Author: Hello Bangla News

  • বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল মেট্রোরেল

    বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল মেট্রোরেল

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ মে, ২০২৪: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকায় দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

    সকাল ৭টার কিছুটা পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। পরে ৮ টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

    সোমবার (২৭ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

    এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেক্ট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে, টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়া পাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। সকাল ৮টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

    সোমবার সকাল সোয়া ১০টার দিকে এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান জানান, বৈদ্যুতিক সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় সকাল সাড়ে ৭টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। প্রায় দুই ঘন্টা পর আবার চলাচল শুরু হয়।

  • বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে বিসিবি

    বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে বিসিবি

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ মে, ২০২৪: বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচনের কথা ছিল জিম্বাবুয়ে সিরিজের শেষ দিনে। দল ঘোষণার পর জার্সি উন্মোচন হবে এমনটাই জানা গিয়েছিল প্রাথমিক খবরে। কিন্তু দল ঘোষণার পর জার্সি উন্মোচনের  বিষয়টি আসেনি। মাঝে বাংলাদেশ দল খেলেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। সেই সিরিজটাও হেরেছে লজ্জাজনকভাবে। এরটর হঠাৎ করেই  ২৭ মের প্রথম প্রহরে বিশ্বকাপের জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে স্কোয়াডের গ্রুপ ছবি আকারে প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি।

    চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রঙ। পুরো জার্সিতেই বাঘের ডোরাকাটা আবছা ছাপ রাখা হয়েছে। কাঁধে লাল রেখাও নেমে গিয়েছে বাঘের চামড়ার আদলে। মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে থাকছে সোনালি রঙের ছাপ। জার্সিতে বাংলাদেশ এবং স্পন্সরের নাম রাখা হয়েছে সাদা রঙে। একই রঙে থাকছে বিশ্বকাপের লোগোটাও।

    এর আগে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে টাইগারদের স্কোয়াড ও জার্সি উন্মোচন করা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বেলায় সেটি হয়নি। তবে এবার স্যুট-বুটেড হয়ে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে।

    উল্লেখ্য, আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।

    দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে শেষ ম্যাচে হার ও ক্রিকেট জগতে নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশ বিশ্বকাপে কেমন করে সেটাই্ এখন দেখার বিষয়।

    তবে বাংলাদেশ ভালো করবে এমন আশা সবার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে সে দৃষ্টান্ত রেখেছে বাংলাদেশ। কেননা যুক্তরাষ্ট্রের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে অনেক সময় পেয়েছে দলটি।

  • রান্না: চিকেন কিমার তাওয়া কাবাব

    রান্না: চিকেন কিমার তাওয়া কাবাব

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৭ মে, ২০২৪: কাবাব মানেই এক অন‍্য রকম অনুভূতি আসে মনে। গরম গরম স্মোকি কাবাব সাথে রুটি বা যে কোন গরম রাইস সঙ্গে খাওয়া যায়। কাবাব মূলত আফগানিস্তান তুরস্ক আরব দেশের খাবার। এখন এশিয়া মহাদেশে ছাড়িয়ে সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে। চিকেন বিফ মাটন দিয়ে কাবাব তৈরি করা হয়।

    আজ থাকছে খুব মজার একটি কাবাব। যার নাম চিকেন কিমার তাওয়া কাবাব। এমন বর্ষার দিনে এই খাবরটি বেশ যায়।

    Culinary artist Jiniya Islam.
    Culinary artist Jiniya Islam.

    উপকরণ:                    

    চিকেন কিমা-২৫০ গ্রাম, পেয়াজ মিহি কুচি-৪ টেবিল চামচ, কাচা মরিচ কুচি-১ চা চামচ, আদা বাটা                  -১ চা চামচ, রসূন বাটা-১ চা চামচ, গরম মসলা গুড়া-১ চা চামচ, গোল মরিচ গুড়া-১/২ চা চামচ, চিলি ফ্লেক্স-১/২ চা চামচ, লেবুর রস-২ চা চামচ, লেমন জেস্ট-১ চা চামচ, লবণ-                  পরিমান মতো, মরিচ গুড়া-১ চা চামচ, চিনি-১/২চা চামচ, কিসমিস কুচি-২ চা চামচ, জাফরান দুধ-         ১ চা চামচ, কেওড়া পানি-১ চা চামচ, গুড়া দুধ-১ টে চামচ, ডিম-১ টা, কর্ন ফ্লাওয়ার- ২ টে চামচ, ধনেপাতা কুচি-২ টে চামচ, পুদিনা পাতা কুচি-২ টে চামচ, তেল ভাজার জন‍্য-২/৩ টে চামচ।

    প্রস্তুত প্রণালী :

    ১|প্রথমে কিমা থেকে পানি ভালো করে ঝড়িয়ে নিতে হবে।

    ২| কিমাতে তেল ছাড়া সব উপকরন মিশিয়ে ভালো করে মাখাতে হবে। প্রায় দশ মিনিট। যত মাখানো হয়  কাবাব ততই বাইন্ডিং মজবুত হয়  এবং জুসি হয়।

    ৩| একটা ননস্টিক প‍্যানে এক টে চা তেল দিয়ে তার উপরে কিমা ঢেলে  সমান করে পুরো প‍্যানে বিছিয়ে দিতে হবে। এর উপরে বাকি তেল ঢেলে মিডিয়াম আচে ঢেকে রান্না করতে হবে। অন‍্যদিকে কয়লা আগুনে দিতে হবে। অল্প দম আচে কাবাবের একপাশ উল্টে দিতে হবে। ২০/২৫ মিনিটে কাবাব হয়ে যাবে । পুড়া কয়লায় গি ঢেলে দিয়ে ধোয়া উঠলেই সাথে সাথে কিমার কাবাবে দিয়ে ঢাকনা দিতে হবে যেন ধোয়া বের হতে না পারে।

    কাবাব নামিয়ে কেটে নিতে হবে।

    প্লেটে স‍্যালাড এর মাঝে রেখে গরম গরম আফগান রাইস বা  রুটি,  পরোটা,  খিচুরি বিরিয়ানি সবকিছুর সাথে পরিবেশন কযা যায়।

    রেসিপি দিয়েছেন: জিনিয়া ইসলাম।

  • বিএনপি রাজনৈতিক দল হিসেবে বার বার ব্যর্থ হয়েছে: সেতুমন্ত্রী

    বিএনপি রাজনৈতিক দল হিসেবে বার বার ব্যর্থ হয়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৭ মে, ২০২৪: বিএনপি রাজনৈতিক দল হিসেবে বার বার ব্যর্থ হয়েছে, বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আমাদের অভিজ্ঞতা ও বাংলাদেশের যে বাস্তবতা জলোচ্ছাস, ঘূর্ণিঝড়, বন্যা এসব দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায়। বিএনপির কথা যদি আমি বলি, একটি বিরোধী রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালনে তারা বার বার ব্যর্থ হয়েছে। তারা সাহায্যের নামে ফটোশেসন করে।”

    আজ সোমবার (২৭ মে) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “কক্সবাজারে রোহিঙ্গারা যে স্রোতের মতো এসেছে বাংলাদেশে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সাহায্য করেছেন। তিনি আমাদের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিলেন উদারভাবে, যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তখন আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে দিনের পর দিন, মাসের পর মাস রোহিঙ্গাদের সাহায্যে পাশে ছিলাম। তখন দেখা গেছে এক বা বড়জোর দু’দিন ফটোসেশনের জন্য গিয়েছে তারা।”

    তিনি বলেন, “তাদের (বিএনপি) কাজই হচ্ছে ফটোসেশন করা। প্রধানমন্ত্রীর নির্দেশে রোজার মাসেও আমরা সাধারণ মানুষের মাঝে  ইফতার বিতরণ করেছি আর তারা ইফতার পার্টি করেছে। বিএনপির সাথে আমাদের নীতিগতভাবেই অনেক পার্থক্য আছে।”

    ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সাহায্যের কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমাদের বিভাগীয় টিমগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য করবে। আবহাওয়া উন্নত হলে তারা সেসব এলাকায় যাবেন, ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহায়তা করবেন।”

    এ সময় আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

  • ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলার নির্বাচন স্থগিত

    ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলার নির্বাচন স্থগিত

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ মে, ২০২৪: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের নির্বাচন ২৯ মে অনুষ্ঠিত হবে।

    আজ সোমবার (২৭ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান।

    ইসি সচিব জাহাংগীর বলেন, মূলত আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোটগ্রহণ করতে মাঠ প্রশাসন, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছেন। গতকাল সন্ধ্যায় থেকে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে। যার ফলে কোথাও ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং ৯ নম্বর বিপদ সংকেত ঘোষিত হয়। এই পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী যেসব নির্বাচনী এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ, বেড়িবাঁধ ভেঙেছে, কোথাও কোথাও গাছ উপড়ে গেছে এবং কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

    সবকিছু বিবেচনায় নিয়ে এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশাল জেলার গৌরনদী, আগুনঝারা, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে।

    তিনি বলেন, “মোট ১৯ উপজেলার ভোট আপাতত স্থগিত হয়েছে। এই ১৯টি উপজেলার ভোট স্থগিতের ফলে আগামী ২৯ মে ৯০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ১৯ উপজেলায় এখনও পানি জমে আছে। যার ফলে স্থানীয় প্রশাসন এসব এলাকার ভোট পিছিয়ে দিতে অনুরোধ করেছে।

  • টিসিবির জন্য তেল, পামওয়েল ও মসুর ডাল কেনার অনুমোদন সরকারের

    টিসিবির জন্য তেল, পামওয়েল ও মসুর ডাল কেনার অনুমোদন সরকারের

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৭ মে, ২০২৪: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য সরকার য়াবিন তেল, পামওয়েল ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে । স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই পণ্য কেনা হবে। এরমধ্যে ৫০ লাখ লিটার সয়াবিন তেল, এক কোটি ৩০ লিটার পামওয়েল এবং ১০ হাজার মেট্রিকটন মসুর ডাল রয়েছে।

    আজ সোমবার (২৭ মে) দুপুরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

    মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব টেবিলে উত্থাপন করা হলে তিনটি প্রস্তাবেরই অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।

    এ সয়াবিন তেল কিনতে মোট খরচ হবে ৭৫ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫১ টাকা ৪৫ পয়সা। আগের মূল্য ছিল ১৫২ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ আগের থেকে লিটারে এক টাকা কমে এবার সয়াবিন তেল কেনা হবে। সুপারিশকৃত দরদাতা সোনারগাঁও সিক্সক্রাসিং মিলস লিমিটেড।

    বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবে টিসিবির জন্য এক কোটি ৩০ লাখ লিটার পরিশোধিত পামওয়েল কেনার অনুমোদন দিয়েছে সরকার। প্রতি লিটারের দাম পড়বে ১৪৩ টাকা। এতে মোট ব্যয় হবে ১৮৫ কোটি ৯০ লাখ। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান ঢাকার সুংসিং এডিবেল ওয়েল লিমিটেড।

    এছাড়া সরকার ১ কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে তার আওতায় টিসিবির জন্য ১০ হাজার মেট্রিকটন মসুর ডাল আমদানি। প্রতিকেজির দাম পড়বে ১০১ টাকা ৩ পয়সা। যা আগে ছিল ১০১ টাকা ৯৪ পয়সা। সুপারিশকৃত দরদাতা শবনম ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ।

    এর আগে গত ২১ মে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা। আর প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৫২ টাকা ৪৫ পয়সা।

    তারও আগে ৮ মে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিসিবির জন্য স্থানীয়ভাবে, সরাসরি ক্রয় পদ্ধতিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৫২ টাকা।

    এছাড়া টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে মজুমদার প্রোডাক্টস লিমিটেড এবং মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৫৯ কোটি ৫০ লাখ টাকা। প্রতি লিটার রাইস ব্রান তেলের দাম পড়বে ১৪৮ টাকা ৭৫ পয়সা। যা আগে ছিল ১৫২ টাকা।

  • ‘কলকাতায় মুজিব’ ডকুমেন্টারি অবলোকন করলেন প্রধানমন্ত্রী

    ‘কলকাতায় মুজিব’ ডকুমেন্টারি অবলোকন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ মে, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ডকুমেন্টারি ‘কলকাতায় মুজিব’ এর খসড়া কপি অবলোকন করেছেন ।

    আজ রবিবার (২৬ মে) সকালে গণভবনে তথ্যচিত্রটির খসড়া কপি অবলোকন করেন তিনি।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা মহানগরীর বড় ভূমিকা রয়েছে। সেই বিষয়টিকে উপজীব্য করেই ‘কলকাতায় মুজিব’ শীর্ষক তথ্যচিত্রটি  নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত  চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ ।

    প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, প্রধানমন্ত্রী ‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রটি অবলোকন  করেন এবং এর নির্মাণ সংশ্লিষ্টদের এ সম্পর্কে তার  মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন।

    বঙ্গবন্ধুর কলকাতার ইসলামিয়া কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, আলিমুদ্দিন স্ট্রিটে রাত কাটানো পার্ক সার্কাসে ঘুরে বেড়ানো, ব্রিগেডের ময়দানে তার আগুন ঝরানো ভাষণ-এমন আরও অনেক কিছু বঙ্গবন্ধুর প্রিয় এই শহরের অলিগলি থেকে তুলে এনে তথ্যচিত্রটিতে ক্যামেরাবন্দি করছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

  • দুর্যোগে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

    দুর্যোগে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ মে, ২০২৪: দুর্যোগে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, “অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়, সে সময় অর্থাৎ দুর্যোগ (ঘূর্ণিঝড় রিমাল) চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে সে প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনায় হবে। অর্থাৎ সে সময় স্থগিত থাকবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। এক্ষেত্রে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নেবেন।”

    আজ রবিবার (২৬ মে) রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, “স্ট্যান্ডিং অর্ডার অনুসারে, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যে সমস্ত অবকাঠামো আছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন। সেভাবে তারা সে সমস্ত ব্যবস্থা নেবেন।”

    ঘূর্ণিঝড় নিয়ে রিবিবার (২৬ মে) দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, ছয় ঘণ্টার মধ্যে ঘুর্ণিঝড় অতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় অগ্রভাগ অতিক্রম শুরু হবে, মধ্যরাতে মূল ঝড় অতিক্রম করবে। হয়তো ভোরের ভেতরে শেষ হবে।

    তিনি জানান, স্কুলগুলো খোলা থাকবে। কর্তৃপক্ষ স্কুলে থাকবে যাতে মানুষ আসলে আশ্রয় নিতে পারে। কিন্তু ক্লাস বন্ধ থাকবে। শুধু আশ্রয়ের জন্য। এটা শুধু উপকূলের জন্য।

    প্রতিমন্ত্রী বলেন, সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করছি।

  • অবৈধভাবে খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ করা হবে: মহাপরিচালক ভোক্তা

    অবৈধভাবে খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ করা হবে: মহাপরিচালক ভোক্তা

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ মে, ২০২৪: অবৈধভাবে খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ করা হবে, বলে জানয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, “যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ব্যতীত যেসব প্রতিষ্ঠান অবৈধভাবে খাদ্যদ্রব্য উৎপাদন করছে। সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে।”

    আজ রবিবার (২৬ মে) দুপুরে রাজশাহীর সাহেববাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাজার মনিটরিং অভিযান পরিচালনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “ভোক্তাদের সঙ্গে যারা প্রতারণা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এগুলো শক্তভাবেই দেখা হচ্ছে।”

    তিনি বলেন, “রাজশাহীতে আম ও লেবুর দাম অনেক কম। এখানে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়। অথচ ঢাকায় এই লেবু ৫০ থেকে ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। ঢাকায় মধ্যস্বত্বভোগীরা দাম বাড়িয়ে দিচ্ছেন। তাদের দৌরাত্ম্য কমানোর জন্যও কাজ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।”

    আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে যারা মসলা মজুদ রেখে বাজার অস্থিশীল করবেন তাদের বিরুদ্ধেও শক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সামনের দিনে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ভোক্তার ডিজি।

    এর আগে রাজশাহীর বাজার মনিটরিংয়ে গিয়ে অনুমোদনহীন খোলা সেমাই বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভেজাল পণ্য বিক্রি না করার বিষয়ে দোকানিদের আবারও সতর্ক করেন।

    এজন্য সারা দেশেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান জোরদার করা হয়েছে।

  • খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিকল্পনা নিয়েছে

    খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিকল্পনা নিয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ মে, ২০২৪: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের সুপারিশের প্রেক্ষিতে, খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিকল্পনা নিয়েছে। হোটেল-রেস্তোরাঁ, বিয়ে, পিকনিক, সামাজিক কর্মসূচিসহ নানান অনুষ্ঠানে খাদ্য অপচয় রোধে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে স্থায়ী কমিটি।

    আজ রবিবার (২৬ মে) কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।

    বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মো. মকবুল হোসেন, মো. মোস্তফা আলম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, এস এম কামাল হোসেন, খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী এবং দ্রৌপদী দেবী আগরওয়ালা।

    বৈঠকে জানানো হয়, চলতি ২০২৩-২৪ অর্থবছরে কোনো চাল আমদানি করা হয়নি। দেশে উৎপাদিত চাল বাজারজাত করে চাহিদা পূরণ করা হয়েছে। তবে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে গম আমদানি করা হয়েছে। বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের যথাযথ মান নিয়ন্ত্রণের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ভেজালমুক্ত খাদ্য বাজারজাত করতে বিশেষ নজরদারির সুপারিশ করা হয়।

    খাদ্যের অপচয় নিরুৎসাহিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। এ লক্ষ্যে বিভিন্ন গণমাধ্যম সম্পৃক্ত করে খাদ্য অপচয় রোধে প্রচার-প্রচারণার জন্য হোটেল-রেস্তোরাঁ, বিয়ে, পিকনিক, সামাজিক কর্মসূচি ইত্যাদি অনুষ্ঠানে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সুপারিশ করে কমিটি। এরই মধ্যে খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে খাদ্যের ভেজালসহ সব অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়ায় কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

    বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধান এবং খাদ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আজকে বৈঠকের শুরুতেই আগের বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে ওই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি উপস্থাপন করা হয়। বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের মান যাচাই-বাছাই প্রক্রিয়া এবং তা যথাযথ কি না সে বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে খাদ্য অপচয় রোধে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।