Author: Hello Bangla News

  • যারা পাস করেছে, তাদের আন্তরিক অভিনন্দন: প্রধানমন্ত্রী

    যারা পাস করেছে, তাদের আন্তরিক অভিনন্দন: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মে, ২০২৪: যারা পাস করেছে, তাদের আন্তরিক অভিনন্দন, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “যারা পাস করেছে, তাদের আন্তরিক অভিনন্দন। এজন্য বাবা-মা-অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন জানাই।। যারা কৃতকার্য হতে পারেনি, আমি বলবো, তাতে মন খারাপ করার কিছু নেই। আবার চেষ্টা করলে হয়ত ভালো করতে পারবে। বাবা-মা অভিভাবক যেন এ বিষয়ে গালমন্দ না করেন তাদের। এমনিতেই তো মন খারাপ, তার ওপর অভিভাবকরা রুষ্ট হলে আরও মন খারাপ হবে। কেনো খারাপ ফল করলো, সে কারণ বের করে, তাদের সহানুভূতির সঙ্গে দেখে পড়াশোনার দিকে মনোযোগী হতে সুযোগ দেওয়া দরকার।”

    আজ রবিবার (১২ মে) সকাল সোয়া ১০টার পর গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “ফলাফলে দেখলাম, তিন বোর্ডে ছাত্রের সংখ্যা বেশি। কিছু জায়গায় সমান। অধিকাংশ জায়গায় ছাত্রীদের সংখ্যা বেশি। এটা আমাদের জন্য সুখবর। এসএসসি পর্যন্ত নারীদের শিক্ষা আমরা অবৈতনিক করেছি। পরীক্ষায়ও ছাত্রী সংখ্যা বেশি। এর কারণ খুঁজে বের করতে হবে, কেনো ছাত্রের সংখ্যা কম। কী কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাসের ক্ষেত্রেও মেয়েরা অগ্রগামী। এটা ভালো কথা। কিন্তু ছেলেরা কেনো পিছিয়ে? বের করতে হবে।”

    শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের শেখ হাসিনা বলেন, “যার যার বোর্ডে আপনারা খবর নেন, কী কারণে ছেলেরা পিছিয়ে। ইদানীং কিশোর গ্যাং দেখছি। এগুলো তো আমরা দেখতে চাই না। সেখান থেকে তাদের বিরত করা, একটা সুষ্ঠু পরিবেশে নিয়ে আসা আমাদের দায়িত্ব। আমরা বিবিএসকেও বলবো দেখতে।”

    প্রধানমন্ত্রী বলেন, “দিনে দিনে শিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। তারপরও কেউ কোথাও ছড়িয়ে ছিটিয়ে থাকলে তারা শিক্ষায় অংশগ্রহণ করতে পারে, সে সুযোগ তৈরি করে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা একটা শিক্ষানীতি করেছি, এখন সেটা বাস্তবায়ন করছি। বিনামূল্যে আমরা বই বিতরণ করছি। আজকে ৭৬ শতাংশ বেড়েছে স্বাক্ষরতার হার, এটা আমাদের অর্জন।”

    তিনি বলেন, “আমরা প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করে দিচ্ছি। প্রতিটি জেলা বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার ২২ ভাগে উন্নীত হয়েছে। এটা ২০৩০ সালের মধ্যে ৩০ ভাগ, ও ২০৪১ সালের মধ্যে ৪১ ভাগ করার পরিকল্পনা আছে। প্রাথমিক পর্যায়ে যাতে খেলতে খেলতে শিখতে পারে, সে উদ্যোগ নিতে হবে।”

    সরকারপ্রধান বলেন, “স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদের শিখাতে হবে। জাতির পিতা বলতেন, সোনার বাংলা গড়তে হবে। সোনার বাংলার জন্য সোনার মানুষ অপরিহার্য।”

    এদিন সোয়া ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এতে মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

    দুপুর সাড়ে ১২ টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। এরপর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

    চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। এরপর ১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা। এতে সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

  • আইএলও’র সঙ্গে শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি: আইনমন্ত্রী

    আইএলও’র সঙ্গে শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মে, ২০২৪: আইএলও’র সঙ্গে শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি, বলে জানিয়েছেন আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারব, কোনটা গ্রহণ করতে পারব না, সেক্ষেত্রে কিছুটা বিস্তারিত আলোচনা হচ্ছে।

    আজ  রবিবার (১২ মে) দুপুর ১২টায় এ বৈঠক শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে আলোচনা আলোচনার পর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, “আমি শুধু এতটুকু বলতে পারি, আমাদের আলোচনা চলছে। আগামীকাল (সোমবার) বেলা সাড়ে ১১টা থেকে আবার আলোচনা শুরু হবে। আমি এখন কিছু বলব না, আগামীকাল আলোচনা শেষে বলব।”

    আইনমন্ত্রী বলেন, “৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলোর মধ্যে আজ প্রায় আড়াই ঘণ্টায় ১৭টি পয়েন্ট নিয়ে কথা হয়েছে। আরও ২৪টি পয়েন্ট নিয়ে আলোচনা বাকি আছে। সেগুলো শেষ হওয়ার পর আপনাদের বিস্তারিত জানাব।”

    বৈঠকে আইএলও প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সংস্থাটির কান্ট্রি অফিসের পরিচালক টৌমো পৌটিআইনেন, লেবার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন (এলএডব্লিউসি) ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, ট্রেড ফর ডিসেন্ট ওয়ার্কের কারিগরি অফিসার চায়ানিক থামপারিপাতরা।

  • ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করতে বলেছে সৌদি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করতে বলেছে সৌদি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মে, ২০২৪: ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করতে বলেছে সৌদি সরকার, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “দেশ স্বাধীনের পর বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিল। এর সংখ্যা কত আমাদের জানা নেই। তারা আমাদের জানিয়েছে ৬৯ হাজার। সৌদি আরবের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠায়। সেক্ষেত্রে আমাদের সঙ্গে সৌদি আরবের একটি চুক্তি হয়েছিল তারা রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না, তাদের কাগজ রিনিউ করে দেওয়া হবে।”

    আজ রবিবার (১২ মে) দুপুরে রাজধানীর নিকুঞ্জে হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় পরে  সাংবাদিকদের একথা বলেন তিনি ।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই বিষয়ে আমরা স্লো যাচ্ছি কেন? কিংবা আমাদের কোনো অসুবিধা আছে কি না সেটা দেখার জন্য তারা এসেছিলেন। এছাড়াও সৌদি আরবের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের উভয় দেশের সুবিধা-অসুবিধা নিয়ে আলাপ হয়েছে।”

    তিনি বলেন, “আমাদের সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড ও পুলিশের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে সৌদি আরবে যেসব প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে আমরা বলেছি তারা যেন আমাদের দেশেও এসব প্রশিক্ষণকেন্দ্র পাঠায় এতে উভয় দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্ত হবে।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সৌদি আবর প্রতিনিধিদল উভয় দেশের বন্দি বিনিময় চুক্তির বিষয়ে প্রস্তাব করেছে। বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। যদি সৌদি আবর এই চুক্তি করে তবে ভালো হবে। বাংলাদেশ থেকে তাদের সিকিউরিটি গার্ডের জন্য আনসার পাঠানোর কথা বলেছি। এ বিষয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। আপনারা জানেন যে, ভিআইপি নিরাপত্তার জন্য আনসাদের আমরা গার্ড রেজিমেন্টের হিসেবে তৈরি করেছি।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা রোহিঙ্গাদের নিয়ে কথা বলেছি, এটি তারাও গুরুত্বের সঙ্গে ভাবছেন। রোহিঙ্গাদের মিয়ানমারে যত তাড়াতাড়ি ফেরত পাঠানো যায় সেটি নিয়ে তারা কাজ করছেন।”

    মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা ওয়েভার রয়েছে। ইউএইয়ের সঙ্গে আমাদের কথা চলছে, ভবিষ্যতে ইউএইয়ের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। সৌদি আরব আমাদের সঙ্গে এ বিষয়ে সম্মত হয়েছে।

    সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা দায়িত্ব কোন রাষ্ট্র নেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সৌদি আবর কিন্তু ফেরত পাঠাবে না কাউকে। আবার সৌদি সরকার রোহিঙ্গাদের ওই দেশের নাগরিকত্ব দেবে না। তবে কীভাবে থাকবে। সেজন্য তাদের কিছু ডকুমেন্টস প্রয়োজন সেজন্য তারা আমাদের অনুরোধ করেছিল। আমরা গত বছর সেটি সই করেছিলাম। সেখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কি না সে বিষয়ে সরাসরি কথা বলতে তারা এসেছিলেন।”

    সৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা কি বাংলাদেশি পাসপোর্ট পাবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা তো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছিল। সুতরাং আমরা শুধু তাদের পাসপোর্ট রিনিউ করে দেবো। তাদের নাম-ঠিকানা পাসপোর্টে যেমন আছে তেমনি থাকবে।”

    হজে নিরাপত্তা ও ব্যবস্থাপনার এবার কেমন থাকছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এবার হজ নিয়ে সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। আমাদের দেশের ইমিগ্রেশন সিস্টেম চালু হয়েছে। এখানে ইমিগ্রেশন করে আর অপেক্ষা করতে হবে না। এদিকে সৌদি আবর রোড টু মক্কা বলে আরও একটি সিস্টেম চালু করেছেন। হজযাত্রীরা তাদের লাগেজ এখানে জমা দেবে। সৌদিতে হজযাত্রীদের যে হোটেল রয়েছে সেখানে তাদের লাগেজ পৌঁছে দেওয়া হবে। আমি আশা করছি, হজযাত্রীরা এই সুযোগটি নেবে।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় সৌদি আবরের উপ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সৌদিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কাজ করছেন। ভবিষ্যতে এই সুযোগ আরও বাড়বে বলে আশ্বাস দিয়েছেন।

  • এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ

    এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মে, ২০২৪: ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গতবারের (২০২৩ সাল) তুলনায় এবার পাসের হার বেড়েছে। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ।

    আজ রবিবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

    তিনি জানান, ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। মোট পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ।

    Average pass rate in SSC is 83.04 per cent - National - 12 May 2024
    Average pass rate in SSC is 83.04 per cent – National – 12 May 2024

    তিনি আরো জানান, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৭ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ।

    এর আগে রবিবার (১২ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন।

    মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছে মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

     

    ফল পাওয়া যাবে যেভাবে:

    ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-এ Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

    এছাড়াও, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

    পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের এর মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। এজন্য SSC Board name (প্রথম তিন অক্ষর) Roll Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2024 Send to 16222

    সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রান্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআএন-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

     

    কোন বোর্ডে পাসের হার কত:

    ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হারে এগিয়ে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। এ বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। এরপরই রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩ শতাংশ। পাসের হারে তৃতীয় বরিশাল বোর্ডে পাস করেছে ৮৯ দশমিক ১৩ শতাংশ পরীক্ষার্থী।

    এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪ শতাংশ, ময়মনসিংহে ৮৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

    এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৯২ শতাংশ।

    চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। এরপর ১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা। এতে সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

     

    শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯৬৮টি

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৯৬৮টি। ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার পাস করেনি।

  • ঈদের পর শনিবার স্কুল বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

    ঈদের পর শনিবার স্কুল বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মে, ২০২৪: ঈদের পর শনিবার স্কুল বন্ধ থাকবে, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, “আগামী ঈদুল আজহার পর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ফের বন্ধ রাখা হবে।

    আজ রবিবার (১২ মে) সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। তাপপ্রবাহের কারণে বন্ধ থাকায় তা পুষিয়ে নিতে গত ৪ মে থেকে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হচ্ছে।

    আগামীতে শনিবার স্কুল খোলা থাকবে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, “এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে। শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সময় পাবে বাড়ির কাজ করার জন্য, সেটা বিবেচনায় নিয়ে শনিবারও স্কুল বন্ধ রাখা হয়েছিল। আরও অন্যান্য অনেক বিষয় ছিল। যেহেতু আমরা ৯টি কর্মদিবস পাইনি, শনিবার…আপাতত একটা ব্যবস্থা করে সেই কর্মসূচি পাওয়ার চেষ্টা করছি।”

    তিনি বলেন, “তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। আমরা এনসিটিবির সঙ্গে আলোচনা করছি, ডিরেক্টরেট অফিসগুলোর সঙ্গেও আলোচনা হচ্ছে। শিক্ষকদেরও বিশ্রামের প্রয়োজন আছে, শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কি না, সেটার জন্য সময় পাওয়া যাচ্ছে কি না, সেটাও দেখার প্রয়োজন আছে।”

    শিক্ষামন্ত্রী আরও বলেন, “অতিমাত্রায় চাপ দিয়ে সবদিন শ্রেণিকক্ষে পাঠদান করে অনেক বেশি শিখন ফল অর্জন করবো, বিষয়টা কিন্তু তা নয়। এটা একটা সাময়িক বিষয়। আমরা আশা করছি আগামী ঈদুল আজহার পরে এটা (শনিবার ক্লাস) আমাদের হয়তো কন্টিনিউ করতে হবে না। অবস্থা বিবেচনায় সেটা আমরা করবো।”

  • জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান থাকছেন

    জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান থাকছেন

    www.HelloBangla.News – রাজনীতি – ১২ মে, ২০২৪: আপিল বিভাগ গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন । এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরে কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

    আজ রবিবার (১২ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।

    আদালতে জি এম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. অজি উল্লাহ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

    এর আগে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করা হয়।

    ২০২২ সালের ২৯ নভেম্বর গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেছন আদালত।

    বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।

  • চামড়া ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ পেতে সুপারিশ করা হবে: শিল্পমন্ত্রী

    চামড়া ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ পেতে সুপারিশ করা হবে: শিল্পমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ মে, ২০২৪: চামড়া ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ পেতে সুপারিশ করা হবে, বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন। তিনি বলেন, “যেহেতু কোরবানি সামনে, ব্যবসায়ীরদের আর্থিক অবস্থাও খুব ভালো না। এক্ষেত্রে ক্যাপিটাল শর্টফল যাতে না হয় সে বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংক বরাবর চিঠি ইস্যু করবো যাতে আগামী ৭ থেকে ৮ মাসের জন্য অর্থ সহায়তা তারা পান। আর ব্যাংকের চলমান ঋণ থাকবে ব্যাংকের পলিসি অনুযায়ী।”

    আজ রবিবার (১২ মে) রাজধানীর শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    শিল্পমন্ত্রী বলেন, “বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আসন্ন ঈদুল আজহার সময় চামড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে খোলা মন নিয়ে কাজ করতে হবে।”

    তিনি বলেন, “আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে ট্যানারি শিল্প নগরী। এবার ঈদেও আমরা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আশা করি ঈদে বাড়তি চাপ হবে না।”

    আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • জাতিসংঘ সনদের একটি অনুলিপি কাটলেন ইসরায়েলি রাষ্ট্রদূত

    জাতিসংঘ সনদের একটি অনুলিপি কাটলেন ইসরায়েলি রাষ্ট্রদূত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ মে, ২০২৪: সাধারণ পরিষদে জাতিসংঘ সনদের একটি অনুলিপি কেটে ফালি ফালি করেছেন জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান। যে অনুলিপিতে ফিলিস্তিনের অধিকার বাড়ানো এবং সদস্য হিসেবে গ্রহণের আহ্বানের বিষয়টি উল্লেখ ছিলো। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাগজ কাটার একটি আধুনিক যন্ত্র দিয়ে তিনি সনদের অনুলিপি কেটে ফেলেন।

    এ সময় তিনি অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলেন, এটি আপনাদের জন্য লজ্জার।

    জাতিসংঘের ফিলিস্তিনকে অতিরিক্ত অধিকার দেওয়ার ভোটের আগে তিনি এ প্রতিবাদ করেন।

    জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের সদস্যপদ পুনর্বিবেচনা করার জন্য গত ১৮ এপ্রিল ভোটের আয়োজন করে।

    একটি আবেগঘন বক্তৃতায়, জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ভোটকে ‘ঐতিহাসিক’ এবং ‘গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

    তবে ফিলিস্তিনের বিষয়ে পুনর্বিবেচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল।

    রাষ্ট্রদূত এরদান ভোটের আগে মঞ্চ থেকে বক্তব্য রেখে জাতিসংঘের সনদকে টুকরো টুকরো করে অন্য

    তিনি পরে বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘে নেওয়া হলে এমন একটি সত্তাকে রাষ্ট্রের অধিকার দেওয়া হবে যা সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত। শিশু-হত্যাকারী হামাস ধর্ষকদের বাহিনীকে প্রতিষ্ঠিত করা হবে।

  • সিকান্দার রাজার ব্যাটিং  নৈপুণ্যে জিতেছে জিম্বাবুয়ে

    সিকান্দার রাজার ব্যাটিং নৈপুণ্যে জিতেছে জিম্বাবুয়ে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ মে, ২০২৪: জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার বিগত চারটি ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি। কিন্তু পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ৭২ রানের সুবাদে জিম্বাবুয়ে বাংলাদেশকে হারিয়েছে।

    আগের ম্যাচে বাজে ব্যাটিংয়ের পর ১৪৩ রান করেও বেঁচে গিয়েছিল বাংলাদেশ। এর পেছনে অবশ্য সাকিব আল হাসানদের বোলিং নৈপুণ্যের পাশাপাশি জিম্বাবুয়ের ব্যাটিং ব্যর্থতাও ছিল। তবে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আর ১৫৭ রান যথেষ্ট হয়নি টাইগারদের। কারণ এই ম্যাচেই যে রোডেশিয়ানদের হয়ে চলতি সিরিজে প্রথম ফিফটির দেখা মিলেছে। ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার ফিফটিতে ৮ উইকেটে সান্ত্বনার জয় পেল জিম্বাবুয়ে।

    ব্যাটিংয়ে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তরা টেনে তুললেন এরপর। বোলিংয়ে বাজে দিন কাটালেন মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদীরা। জিম্বাবুয়েকেও আর ধবলধোলাই করতে পারেনি টাইগাররা।

    আজ রবিবার (১২মে) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে স্বাগতিকরা। ওই রান ৯ বল আগেই তাড়া করে ফেলে জিম্বাবুয়ে।

    টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই বাজে হয় বাংলাদেশের। স্রেফ ১৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে তারা। শুরুটা হয় দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিমকে দিয়ে। ব্লেসিং মুজারাবানির বাউন্সার পুল করতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দেন তিনি। ৫ বলে ২ রান করেন তিনি।

    ইনিংসের শুরুর দিকে ছক্কা হাঁকালেও সেটি বড় করতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। তার অফ স্টাম্পের বাইরের বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন তিনি, এর আগে ৭ বল খেলে করেন ৭ রান। তিনে খেলতে নেমে ৬ বলে স্রেফ এক রান করে আউট হন তাওহীদ হৃদয়। ব্রায়ান বেনেটের বল ঠিকঠাক বুঝতে পারেননি, তার ব্যাট ছুঁয়ে বল যায় ক্লাইভ মাদানদের হাতে।

    তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে উদ্ধারের চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের জুটিতে ৪৫ বলে আসে ৬৯ রান। এই জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা। ৫ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৩৬ রান করে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ দেন শান্ত।

    এই জুটি ভাঙার পর রিয়াদের সঙ্গী হন সাকিব আল হাসান। ১৭ বলে ২১ রান করা সাকিবকে ফেরান লুক জংওয়ে। তবে আরেক প্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও খুব বেশি দূর যেতে পারেননি এরপর। ৬ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৫৪ রান করে মুজারাবানির বলে আউট হন তিনি।

    শেষদিকে দলের রানকে দেড়শ ছাড়িয়ে নিয়ে যান জাকের । ২ ছক্কা ও ১ চারে ১১ বলে অপরাজিত ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি।

    রান তাড়ায় নেমে দুদিক থেকে দুই রকম শুরু পায় জিম্বাবুয়ে। একদিকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ব্রায়ান বেনেট, আরেকদিক তাদিওয়ানাশে মারুমানি থাকেন চুপচাপ। প্রথম চার ওভারে ৩৮ রান তোলে জিম্বাবুয়ে, এর মধ্যে ১৮ বলে ৩৬ রান ছিল বেনেটের; ৬ বলে ১ রান করেন মারুমানি। পঞ্চম ওভারের প্রথম বলে আউট হয়ে যান তিনি।  সাকিবের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন। তাকে ফেরানোর পর জিম্বাবুয়ের রান তোলার গতি কিছুটা কমলেও আরও একটি বড় জুটি পেয়ে যায় তারা।

    সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেটের ৬৬ বলে ৭৫ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৫টি চার ও সমান ছক্কায় ৪৯ বলে ৭০ রান করে তার অফ স্টাম্পের বাইরের বল তুলে মারতে গিয়ে রিশাদের হাতে ক্যাচ দেন বেনেট।

    শেষ চার ওভারে জিম্বাবুয়ের সামনে ৩২ রানের লক্ষ্য দাঁড়ায়। ১৭তম ওভারে এসে সাত রান দেন মোস্তাফিজ। কিন্তু পরের ওভারে গিয়ে টানা দুই ছক্কা ও এক বাউন্ডারিতে ১৯ রান হজম করেন সাইফউদ্দিন। সবমিলিয়ে ৪ ওভারে ৫৫ রান দেন তিনি।

    পরের ওভারে মাহেদী হাসানকে প্রথম বলেই চার হাঁকান ক্যাম্পবেল। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৯ বলে ৮ রান করে ক্যাম্পবেল ও ৪৬ বলে ৭২ রান করে শেষ অবধি অপরাজিত থাকেন রাজা। টানা চার ম্যাচ জিতলেও শেষটি হেরে যাওয়ায় সফরকারীদের ধবলধোলাই করা হলো না বাংলাদেশের।

    জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট ৭০ রান ও ২ উইকেট নেওয়ার সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন। অপরদিকে বাংরাদেশের তাসকিন হয়েছেন ম্যান অফ দ্যা সিরজ।

  • হজযাত্রীদের সেবায় এবার উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করা হবে

    হজযাত্রীদের সেবায় এবার উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করা হবে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১২ মে, ২০২৪: হজযাত্রীদের সেবায় এবার সৌদি আরবে এবার এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ব্যবহার করা হবে উড়ন্ত ট্যাক্সি। এ অনন্য সেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন দেশটির পরিবহনমন্ত্রী সালেহ আল জাসের।

    মদিনা মনোয়ারার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশি হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানানোর পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালেহ আল জাসের এ কথা বলেন।

    সৌদি আরব এমন আধুনিক পরিবহনসেবা ব্যবহারের ক্ষেত্রে সম্মুখসারির দেশ হতে প্রতিশ্রুতিবদ্ধ। এ আধুনিক পরিবহনব্যবস্থাকে সবচেয়ে বেশি কাজে লাগানো হবে হজ মৌসুমে। সৌদি পরিবহনমন্ত্রী বলেন, হজযাত্রীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক পরিবহনব্যবস্থার আওতায় এবার উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করবেন তারা।

    সামনের বছরগুলোতে হজযাত্রী পরিবহনে এ উড়ন্ত ট্যাক্সি সরবরাহ করার জন্য পরিবহন খাতের কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে বলেও জানান আল জাসের। পরিবহন খাতে এসব প্রযুক্তি সম্পর্কে বোঝাপড়া ও হজ মৌসুমে এগুলোর ব্যবহারে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    হজ মৌসুমে উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনার কথা গত বছর ঘোষণা করেছিলেন মন্ত্রী আল জাসের। জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও পবিত্র মক্কার হোটেলগুলোর মধ্যে হাজিদের যাতায়াতে ইতিপূর্বে উড়ন্ত ট্যাক্সি পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস বা সৌদিয়া। এই সেবা দিতে বিমান পরিবহন সংস্থাটির লক্ষ্য আনুমানিক ১০০টি এমন আকাশযান সংগ্রহ করা।

    জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও পবিত্র মক্কার হোটেলগুলোর মধ্যে হাজিদের যাতায়াতে ইতিপূর্বে উড়ন্ত ট্যাক্সি পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস বা সৌদিয়া।

    জেদ্দা বিমানবন্দর এবং মক্কায় পবিত্র মসজিদুল হারাম ও অন্যান্য পবিত্র স্থানের কাছাকাছি আবাসিক হোটেলের মধ্যে হজযাত্রী পরিবহনে ১০০ লিলিয়াম জেট, জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) কেনার চুক্তি করেছে সংস্থাটি।