিলেন সত্যান্বেষী এবং আলোর দিশারী।

    সাহাবুদ্দিন বলেন, ‘মহামতি যীশুখ্রিস্ট পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন এবং  স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে কাজ করেছেন।’

    রাষ্ট্রপতি মনে করেন, ‘যীশুর এই শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।’

    ‘মন্দের বিনিময়ে কারোর মন্দ করো না। সকল মানুষের দৃষ্টিতে যা উত্তম, ভেবে-চিন্তে তাই করো’, যীশুর এই অমর উক্তি উল্লেখ করে তিনি বলেন, যীশুখৃস্ট মানুষকে ভালোবাসা, সেবা, ক্ষমা, ত্যাগ, সংযম ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা দিয়েছেন।

    বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ বর্তমান যুদ্ধ-বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিস্টের শিক্ষা ও আদর্শ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে রাষ্ট্রপতি আশা করেন।

    ঢাকার আর্চবিশপ বিজয় নিসেফরাস ডি’ক্রুজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওসহ বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

    এ উপলক্ষে রাষ্ট্রপতি দরবার হলে একটি কেক কাটেন এবং অতিথিদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন।