Author: Hello Bangla News

  • বিএনপি ভাঙচুর-অগ্নিসংযোগ করলে আমাদেরও কিছু কর্তব্য থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি ভাঙচুর-অগ্নিসংযোগ করলে আমাদেরও কিছু কর্তব্য থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ অক্টোবর, ২০২৩: বিএনপি ভাঙচুর-অগ্নিসংযোগ করলে আমাদেরও কিছু কর্তব্য থাকে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘তারা ঢাকা অচল করে দিলে, ভাঙচুর-অগ্নিসংযোগ করলে দেশের মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হবে এবং মানুষ বিদেশে যেতে পারবে না ইত্যাদি।এমন হলে আমাদেরও কিছু কর্তব্য থাকে। আমাদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপির কর্মসূচি মোকাবিলা করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক’।

    আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারের মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল পাঠাগার ও মধুবাগ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করা সব রাজনৈতিক দলের অধিকার। তারা মিছিল করবে, মিটিং করবে, জনসমাবেশ করবে। কোনো আন্দোলন আমরা বন্ধ করি না। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে তারা সারা দেশের শাসনভার নেবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে যদি তারা জয়ী হতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই।

    আসাদুজ্জামান খান বলেন, ২৮ অক্টোবর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। বিএনপির দিক থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের দেশের মানুষ কোনদিন সন্ত্রাস-জঙ্গিবাদ চায় না। আমাদের দেশের মানুষ সবসময় শান্তিতে থাকতে চায়। আলোকিত বাংলাদেশ দেখতে চায়, এগিয়ে যেতে চায়। আর পেছনের দিকে তাকাতে চায় না। তারা আবারও দেশকে অকার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুর রেজা খোকন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম প্রমুখ।

  • ‘হামুন’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে

    ‘হামুন’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ অক্টোবর, ২০২৩: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘হামুন’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।সতর্ক অবস্থানে নিয়েছে সমুদ্র উপকুলের মানুষ।

    আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ (HAMOON) আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

    আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩০ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৯৫ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে ২৫০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শেষরাত থেকে সকাল নাগাদ (২৫ অক্টোবর ২০২৩) মেঘনা মোহনার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে।

    পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত (পুন:) ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত (পুন:) ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    মোংলা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত (পুন:) ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

    উপকূলীয় জেলা বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৫ নম্বর বিপদ সংকেতে আওতায় থাকবে।

    অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

    অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারী (২৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে।

  • টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা

    টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৪ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপের শুরুটা খুব ভালোভাবেই হয়েছিল বাংলাদেশের। আফগানিস্তানকে সহজে হারায়। এরপর টানা তিন ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি সাকিব আল হাসানের দল। দলগত শক্তির বিচারে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও ম্যাচ যেহেতু হচ্ছে ভারতের মাটিতে সেখানে বাংলাদেশের বোলাররা কিছুটা সুবিধা আদায় করে নিতে পারবে।

    মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের ২৩তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

    বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। ইনজুরির কারণে গত ম্যাচ না খেলা সাকিব আল হাসান এই ম্যাচে ফিরেছেন একাদশে। অপরদিকে দক্ষিণ আফ্রিকার একাদশেও এসেছে এক পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিদির বদলে খেলবেন লিজাড উইলিয়ামস।

    বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান (অধিনায়ক), হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

    দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, গেরাল্ড কোজি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।

  • ভৈরবে ট্রেন দুর্ঘটনা হয়েছে মালবাহী ট্রেনের চালক ও গার্ডের গাফিলতিতে

    ভৈরবে ট্রেন দুর্ঘটনা হয়েছে মালবাহী ট্রেনের চালক ও গার্ডের গাফিলতিতে

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ অক্টোবর, ২০২৩: গতকাল বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনে দুটি ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় মালবাহী ট্রেনের চালক ও গার্ডের গাফিলতি রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. ইউসুফ।

    আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত জানান।

    গতকাল সোমবার ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনা ঘটে। রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।

    এরপর শুরু হয় উদ্ধার অভিযান। উদ্ধার অভিযানে কাজ করে পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি, র‍্যাব, আনসার সদস্য ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবী ও রেড ক্রিসেন্ট সদস্যরা। রাত পর্যন্ত সবাই মিলে ১৭টি লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় আহত হয়েছন শতাধিক যাত্রী।

    রাত সাড়ে ৭টায় মালবাহী ট্রেনটি সরিয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন কাজ শুরু করে। রাতের মধ্যেই উল্টে যাওয়া এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়।

    এদিকে সোমবার দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান জানান, দুর্ঘটনা তদন্তে রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্ব দেবেন ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবির। এছাড়া চট্টগ্রামে রেলওয়ের পূর্বাঞ্চলীয় কার্যালয় পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট শহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

  • গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ জন নিহত

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৪ অক্টোবর, ২০২৩: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা চলছেই । এরই মধ্যে মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে ইসরায়েলি বিমান বাহিনীর নতুন করে চালানো হামলায় কমপক্ষে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

    এছাড়া হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। তাদের মধ্যে অনেকের শারীরিক অবস্থাই গুরুতর। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস এবং রাফাহ অঞ্চলের আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার ভোরে কমপক্ষে ৫৩ ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

    হামলার পর প্রাথমিকভাবে মৃতের ৫৩ বলে জানানো হয়।

    ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের বহু আবাসিক ভবন এবং একটি জ্বালানি স্টেশনে হামলা চালায়। চিকিৎসা সূত্র জানিয়েছে, হামলায় শিশুসহ ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৪৫ জন আহত হয়েছেন।

    আহতদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

    ওয়াফা আরও জানিয়েছে, রাফাহতে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এখনও অভিযান চলছে বলেও জানিয়েছে বার্তাসংস্থাটি।

    এদিকে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান হামাস-ইসরায়েল যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় নিহত ফিলিস্তিনির বেড়ে ৫ হাজার ৮৭ জনে পৌঁছেছে।

  • গণজাগরণের নৃত্য উৎসবে আজ মঙ্গলবার যেসব পরিবেশনা থাকবে

    গণজাগরণের নৃত্য উৎসবে আজ মঙ্গলবার যেসব পরিবেশনা থাকবে

    www.HelloBangla.News – বিনোদন – ২৪ অক্টোবর, ২০২৩: শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে তৃণমুলে সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে দেশে সংস্কৃতি চর্চার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নৃত্যের মাধ্যমে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬ দিনব্যাপী চলা গণজাগরণের নৃত্য উৎসবের আজ মঙ্গলবার তৃতীয় দিনে যে সব পরিবেশনা থাকবে সেগুলো হচ্ছে।

    নৃত্যালেখ্য ‘আনন্দময়ীর আগমনে’ পরিবেশনায় স্বপ্নবিকাশ কলাকেন্দ্র এবং পরিচালনায় মৈত্রী সরকার। ‘কালী নাচ’পরিবেশনায় সাধনা উপমহাদেশীয় সংস্কৃতিক প্রসার কেন্দ্র, পরিচালনায় লুবনা মারিয়াম। ‘আমার জন্মভুমি’ পরিবেশনায় অনুপ দাস ড্যান্স একাডেমি (নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র), নৃত্য পরিচালনায় মিটন দেব। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ পরিবেশনায় বর্ণমালা একাডেমি, পরিচালনায় নাহিদা পারভীন পান্না। ‘আমার দেশ, আমার অহংকার’পরিবেশনায় নান্দনিক নৃত্য সংগঠন, নৃত্য পরিচালনায় নীলুফার ওয়াহিদ। ‘কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের -রাজা’ পরিবেশনায় বহর , পরিচালনায় কামরুল হাসান ফেরদৌস এবং নৃত্যালেখ্য ‘স্বাধীনতা প্রিয় স্বাধীনতা’ পরিবেশন করবে বহ্নিশিখা এবং পরিচালনায় থাকবে সাহিদা রহমান সুরভী। খন্ড নৃত্য ‘জাগরণ’ পরিবেশন করবে অংশী, পরিচালনায় আনন্দিতা খান। ‘বাউল জীবনাচার’ পরিবেশন করবে নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমি, পরিচালায় মুরাদ জামান খান।‘খরবায়ু বয় বেগে’ পরিবেশন করবে নার্তানাম, পরিচালনায় মনোমী তানজানা অর্থী এবং খন্ডনৃত্য ‘বিজু নৃত্য’ পরিবেশন করবে কালারস অফ হিল, পরিচালায় থাকবেন অন্তর দেওয়ান। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন মারিয়া ফারিহ উপমা।

    এ নৃত্য উৎসব আয়োজন অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। নৃত্য উৎসব সকলের জন্য উন্মুক্ত।

  • প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন

    প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ অক্টোবর, ২০২৩: সুইস উদ্যোক্তারা বাংলাদেশে একটি মিনি সুইজারল্যান্ড তৈরি করতে পারে, বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বলেছেন, তাঁর সরকার একটি ব্যাপক ভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমাবার (২৩ অক্টোবর) সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এ কথা বলেন।

    তিনি আরো বলেন, ‘আমরা (এসইজেডএসে) জমি দেব। তারা (সুইস উদ্যোক্তারা) বাংলাদেশে একটি মিনি সুইজারল্যান্ড তৈরি করতে পারে।’

    বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

    করিম প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমরা বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি ব্যাপক ভিত্তিক অংশীদারিত্বে রূপ দেয়ার অপেক্ষায় আছি।’

    করিম জানান, সুইস কোম্পানিগুলোও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত উল্লেখ করেছেন।

    বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে হবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেছেন, তিনি দ্বি-পাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে কাজ করে যাবেন।

    তিনি গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।

    এছাড়া রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে বলেও জানান।

    শেখ হাসিনা বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগণের উন্নয়নই তাঁর সরকারের মূল লক্ষ্য।

    উন্নয়নের মেরুদ- মধ্যবিত্ত শ্রেনীর মানুষ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা চরম দারিদ্র্যের হার শূন্য, অন্তত এক শতাংশে নামিয়ে আনতে অনেক কর্মসূচি নিচ্ছি।’

    তিনি উল্লেখ করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে প্রধানমন্ত্রী স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর লন্ডনে অস্ত্রোপচারের পর সুইস সরকারের আমন্ত্রণে সুইজারল্যান্ড সফরকালে তাঁর সঙ্গে তিনিও ছিলেন।

    সংযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বিমানবন্দরের উন্নয়ন করছে যাতে বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতুবন্ধন করতে পারে।

    প্রধানমন্ত্রী ঢাকায় দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

    সুইস রাষ্ট্রদূত শেখ হাসিনার কাছে একটি চিঠি হস্তান্তর করেন, যা বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে সুইস স্বীকৃতির জবাবে সুইজারল্যান্ড সরকারকে পাঠিয়েছিলেন। চিঠি পেয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি (চিঠি) জাদুঘরে রাখা হবে।

    এ সময়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া এবং ঢাকায় সুইস মিশনের উপ-প্রধান করিন হেনচোজ পিগনানি উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • আজ দেশের আট বিভাগে বৃষ্টি হতে পারে

    আজ দেশের আট বিভাগে বৃষ্টি হতে পারে

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ অক্টোবর, ২০২৩: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজকের মধ্যে ঘূর্ণিঝড় ‘হামুন’-এ পরিণত হতে পারে। এর প্রভাবে ইতোমধ্যে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সোমবার (২৩ অক্টোবর) দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলে ।

    আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সোমবার সকাল ৬টায় ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

    সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমক বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    আগামী দু’দিন (মঙ্গল ও বুধবার) বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়ে তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

    সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • খালেদা জিয়া ও হাজী সেলিম নির্বাচনে অংশ নিতে পারবেন না

    খালেদা জিয়া ও হাজী সেলিম নির্বাচনে অংশ নিতে পারবেন না

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ অক্টোবর, ২০২৩: হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমসহ সাজাপ্রাপ্ত কেউই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান ।

    আজ সোমবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট চত্বরের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট গতকালকের প্রকাশিত রায়ে বলেছেন, সাজা কখনও স্থগিত হয় না। উপযুক্ত আদালতে সাজা বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই। এই রায়ের আলোকে খালেদা জিয়া, হাজী সেলিমসহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ তাদের সাজা বাতিল হয়নি।

    এর আগে গতকাল রাবিবার সংবিধানকে উদ্ধৃত করে হাইকোর্ট এক রায়ে বলেছেন, দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রায়ের পর্যবেক্ষণে এ মন্তব্য করেছেন।

    আদালত বলেছেন, জামিন বা সাজা স্থগিত থাকলেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, যদি না তার সাজা উপযুক্ত আদালত কর্তৃক বাতিল না হয়। আপিল বিচারাধীন থাকা মানে দণ্ডিত ব্যক্তি নির্দোষ নয়। একমাত্র উপযুক্ত আদালত কর্তৃক সাজা বাতিল হলে দণ্ডিত ব্যক্তি নির্দোষ হবেন। দণ্ড বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

    আমান উল্লাহ আমানসহ বিএনপির পাঁচ নেতার দুর্নীতির পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিতের আবেদন খারিজ করে ২০১৮ সালে রায় দিয়েছিলেন হাইকোর্ট। ৪৪ পৃষ্ঠার সেই রায় রবিবার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

  • গাজায় যুদ্ধবিরতি চায়না ইসরায়েল

    গাজায় যুদ্ধবিরতি চায়না ইসরায়েল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ অক্টোবর, ২০২৩: গাজায় যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়ার কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ২ শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্ত করেই এখন তাদের প্রধান লক্ষ্য।

    মধ্যপ্রাচ্যের ইহুদিশাসিত এই ভূখণ্ডের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রবিবার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই হামাসের হাতে থাকা জিম্মিদের যত দ্রুত সম্ভব মুক্ত করতে চায়; কিন্তু সেজন্য গাজায় যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা আমাদের নেই। কারণ, আমাদের মিশন হলো হামাসকে ধ্বংস করা এবং এমন কোনো পদক্ষেপ আমরা নিতে চাইছি না—যা এই মিশনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’

    ওই কর্মকর্তা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের আহ্বানে আমরা গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর সুযোগ করে দিয়েছি। রাফাহ ক্রসিং খুলে গেছে। ইসরায়েলের অনেকেই তা পছন্দ করেনি, কিন্তু তারপরও আমরা এটি করেছি গাজার সাধারণ ফিলিস্তিনিদের জন্য; কিন্তু হামাসকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

    গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলের উত্তরাংশে ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস। সেদিন কয়েকশ হামাস যোদ্ধা বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলের প্রবেশ করেন, শত শত ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের হতাহত করেন এবং ইসরায়েল থেকে ২ শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যান।

    এই জিম্মিদের মধ্যে ইসরায়েলি ছাড়াও যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন এবং তাদের সবাই বেসামরিক নাগরিক।

    হামাসের এই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী, (আইএএফ) যা এখনও চলছে। এই অভিযানে ইতোমধ্যে ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহতও হয়েছেন।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, গাজা উপত্যকার পরিস্থিতি ও জিম্মিদের মুক্তির ব্যাপারে সারাক্ষণ ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছে বাইডেন প্রশাসন।

    এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ভূখণ্ডটির জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো ওই হামলায় ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ২৭ জন।