Author: Hello Bangla News

  • প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৭ জুলাই, ২০২৪: প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরাও আসলে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। গতকাল বিকেলের পর থেকে ঢাকা ও ঢাকার বাইরে যত সহিংসতা হয়েছে, যতগুলো প্রাণহানি হয়েছে; তা খুবই উদ্বেগের। সবাইকে বলবো—সচেতন হন, সহিংস হবেন না। আইনশৃঙ্খলা বাহিনী সবার নিরাপত্তা নিশ্চিত করবে।”

    আজ বুধবার (১৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনার শেষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো অবশ্যই বিবেচনায় নেবেন। তাদের সহায়তা করার জন্য বিষয়টি আপিল বিভাগে গেছে, আপিল করাও হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করেন। তিনি গত কয়েকদিনের ঘটনায় ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারীদের চিহ্নিত করবেন, ব্যবস্থা নেবেন।”

    তিনি বলেন, “সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবি যেটা শান্তিপূর্ণ ছিল, অরাজনৈতিক ছিল। সেখান থেকে কিছু স্বার্থান্বেষী মহল, তারা মিথ্যা-গুজব ছড়ালো দুজন মৃত্যুবরণ করেছে। যখন গুজবটা ছড়ালো, তখন কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি। কিন্তু আমরা দেখলাম এ গুজবের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক কিছু মাধ্যম এবং কিছু রাষ্ট্রের মুখপাত্রও বিবৃতি ও বক্তব্য দিলো। তারা এর মাধ্যমে গুজবকে স্বীকৃতি দিলো।”

    তিনি আরও বলেন, “এ গুজবের প্রেক্ষিতে, উসকানির কারণে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেলো। বিভিন্ন জায়গায় সংঘর্ষে ৬-৭ জন মানুষের জীবন চলে গেলো। তাদের জীবন চলে যাওয়ার পেছনে কী মিথ্যা ও গুজব ছড়ানোর যেসব প্ল্যাটফর্ম তারা কি দায়ী নয়?”

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “আমরা মুক্ত বাকস্বাধীনতায় বিশ্বাস করি। ছাত্র-ছাত্রীরা তাদের মতামত প্রকাশ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন রক্তাক্ত হয়েছে, সেটা যেভাবেই হোক; তা নিয়ে যখন কেউ মন্তব্য দিচ্ছে, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু অনেক গুজবও ছড়াচ্ছে। আমার অনুরোধ— সোশ্যাল মিডিয়াতে ছড়ানো তথ্য দেখেই যেন তারা আবেগী সিদ্ধান্ত না নেন। কোনো উসকানিতে যেন সহিংস অবস্থানে নেমে পড়বেন না।”

    এর আগে জুনাইদ আহমেদ পলক ‘সাইবার-সিকিউরিটি সিম্পোজিয়াম: বাংলাদেশ পাথ ফরওয়ার্ড’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে বক্তব্যে তিনি বলেন, “গুজব, অপতথ্য ও বুলিং ছড়িয়েপড়া রোধে সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ ডিজিটাল মিডিয়াগুলোকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আন্তর্জাতিক সংস্থাগুলোকে ডিপফেক, সাইবার বুলিং নিয়ে ফেসবুককে জবাবদিহি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বানা জানাচ্ছি।”

    সেমিনারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মহাপরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আবাসিক প্রতিনিধি চার্লস হোয়াইটলি।

  • ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    www.HelloBangla.News – শিক্ষা – ১৭ জুলাই, ২০২৪: প্রশাসনিক সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ২৪(এল) ধারার ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

    আজ বুধবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৭ জুলাই, ২০২৪ বুধবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের আহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় বিস্তারিত আলোচনার পর নিম্নোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়:

    ১. উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ২৪(এল) ধারার ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

    ২. আজ ১৭ জুলাই ২০২৪ সন্ধ্যা ৬টার মধ্যে সব আবাসিক হল/হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের হল/হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। পরবর্তীতে হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

    ৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলো।

    ৪। বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হলো।

    এর আগে, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

    অন্যদিকে, মঙ্গলবার রাত ১১টায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয় ইউজিসি। কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হলো।

    এছাড়া, রাত সাড়ে ১০টা ২০ মিনিটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তায় বিষয়টি বিবেচনায় অনির্দিষ্টকালের সব ক্লাস-পরীক্ষা বন্ধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

  • ঢাবি প্রশাসনের নির্দেশনা মেনেই আমরা কাজ করব: র‌্যাব

    ঢাবি প্রশাসনের নির্দেশনা মেনেই আমরা কাজ করব: র‌্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জুলাই, ২০২৪: ঢাবি প্রশাসনের নির্দেশনা মেনেই আমরা কাজ করব, বলে জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস। তিনি বলেন, “শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তারা ক্যাম্পাস না ছাড়ে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যেই নির্দেশনা দেবে, আমরা সে অনুযায়ী কাজ করব।”

    আজ বুধবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

    র‌্যাব মুখপাত্র বলেন, “ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে র‍্যাব। শিক্ষার্থীদের আবেগ-অনুভূতির প্রতি আমরা সহানুভূতিশীল। তবে তাদের অনুভূতিকে যদি তৃতীয় পক্ষ কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করতে চায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।”

    এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ২৪(এল) ধারার ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

    আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

    এদিকে আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। কাউকে পরিচয়পত্র দেখানো ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না।

  • দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ

    দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ

    www.HelloBangla.News – শিক্ষা – ১৭ জুলাই, ২০২৪: দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার মধ্যে অবস্থিত সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে সিটি করপোরেশন এলাকার বাইরের প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে।

    আজ বুধবার (১৭ জুলাই) বেলা সোয়া ১১টার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৮টি বিভাগীয় শহরের সিটি করপোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণিকার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

    এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেশের সব মাধ্যমিক (স্কুল), উচ্চমাধ্যমিক (কলেজ) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা ও পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এছাড়া চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব বিষয়ের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব অনার্স কলেজও বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সবশেষ বিশ্ববিদ্যালয় রাত ১১টার দিকে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় ইউজিসি।

  • শিক্ষার্থীরা না বুঝেই কোটাবিরোধী আন্দোলন করছে: পররাষ্ট্রমন্ত্রী

    শিক্ষার্থীরা না বুঝেই কোটাবিরোধী আন্দোলন করছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জুলাই, ২০২৪: শিক্ষার্থীরা না বুঝেই কোটাবিরোধী আন্দোলন করছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “শিক্ষার্থীরা না বুঝেই কোটাবিরোধী আন্দোলন করছে। সরকারি চাকরিতে কোটা সরকার বাতিল করেছে। সরকার এটি বাতিল করেছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে, তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে। গত কয়েকটি বিসিএস পরীক্ষা কোটাবিহীন অনুষ্ঠিত হয়েছে। কোটার ভিত্তিতে নয়, সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত হয়েছে সম্পূর্ণ কোটাবিহীনভাবে।”

    আজ বুধবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বাধীনতার পর থেকেই কোটা ছিল। স্বাধীনতার আগেও কোটা ছিল। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী ও জেলা কোটা ছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে মুক্তিযোদ্ধা কোটা ছিল না। যেটি আমাদের সরকার পুনর্বহাল করেছে। বিভিন্ন পর্যায়ের কোটা দেশ স্বাধীনের পর থেকে ছিল।”

    তিনি বলেন, “যেহেতু কোটা সরকার বাতিল করেছিল, দেশের যে কোনো নাগরিক আদালতে যাওয়ার ক্ষমতা রাখে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘সে কারণে একজন ব্যক্তি হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট রায় দিয়েছেন। সরকার যে কোটা বাতিল করেছিল, সেটি অবৈধ বলে রায় হয়। অর্থাৎ সরকারের বিরুদ্ধে হাইকোর্ট রায় দিয়েছেন, কোটা পুনর্বহালের কথা বলেছেন। হাইকোর্ট রায় দিলো সরকারের বিরুদ্ধে। আবার আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে।”

    হাইকোর্টের এ রায় সুপ্রিম কোর্ট স্থগিত করে দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, “অর্থাৎ সরকার যে কোটা বাদ করে দিয়েছিল, হাইকোর্ট সেই রায় পুনর্বহাল করেছে। বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটা নেই। এটি জানার পরও যারা আন্দোলন করছে। দুরভিসন্ধিজনকভাবে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। সাধারণ ছাত্র-ছাত্রীদের ভুল বুঝিয়ে সেখানে সম্পৃক্ত করছে। এরপর সেখানে বিএনপি-জামায়াত ঢুকেছে। কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে।”

    তিনি বলেন, “ওয়ান/ইলেভেনের কুশীলবরা এখনো সক্রিয়। মানে যারা ষড়যন্ত্রকারী। এটি মানুষ বোঝে। তারা নির্বাচনের আগে সক্রিয় ছিল। বিএনপি-জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে দেশের নির্বাচন পণ্ড করার অপচেষ্টা চালিয়েছিল।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্বাচনের পরে সরকার যেন বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য না হয়, সেজন্য সক্রিয় ছিল। সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়ে সক্রিয় হয়েছে দেশে একটি গণ্ডগোল পাকানোর জন্য। বিএনপি-জামায়াতের যেমন আন্দোলন করার কোনো ক্ষমতা নেই, ওয়ান ইলেভেনের কুশীলবদের জনগণের কাছে যাওয়ারও কোনো ক্ষমতা নেই।”

    হাছান মাহমুদ বলেন, “গতকাল সারাদেশে যে নৈরাজ্য হয়েছে এর প্রধান কারণ বিএনপি-জামায়তের সন্ত্রাসীরা। ঢাকা-চট্টগ্রাম-রংপুরসহ সারাদেশে তারা লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র নিয়ে নেমেছে। চট্টগ্রামে মানুষের রগ কেটেছে। রগকাটা বাহিনী হচ্ছে শিবির। চট্টগ্রামে ছয়তলা ভবনের ছাদ থেকে ছাত্রলীগের কর্মীদের ফেলে দেওয়া হয়েছে। চট্টগ্রামে তিনজন নিহত হয়েছে। এর মধ্যে একজন ছাত্রদল নেতা। ছাত্রদলের নেতা ওখানে গেলো কেন? তাহলে তারা ওখানে ঢুকেছে প্রমাণ হলো।”

    তিনি বলেন, “ঢাকায় একজন পথচারী ও আরেকজন ছাত্র নিহত হয়েছে। গতকাল বিএনপি-জামায়াত চাচ্ছিল দেশে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে লাশ তৈরি হোক।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কোটা আন্দোলনকারীরা গতকাল সমাবেশ করেও কোনো কর্মসূচি দেয়নি। রাত সাড়ে ১২টায় কর্মসূচি ঘোষণা, গায়েবানা জানাজা ও মিছিল। তার মানে লাশের রাজনীতি। এর মানে, এই কর্মসূচি কোটা আন্দোলনকারীদের নয়, বিএনপি-জামায়াতের পরামর্শে দেওয়া হয়েছে। আমরা দেশকে বিএনপি-জামায়াতের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অস্থিতিশীল করতে দেবো না।”

  • গাজায় এক ঘন্টার ইসরায়েলি হামলায় ৪৮ ফিলিস্তিনি নিহত

    গাজায় এক ঘন্টার ইসরায়েলি হামলায় ৪৮ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৭ জুলাই, ২০২৪: গত ৯ মাস ধরে গজায় চলছে ইসরায়েলি হামলা। দিন যতই যাচ্ছে হামলা তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) অবরুদ্ধ উপত্যকাটিতে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমান হামলা চালিয়ে অন্তত ৪৮ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। হামলায় মধ্য গাজার নুসেইরাত এলাকায় জাতিসংঘের পরিচালিত একটি স্কুলে ২৫ জন নিহত হয়। এছাড়া খান ইউনিসে ১৮ জন ও বেইত লেহিয়া এলাকায় ৫ জন নিহত হয়েছেন।

    চলমান এই হামলায় গাজায় ইউএনআরডব্লিউএ পরিচালিত ৭০ শতাংশ স্কুলে বোমা ফেলা হয়েছে। তাছাড়া এসব স্কুল প্রাঙ্গণের ভেতরে আশ্রয় নেওয়া ৫৩৯ জন নিহত হয়েছেন।

    গত ৭ অক্টোবার থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৯ হাজার ১৬৬ জন।

    এদিকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘণের দায়ে ইসরায়েলের পাঁচ নাগরিক ও তিন সংস্থার ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

  • ডেজাড: ব্রেড ম্যাংগো ডেজার্ট

    ডেজাড: ব্রেড ম্যাংগো ডেজার্ট

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৭ জুলাই, ২০২৪: আমের সিজন। সবার বাসাতেই কম বেশী আম খাওয়া হচ্ছে। আম দিয়ে বানানোও হচ্ছে নানা স্বাদের ডেজার্ট, স্মুদি, জুস। আজকে নিয়ে এলাম আম দিয়ে তৈরী মজার একটি রেসিপি “ব্রেড ম্যাংগো ডেজার্ট “।

    উপকরণ:

    পাকা আমের পিউরি-১কাপ, পাকা আম ছোট কিউব করে কাটা-১কাপ, হুইপ ক্রিম-১কাপ, তরল দুধ-১কাপ, ব্রেড-১টা, কনডেন্স মিল্ক -১/৪ কাপ।

    প্রণালী:

    ১কাপ দুধ, হাফ কাপ আমের পিউরি ও কনডেন্স মিল্ক (আমের মিস্টি বুঝে বাড়িয়ে কমিয়ে দেয়া যেতে পারে) মিশিয়ে নিতে হবে। ব্রেড এর চারপাশের শক্ত অংশ কেটে নিতে হবে। বাকী হাফ কাপ আমের পিউরি থেকে ২ টেবল চামচ পিউরি তুলে রাখতে হবে। এবার হুইপ ক্রিম ও বাকী আমের পিউরি একসাথে বিট করে নিতে হবে। ক্রিম কিছুটা ঘন হলেই বিট করা বন্ধ করতে হবে। অর্থাৎ ক্রিমটা বেশী জমাট বাঁধানো যাবে না। এবার একটি সার্ভিং ডিশে একপিস ব্রেড আম দুধের মিশ্রণে ডুবিয়ে পাশাপাশি রাখতে হবে। এভাবে একটি লেয়ার করার পর আমের ছোট কিউব করা টুকরা গুলো ছড়িয়ে দিয়ে উপরে হুইপ ক্রিম এর লেয়ার দিতে হবে। এভাবে আপনার পছন্দমত দুইটি বা তিনটি লেয়ার করে নিতে হবে। সব শেষ লেয়ারে হুইপ ক্রিম দিয়ে ঢেকে বাকী রেখে দেয়া আমের পিউরি একটু একটু করে ছিটিয়ে দিয়ে একটি টুথপিক দিয়ে ডিজাইন করে নিতে হবে। এবার নরমাল  ফ্রিজ এ ৩/৪ ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ মজার ব্রেড ম্যাংগো ডেজার্ট।

    রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

  • শিক্ষার্থীরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করেনি: আইনমন্ত্রী

    শিক্ষার্থীরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করেনি: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুলাই, ২০২৪: শিক্ষার্থীরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করেনি, বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “একটা প্রশ্ন উঠেছে যে, কোটাতো আদালতের বিষয় না, এটা সরকারের বিষয়। আদালতে যখন একটা জিনিস গেছে, তখন সরকারও আদালতের রায়ের জন্য অপেক্ষা করে। এরপরে সরকার একটা পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু শিক্ষার্থীরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করেনি।”

    আজ মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ঘৃণ্য ইমডেমনিটি আইন এবং জননেত্রীর কারাবন্দি দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ২০১৮ সালে কোটা বাতিল করেছেন। এরপরে ৭ থেকে ৮ জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে মামলা করেছেন। আজকে যারা কোটা আন্দোলন করছেন, তারাতো হাইকোর্টে যায়নি! হঠাৎ একদিন যখন হাইকোর্টের রায়ের কথা পত্রিকায় বের হয়েছে, তখন তারা আন্দোলনে নেমে পড়েছেন। পরবর্তীকালে তারা হাইকোর্টে না গিয়ে রাস্তায় আন্দোলনে থাকার সিদ্ধান্ত নেন। এরপর তারা আপিল বিভাগের কাছে গিয়েছে। তখন আপলি বিভাগ থেকে সব প্রতিবাদকারী কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলা হয়েছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য, প্রক্টর মহোদয়কে তাদের শিক্ষার্থীদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষায় মনোনিবেশ করতে বলা হয়েছে। স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য এই আদালতের সামনে তুলে ধরতে পারেন। আদালত মূল দরখাস্তটি বিবেচনা, নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে।সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাস পর্যন্ত দিয়েছে। তারপরেও এই আন্দোলন করার কোনও প্রয়োজনীয়তা আছে? আন্দোলনের যে স্লোগান দেওয়া হয়েছে, সে স্লোগান দেওয়ার কোনও প্রয়োজনীয়তা থাকে?”

    তিনি আরও বলেন, “যৌক্তিক কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনবেন। জনগণের যেটা ভালো হয় প্রধানমন্ত্রী সেটা করবেন। কিন্তু শেখ হাসিনার সরকার আদর্শ থেকে বিচ্যুত হবে না।”

    শিক্ষার্থীদের স্লোগান প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘‘আজকে ইনডেমনিটি আইনের ধারাবাহিকতায় আমরা কিন্তু এখন ছাত্রদের মুখে স্লোগানের কথা শুনছি। যারা আন্দোলন করছেন, তারা যদি ‘আমি কে, তুমি কে, আমরা বাঙালি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান’এটা বলতেন, তাহলে আমি অবশ্যই বলতাম তারা সঠিক পথে আছে।”

    বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন— সংসদ সদস্য তারানা হালিম, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, বঙ্গবন্ধু গবেষক মো. আফিজুর রহমান, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ প্রমুখ।

  • তারা আমাদের ভবিষ্যৎ, তারা সঠিক পথে ফিরবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    তারা আমাদের ভবিষ্যৎ, তারা সঠিক পথে ফিরবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুলাই, ২০২৪: তারা আমাদের ভবিষ্যৎ, তারা সঠিক পথে ফিরবে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “আমরা মনে করি তারা (কোটা বিরোধী শিক্ষার্থীরা) আমাদের ভবিষ্যৎ। তারা সঠিক পথে অবশ্যই যাবে। তবে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা নেমে আসে তাহলে আমাদের কাজ আমরা করবো। আমি আহ্বান করবো, তারা যেন এসব কার্যক্রম বন্ধ করে ফিরে যায়।”

    আজ মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোটা বিরোধী ছাত্ররা জনদুর্ভোগ, ধ্বংস, ভাঙচুর বা রক্তপাত ঘটালে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের যে কাজ সেটাই করবে।”

    তিনি বলেন, “সারা বিশ্বেই কোটা সিস্টেম আছে। আমাদের এখানেও ছিল। ২০১৮ সালে প্রধানমন্ত্রী সেটা স্থগিত করে দিয়েছিলেন। তারপর কয়েকজন মিলে কোর্টে রিভিউ চেয়েছিলেন। কোর্ট সেটার একটা রিভিউ দিয়েছে। সেটা নিয়েই আজকে বিপত্তি, ছাত্ররা প্রতিবাদ জানিয়েছে। তারা আবারও কোটা বিলুপ্তি চেয়েছে। ইত্যোমধ্যে সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশনা দিয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, এটা স্থগিত রইলো। বিচারটি আগামী ৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে বলেছেন, ছাত্ররা যেন কোর্টে এসে তাদের আবেদনটি জানায়।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের ছাত্রদের একটু অপেক্ষা করা উচিৎ ছিল যে বিচারের শেষ পর্যন্ত কী হয়, সেটা দেখা উচিৎ ছিল। তারা সেটা না দেখেই নানান ধরনের কর্মসূচি দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধ করলে তো সবাই ভুক্তভোগী হয়ে যায়। তাদের রাস্তা থেকে চলে আসা উচিত। আমি মনে করি তারা এসব কর্মসূচি রেখে কোর্টে যেতে পারে, যেটা বলেছেন প্রধান বিচারপতি।”

    ছাত্রলীগের সঙ্গে মারামারির কারণে আজ সারা দেশের ছাত্ররা মাঠে নেমেছে, আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি ছাত্রলীগ, ছাত্রদল সংজ্ঞায়িত করছি না, আমি বলেছি ছাত্ররা। ছাত্ররা হয়তো একদল পক্ষে একদল বিপক্ষে রয়েছে। এখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে কোনো আইন-শৃঙ্খলা বাহিনী কোনো কিছু করছে না। ছাত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। আমাদের কথা হচ্ছে তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের কথা বলুক। তাহলে দেশের জনগণ সেটা উপলব্ধি করতে পারবে। আর মতবিরোধ হলেই কিছু বাকবিতণ্ডা হয়। আমরা নিরাপত্তা বাহিনীকে বলেছি, যে পর্যন্ত প্রয়োজন না হয় সে পর্যন্ত যেন তারা ছাত্রদের কার্যক্রমের মধ্যে না পড়ে।”

    ছাত্রদের অবস্থানে সারাদেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে কি না, আর করণীয় কী, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, “ভেঙে পড়েছে এটাতে আমি একমত নই, আইনশৃঙ্খলা সঠিক পথেই আছে। আমি সব সময় বলে আসছি ছাত্ররা ভুল করছে, ভুল পথে চলছে। আমরা মনে করি ছাত্ররা সরে যাবে। তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা কোর্টে এসে বলতে পারে। রাস্তা অবরোধ করে দাবি আদায়, এটা সঠিক পথ নয়।”

    ছাত্রদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে কি না, আর সোমবারের সংঘর্ষের ঘটনায় প্রশাসনিক দুর্বলতা ছিল কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমাদের দলের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) বলেছেন, ঘোলাপানিতে অনেকেই মাছ শিকারে পারদর্শী, তারা অনেকেই লেগে গেছেন তাদের মোটিভেট করতে। জামায়াত ও বিএনপি বাইরে থেকে ইন্ধন দিতে পারে। এর সব কিছুই হতে পারে। আমরা এখন পর্যন্ত ধৈর্যসহকারে দেখছি।”

    আন্দোলনকারীরা দাবি করছে, প্রধানমন্ত্রীর বক্তব্য ফিরিয়ে নিতে হবে; এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, “এগুলো শেখানো বক্তব্য। এগুলো ছাত্রদের বক্তব্য নয়। বঙ্গবন্ধুর কন্যাকে কটূক্তি তারা করেনি, তাদের কেউ শিখিয়ে দিয়েছে, অন্যের শেখানো বুলি তারা বলছে। তারা নিশ্চয়ই এই বুলি ভুলবশত করেছে।”

    আজ ঢাকাসহ সারা দেশে ভাঙচুর হচ্ছে, এতে প্রশাসন কী ব্যবস্থা নেবে জানতে চাইলে তিনি বলেন, “যখন কোনো আন্দোলন হয়, তখন বিভিন্ন মহল থেকে মেসেজ আদান-প্রদান হয়, আমরা সেগুলো দেখছি। আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন, এখানে বদ-উপদেশ দেওয়ার জন্য লোক ঢুকেছে। তারা যেন তাদের উপদেশে কাজ না করে। ছাত্ররা কোটা আন্দোলন করছে সেখানে আমাদের বলার কিছু নেই৷ কথা হচ্ছে তারা যদি কারও পরামর্শে ভাঙচুর করে, ধ্বংসাত্মক কাজ করে, তাহলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। ধ্বংস, জনদুর্ভোগ, রক্তপাত করলেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেশের স্বার্থে তারা তাদের কাজটি করবেন। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানেই ভাঙচুর হবে, ধ্বংসাত্মক হবে, হত্যা হবে, রক্তপাত হবে; সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।”

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্টেট ডিপার্টমেন্ট বলেছে দুইজন নিহত হয়েছে, এ কথাটি সত্য নয়। আমাদের কাছে যে খবরটি এসেছে, সেটা হলো ইট-পাটকেল ছোড়াছুড়িতে কয়েকজন আহত হয়েছে, ঢাকা মেডিকেলে তারা চিকিৎসা নিয়েছেন। এ খবর আমাদের কাছে আছে, কোনো মৃত্যুর খবর নেই।”

  • ছাত্রলীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: ব্যারিস্টার সুমন

    ছাত্রলীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: ব্যারিস্টার সুমন

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুলাই, ২০২৪: ছাত্রলীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, বলে জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, “ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায় তার একটি চক্রান্ত চলছে। কারণ, আপনি যখন দুটি দলকে মুখোমুখি করবেন, ছাত্রলীগ যদি কাউকে বাড়ি দেয় বা বাড়ি খায় তখন এটি আরো খারাপ পরিস্থিতির দিকে যাবে, ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলছে।”

    আজ মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমের কাছে তিনি এ মন্তব্য করেন।

    ব্যারিস্টার সুমন বলেন, “আমি ছাত্রলীগকে বলব, আপনারা প্রকৃতপক্ষে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যারা আন্দোলনের বাইরে থেকে এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।”

    তিনি আরও বলেন, “তারা আদর্শের ব্যত্যয় ঘটিয়ে হয়তো কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে। এটি দেখাতে গিয়ে পুরো দলের বদনাম হচ্ছে। সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগকে মারে বা অন্যকাউকে মারে তখন তাদেরও বদনাম হচ্ছে। সংঘর্ষ-সন্ত্রাসের মধ্য দিয়ে কোনো সমাধান আসবে না বরং আমরা আরো পিছিয়ে যাব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমরা সামনের দিকে আগাচ্ছি। আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।”

    ব্যারিস্টার সুমন বলেন, “একজন এমপি হিসেবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি, অযথা সন্ত্রাস-আন্দোলনের দিকে গিয়ে ভাঙাভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না।”

    তিনি বলেন, “ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে গতকাল যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতি যেকোনোভাবে বন্ধ করতে হবে। গতকাল যারা আহত হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাব, সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করতে।”

    ছাত্রলীগ কি মারধর করে ভুল করেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছাত্রলীগ যদি কোনো মারধরের ঘটনার সঙ্গে জড়িত থাকে তবে এটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না। এটা হচ্ছে অতি আবেগ, কিছু কিছু লোক হাইব্রিড থাকে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে অন্যকে মারছে। তারা কি বোঝে না আমি যখন একজনকে মারছি তখন এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে। আমার দলের ক্ষতি হচ্ছে, এটা কি তারা বোঝে না? যারা বোঝে তারা কখনও মারবে না। আর যারা মারে এরা প্রকৃত ছাত্রলীগ না।”