Author: Hello Bangla News

  • আজ থেকে ৩ আগস্ট পর্যন্ত কারফিউ শিথিল থাকবে ১৩ ঘন্টা

    আজ থেকে ৩ আগস্ট পর্যন্ত কারফিউ শিথিল থাকবে ১৩ ঘন্টা

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ জুলাই, ২০২৪: আজ বুধবার থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত কারফিউ শিথিল থাকবে ১৩ ঘন্টা। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আজ বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে ম্যাজিস্ট্রেটরা সিদ্ধান্ত নেবেন।

    মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    বিদ্যমান পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে এর আগে বৈঠকে বসেন সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী। কয়েকজন সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরাও বৈঠকে ছিলেন।

    আসাদুজ্জামান খান বলেন, কোটা আন্দোলনে শিক্ষার্থীদের চাওয়া মেনে নেওয়ার পরও সহিংসতা থামেনি। তাই বাধ্য হয়েই আমরা কারফিউ জারি করেছিলাম। আমরা সারা দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছি। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কবে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে, শিক্ষামন্ত্রী সেই সিদ্ধান্ত নেবেন। টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কবে থেকে পরিপূর্ণভাবে ইন্টারনেট চালু হবে।

    কারফিউ শিথিলের সময় বাড়ার সঙ্গে অফিসের সময়ও স্বাভাবিক সূচিতে ফিরছে।

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২০ জুলাই সারা দেশে সেনা মোতায়েনের পাশাপাশি কারফিউ জারি করা হয়। এছাড়া ২১, ২২ ও ২৩ জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

  • ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরও এগিয়ে যাবে: সমাজকল্যাণ মন্ত্রী

    ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরও এগিয়ে যাবে: সমাজকল্যাণ মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ জুলাই, ২০২৪: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরও এগিয়ে যাবে, বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, “বিগত ১৫ বছরে দেশের মৎস্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরও এগিয়ে যাবে।”

    বুধবার (৩১ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ফোনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

    এর আগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।

    অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় জেলার ৪ মৎস্য খামারিকে পুরস্কার প্রদান ও নতুন করে নিবন্ধিত জেলেদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

  • কেরালায় ভূমিধসে ১৫১ জনের মৃত্যু

    কেরালায় ভূমিধসে ১৫১ জনের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ জুলাই, ২০২৪: ভারতের কেরাল রাজ্যের ওয়েনাড়ে ভূমি ধসে শিশুসহ ১৫১ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে এই ভূমিধসের সৃষ্টি হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে কারণ এখনো বহু মানুষ কাদা মাটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।

    আহত হয়েছেন শতাধিক মানুষ। সব মিলিয়ে প্রায় ৩৫০ পরিবার ক্ষতির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। কেরালার সরকার জানিয়েছে এখন পর্যন্ত ২৫০ জনকে কাদামাটির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে বলে ।

    মঙ্গলবার(৩০ জুলাই) ভোরে ভারী বর্ষণের সৃষ্ট ভূমিধসে এমন দুর্ঘটনার কবলে পড়েছে কেরালা। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। সকাল থেকেই উদ্ধারকাজে যোগ দিয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরে তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় সেনাও। ফলে সময় যত যাচ্ছে এই বিপর্যয়ের ভয়াবহতা স্পষ্ট হচ্ছে।

    ভারী বৃষ্টির কারণে সড়ক ভেঙে যাওয়ায় বহু এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। ভারী বৃষ্টির কারণে আকাশপথে উদ্ধার সম্ভব হচ্ছে না। সে কারণেই মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, কেরালায় ভারী বৃষ্টি এখনই থামছে না। তাদের পূর্বাভাস আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আর এই ভারী বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

    কেরালার রাজ্যের কর্মকর্তারা জানান, রাস্তা ডুবে গেছে। বাড়িঘর ধ্বংস হয়েছে। যারা এখনও নিখোঁজ, তাদের সন্ধানে অভিযান চলছে। তবে ভূমিধসে ঠিক কত মানুষ আটকা পড়েছেন, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ।

    এরই মধ্যে দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে।

    ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ভূমিধসে হতাহতের ঘটনায় সার্বক্ষণিক খোঁজ রাখছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    এই পরিস্থিতিতে হতাহতদের উদ্ধারের জন্য এবং আহতদের চিকিৎসা পরিষেবা ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তার অনুরোধ করেছে লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল বলেছেন, আমি কেন্দ্রীয় সরকারকে উদ্ধার ও চিকিৎসার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার অনুরোধ করেছি।

    উত্তরপ্রদেশের রায়বেলরির পাশাপাশি কেরালার ওয়েনাড় আসন থেকেও লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। তবে, তিনি ওই ওয়েনাড় আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার বদলে ওই আসনে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল জানিয়েছেন, রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনেই খুব শিগগিরই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওয়েনাড়ে যাবেন।

  • প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ জুলাই, ২০২৪: এবার অলেম্পিকের প্রথম খেলায় আর্জেন্টিনা হেরে যায় মরক্কোর  কাছে। পরের দুই খেলায় জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। আজ ইউক্রেন অনূর্ধ্ব-২৩ দলকে ২-০ গোলে হারিয়েছে তারা।

    গ্রুপামা স্টেডিয়ামে খেলায় গোলের জন্য আর্জেন্টিনার চেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছে ইউক্রেন। কিন্তু ১১টি শটের মধ্যে গোলমুখে রাখতে পেরেছে কেবল তিনটি। তবুও মেলেনি গোলের দেখা। ৮ শটের মধ্যে গোলমুখে ৪ শট নিয়ে দুটিতেই নিশানা ভেদ করে আর্জেন্টিনা।

    দুটি গোলই এসেছে বিরতির পর। ৪৭ মিনিটে তারা এগিয়ে যায় থিয়াগো আলমাদার গোলে। ক্রিস্তিয়ান মেদিনার অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে নেওয়া শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

    যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। এরপর জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টারে উঠল তারা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারলেও পরের ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় হাভিয়ের মাচেরানোর দল।

    আর্জেন্টিনা ফুটবলে দারুণ সময় যাচ্ছে। টানা তিনটি মেজর ট্রফি জিতেছে তারা। এবার অলিম্পিকেও বহু বছর পর গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে। ১৬ বছর পর গ্রুপ পর্ব উতরে গেছে আর্জেন্টিনা।

  • টিকটক গুজব রোধে সচেতনতা অবলম্বন করেছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    টিকটক গুজব রোধে সচেতনতা অবলম্বন করেছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৩১ জুলাই, ২০২৪: টিকটক গুজব রোধে সচেতনতা অবলম্বন করেছে, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘টিকটক’ তাদের ব্যাখ্যা দিয়েছে। একইসঙ্গে গুজব ও অপপ্রচার রোধে ফ্যাক্ট চেকিংসহ অন্যান্য সব বিষয়ে সচেতনতা অবলম্বন করে কন্টেন্ট অ্যাপ্রুভের বিষয়ে এরইমধ্যে তারা কাজ শুরু করেছে। বিটিআরসির পক্ষ থেকে আমরা তাদের ব্যাখ্যায় সন্তুষ্টি প্রকাশ করেছি।”

    আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের সঙ্গে বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “সাম্প্রতিক সময়ে ছাত্রদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীর গুজব ও অপপ্রচারের ফলে একটি অনাকাঙ্ক্ষিত ও সহিংস অবস্থার সৃষ্টি হয়েছিল। যার ফলে আমাদের তরুণ শিক্ষার্থী ও নিরীহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশের সম্পদ নষ্ট হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে তথ্য-উপাত্তসহ গুজব ও অপপ্রচার এবং প্ল্যাটফর্মগুলোর নিজস্ব প্রাইভেসি কমিউনিটি গাইডলাইনসহ আমরা তাদের প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করেছি।”

    তিনি বলেন, “মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রাইভেসি ও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে এবং একইসঙ্গে আমাদের দেশের সাংবিধানিক আইন, সমাজ ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক এমন অনেক কনটেন্ট ফেসবুকসহ মেটার অন্যান্য প্ল্যাটফর্মে প্রতিনিয়ত পোস্ট ও বুস্ট করা হচ্ছে। এরইমধ্যে আমরা এই বিষয়ে মেটার বিরুদ্ধে অভিযোগ করেছি। আমাদের অভিযোগের অনুকূলে তারা তাদের ব্যাখ্যা তুলে ধরেছে।”

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, “মেটার প্রাইভেসি স্ট্যান্ডার্ড বিরোধী, আমাদের আইন পরিপন্থি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নষ্ট করে ও বুলিং করে এই ধরনের কনটেন্টগুলো মেটা কেন টেকডাউন করেনি সেটি জানতে চেয়েছি। নিরপেক্ষ ফ্যাক্ট চেকিং বা তথ্যের সত্যতা যাচাই ব্যতীত কোনো বিষয়ে গুজব ও অপপ্রচারের অন্তর্ভুক্ত কনটেন্ট মেটা কেন অনুমোদন করে?’- এই বিষয়গুলো সম্পর্কে আমরা মেটার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কেন তাদের একই কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনে চলা হয় না সেটা জানতে চেয়েছি। মেটার পক্ষ থেকে তারা অঙ্গীকার করেছে আগামী দিনে আরও দায়িত্বশীল হবে এবং এই বিষয়গুলোতে তারা বিটিআরসিকে আরও সহযোগিতা করবে।”

  • বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে

    বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ জুলাই, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা কারণে পরিষেবা স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে।ফলে দেশব্যাপী রেল যোগাযোগ বন্ধ থাকে দুই সপ্তাহ। অবশেষে আগামীকাল বৃহস্পতিবার (০১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।

    আজ থেকে কারফিউ শিথিল থাকবে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। রেলওয়ে কতৃপক্ষ জানাচ্ছে এই ১৩ ঘন্টার শিথিল সময়ে এই ট্রেন চালানো হবে। ট্রেন চালু হওয়াকে সামনে রেখে স্টেশন ধোয়ামোছা ও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

    রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার আলম রাজন জানিয়েছেন পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

    রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয় ঢাকা থেকে স্বল্প দূরত্বে কয়েকটি কমিউটার ট্রেন পরিচালনা করবে। যতক্ষণ কারফিউ শিথিল থাকবে, ততক্ষণই এই ট্রেনগুলো চলবে।

    রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উদ্দেশ্যে তিতাস কমিউটার ছাড়াও ঢাকা থেকে নরসিংদী, টাঙ্গাইল, জয়দেবপুর, নারায়ণগঞ্জের মধ্যে কয়েকটি কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেন চলাচল করতে পারে।

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে ১৮ জুলাই দুপুর থেকে বন্ধ রয়েছে রেল যোগাযোগ।

  • বিচার বিভাগীয় তদন্ত কমিশন জাতিসংঘের সহায়তা নেবে: প্রধানমন্ত্রী

    বিচার বিভাগীয় তদন্ত কমিশন জাতিসংঘের সহায়তা নেবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জুলাই, ২০২৪: বিচার বিভাগীয় তদন্ত কমিশন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনার সুষ্ঠু ও মানসম্মত তদন্তে ‘বিদেশি কারিগরি সহায়তা’ নেবে। ইতোমধ্যে বাংলাদেশ ‘জাতিসংঘের সহায়তার’ আগ্রহকে স্বাগত জানিয়েছে।

    আজ মঙ্গলবার (জুলাই ৩০) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

    নাঈমুল ইসলাম খান বলেন, ‘আমাদের যে জুডিশিয়াল ইনকোয়ারি (তদন্ত) কমিটি (গঠিত হয়েছে), তাদের সুষ্ঠু ইনকোয়ারি করার জন্য, তাদের ইনকোয়ারিটা যেন খুব উচ্চমানের হয়, এ জন্য বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে। ’

    তদন্তে জাতিসংঘের সহায়তা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘ইতোমধ্যে জাতিসংঘের সাথে সহযোগিতার (সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে সহায়তা) ব্যাপারে যোগাযোগও হয়েছে। যোগাযোগ বলতে জাতিসংঘ আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশও তার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে।’

    জার্মান রাষ্ট্রদূতকে উদ্বৃত করে নাঈমুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে তারা (জার্মানি) দৃঢ় আশাবাদী যে, একটা ইন্ডিপেন্ডেন্ট (স্বাধীন) ইনভেস্টিগেশন (তদন্ত) হবে। যারা দুর্বৃত্ত তারা চিহ্নিত হবে এবং তাদের বিচার হবে।’

    রাষ্ট্রদূতকে উদ্বৃত করে প্রেস সচিব বলেন, ‘যারা ধর্মীয় উগ্রবাদের সহযোগী তাদের ব্যাপারে জার্মানির কোন সিমপ্যাথি (সহানুভূতি) নাই। ’

    নাঈমুল ইসলাম খান জানান, বৈঠকের শুরুতে জার্মান রাষ্ট্রদূত সাম্প্রতিক সহিংসতায় জীবনহানির ঘটনায় বাংলাদেশ যে রাষ্ট্রীয় শোক পালন করছে, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে শোক ও সমবেদনা জানান।

    জার্মানি বাংলাদেশের সঙ্গে থাকবে জানিয়ে রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারকে উদ্বৃত করে নাঈমুল ইসলাম খান বলেন, ‘জার্মানি বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি সম্পর্ক এবং এখনো তারা বাংলাদেশের সঙ্গে থাকবে।’

    দুই দেশের ঐতিহ্যবাহী ও বিদ্যমান সুসম্পর্কে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন জানিয়ে প্রেস সচিব বলেন, ‘বঙ্গবন্ধুর সময় থেকে জার্মানির সঙ্গে বন্ধুত্ব এবং জার্মানির বেশ কিছু পরিবার বাংলাদেশের যুদ্ধ শিশুকে দত্তক নিয়েছিল; প্রধানমন্ত্রী সে কথা স্মরণ করেন।’

    ভিসা প্রক্রিয়ার ধীরগতি প্রসঙ্গে আলাপের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘জার্মান রাষ্ট্রদূত তাদের ভিসা প্রকিয়ায় শ্লথতার জন্য দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত বলেছেন, গুড উইলের (সুনামের) কমতির জন্য এটা হচ্ছে না। তাদের (জার্মান দূতাবাস) সক্ষমতা ও সম্পদের সীমাবদ্ধতার কারণে এটা হচ্ছে। ’

    সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

  • পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

    পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জুলাই, ২০২৪: পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিযেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, “গ্রেপ্তার বাণিজ্য অনেক পুরনো একটি শব্দ। ডিএমপি কমিশনার যেদিন থেকে ব্লক রেইডের নির্দেশ দিয়েছেন, সেদিন থেকেই গ্রেপ্তার বাণিজ্য শব্দের বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। যদি এ ধরনের কোনো অভিযোগ আসে, তাহলে সঙ্গে সঙ্গে দায়ী পুলিশ সদস্যকে শুধু প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপি সদর দপ্তরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি।

    ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, “প্রতিটি ঘটনার পূর্বাপর বিচার করতে হবে। আমাদের সদস্য যদি গুলি করে থাকেন, কোন প্রেক্ষাপটে গুলি করেছেন, তা পর্যালোচনা করা হবে। প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে, যেন প্রশ্ন না ওঠে, পুলিশ মামলা নিয়ে পক্ষপাত করছে।”

    তিনি বলেন, “যখন একটি মামলা হয়, তখন কে কোন দলের, কে কোন মতের, কে পক্ষের, সেসব আমাদের কাছে বিচার্য বিষয় থাকে না। সাধারণ মানুষ যখন একটি এজাহার দায়ের করে, তখন পুলিশের হস্তক্ষেপের কোনো সুযোগ থাকে না। তাই এখানে কোনো দল-মত কিংবা পক্ষ-বিপক্ষ নেওয়ার সুযোগ নেই। মামলার সুষ্ঠু তদন্ত হবে এবং যে দোষী, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    অভিযোগ আছে সাধারণ শিক্ষার্থীদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এমন প্রশ্নের জবাবে বিপ্লব বলেন, “ব্লক রেইড পরিচালনার ক্ষেত্রে কোনো সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী এবং নিরপরাধ কাউকে ধরার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। ব্লক রেইডে ডিএমপির সিনিয়র অফিসারদের মোতায়েন করা হয়েছে, যেন ব্লক রেইডে কোনো ধরনের আইনের ব্যত্যয় না ঘটে, নিরপরাধ কেউ যেন বিন্দুমাত্র পুলিশের দ্বারা হয়রানির শিকার না হয়। এরপরও যদি কোনো ব্যত্যয় হয়, সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নিই। তবে যে অপরাধী, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।”

    সাধারণ কোনো শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ডিএমপির কোনো বিরোধ নেই জানিয়ে তিনি বলেন, “সাধারণ শিক্ষার্থীরা আমাদের সন্তান সমতুল্য। সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে পুলিশ অত্যন্ত সংবেদনশীল। পুলিশের টার্গেট যারা নাশকতাকারী, যারা মেট্রোরেল, সেতু ভবন, টোল প্লাজা ও বিভিন্ন জায়গায় গাড়ি পুড়িয়েছে। আমাদের শত্রু জামায়াত-শিবির চক্র এবং বিএনপির সন্ত্রাসীরা। তাদের ধরার জন্য ভিডিও ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে কাজ করছি।”

    তিনি বলেন, “গত কয়েক দিনে ঢাকা শহরে নাশকতামূলক কর্মকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ডিএমপির ৫০টি থানায় ২৬৪টি মামলা রুজু হয়েছে। আরও চার-পাঁচটি মামলা প্রক্রিয়াধীন। এসব মামলায় দুই হাজার ৮৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে আনা হয়েছে অসংখ্য আসামিকে। রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেয়েছি, সেসব তথ্য যাচাই-বাছাই করে দেখছি।”

    ২৬৪টি মামলার মধ্যে নিহতের ঘটনায় কোনো মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “ঢাকায় বিভিন্ন থানায় ৫৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নিহতের পরিবার বাদী হয়েছে এবং কিছু মামলার বাদী পুলিশ।”

    বিপ্লব কুমার সরকার বলেন, “এসব মামলার শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে। পুলিশ এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করে তদন্ত করবে। এসব মামলা ডিএমপি কমিশনার নিজে তদন্ত তদারকি করবেন। সিনিয়র অফিসারদের এসব মামলা মনিটরিংয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক। পুলিশ কোনো মৃত্যু প্রত্যাশা করে না।”

  • বুধবার থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচীতে চলবে

    বুধবার থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচীতে চলবে

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জুলাই, ২০২৪: আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচী অনুযায়ী চলবে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

    এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে।

    পরে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সরকারি কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে আগামীকাল বুধবার থেকে আগের নিয়মে অফিস চলবে।’

    এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গত ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে গত ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।

  • এবার ২২ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন জাতীয় মৎস্য পদক

    এবার ২২ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন জাতীয় মৎস্য পদক

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জুলাই, ২০২৪: মৎস্য পদক ২০১৪ পাচ্ছেন ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রতি বছর মৎস্যখাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়। আগামীকাল বুধবার (৩১ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করবেন।

    আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান এ কথা জানান। প্রতি বছরের ন্যায় আজ থেকে ০৫ আগস্ট পর্যন্ত চলবে এই মৎস্য সপ্তাহ।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ শুরু।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৪ উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচি এবং দেশের সব জেলা- উপজেলায় স্থানীয়ভাবে ০৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উল্লেখ করেন।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুলাই সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউ এ একটি সড়ক র‍্যালি, সকাল ১১টায় সংবাদ সম্মেলন ও বিকাল ৪টায় হাতিরঝিলে নৌর‍্যালি অনুষ্ঠিত হবে।

    প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৩১ জুলাই সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৪ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মৎস্যখাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক, ২০২৪ প্রদান করা হবে, যার মধ্যে রয়েছে ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক। এদিন বেলা ১২টায় প্রধানমন্ত্রী গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।

    তৃতীয় দিন ০১ আগস্ট সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনস্থ পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। সপ্তাহের চতুর্থ দিন বিএফআরআই কর্তৃক একটি সেমিনার ঢাকায় অনুষ্ঠিত হবে। ৫ম দিন ০৩ আগস্ট জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। ৬ষ্ঠ ও ৭ম দিনে যথাক্রমে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়িত হবে।

    এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, জাতীয় দৈনিক পত্রিকায় নিবন্ধ প্রকাশ, ইলেকট্রনিক মিডিয়ায় আলোচনা অনুষ্ঠান, মৎস্য খাতের সাফল্য নিয়ে ভিডিও প্রদর্শন এবং মৎস্য খাতে বর্তমান সরকারের অবদান ও অর্জন নিয়ে স্কুল ও টিভিসি প্রচার করা হবে। তাছাড়াও দেশের সকল জেলা-উপজেলায় সপ্তাহব্যাপী আলোচনা সভা, সেমিনার/কর্মশালা, র‍্যালি, পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ, মৎস্য খাতে সরকারের সাফল্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যচাষিদের জন্য বিশেষ পরামর্শ সেবা, পানি পরীক্ষা, রচনা/কুইজ প্রতিযোগিতা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ আলমগীর এসময় উপস্থিত ছিলেন।