Author: Hello Bangla News

  • ছাত্রলীগ সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছে: সেতুমন্ত্রী

    ছাত্রলীগ সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ এপ্রিল, ২০২৪: ছাত্রলীগ সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ সোমবার(১ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন।

    বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ১৭ হাজার নেতাকর্মী জীবন উৎসর্গ করেছিল। ছাত্রলীগ সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছে।”

    বিবৃতিতে সেতুমন্ত্রী জানিয়েছেন, ছাত্রলীগ সুনির্দিষ্ট গঠনতন্ত্র ও নীতি-আদর্শ মেনে পরিচালিত ছাত্র সংগঠন। ছাত্রলীগ দখলদারিত্বে বিশ্বাসী নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্ব শুরু হয় সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরে। স্বৈরশাসক জিয়াউর রহমান নিজের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ক্ষমতা ও অর্থের প্রলোভনে মোহাবিষ্টের মাধ্যমে ছাত্রনেতাদের আদর্শ বিচ্যুত ও পথভ্রষ্ট করে ছাত্রদল প্রতিষ্ঠা করা হয়। নীতি-আদর্শকে পাশ কাটিয়ে বৈষয়িক চিন্তা ও বিলাসী জীবন-যাপনে অভ্যস্ত করা হয় তাদের। এর ধারাবাহিকতায় দিনে দিনে ছাত্র রাজনীতিতে একটি কলুষিত ধারা প্রতিষ্ঠিত হয়।

    একইভাবে স্বৈরশাসক জিয়াউর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি ভাবধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতির প্রচলন হয়। এর ছোঁয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়তে থাকে এবং তা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করে। এই নীতি ও আদর্শ বিবর্জিত ধারার বিরুদ্ধে ছাত্রলীগ নিরন্তর সংগ্রাম জারি রেখেছে।

    বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের আফসোস হয়! বিএনপি নেতৃবৃন্দ বুঝে না যে, এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচারের ধারা অব্যাহত রাখলে তারা জনগণ থেকে আরও দূরে সরে যাবে। তারা ক্ষমতায় এসে ইতিহাস বিকৃতির মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী বয়ান তৈরির মধ্য দিয়ে দেশবিরোধী রাজনীতির ধারা সৃষ্টি করেছে এবং তা পরিপুষ্ট করে চলেছে।

    বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি নেতারা নির্যাতনের মনগড়া মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছে। বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও সহিংসতার পথে হেঁটেছিল। তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এখন তো তাদের নেতাকর্মীরা একের পর এক মুক্তি পাচ্ছে। অথচ তাদের মুখে অত্যাচার-নির্যাতনের তথাকথিত বক্তব্য শুনে মনে হচ্ছে এটা তারা চিরস্থায়ী পন্থা হিসেবে বেছে নিয়েছে।”

    সরকার কোনো ত্রাসের রাজত্ব কায়েম করে নাই। বরং নির্বাচন বানচাল ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিএনপি সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির মাধ্যমে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চেয়েছিল, সরকার তা থেকে জনগণের নিরাপত্তা বিধানের জন্য অভয়ের পরিবেশ সৃষ্টিতে বদ্ধপরিকর।

  • বুয়েটে ছাত্র রাজনীতি চলবে

    বুয়েটে ছাত্র রাজনীতি চলবে

    www.HelloBangla.News – জাতীয় – ১ এপ্রিল, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করে ওই সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    বুয়েটের হল থেকে সম্প্রতি বের করে দেয়া শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বির করা এক রিটের শুনানি শেষে আজ সোমবার (১ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

    আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি জানান, বাংলাদেশ সংবিধানের ৩৭, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের নোটিশ দেওয়ার কোনো ভিত্তি নেই। সমাবেশ, রাজনৈতিক দল করার এবং বাক স্বাধীনতার অধিকার মৌলিক অধিকার হিসেবে দেওয়া আছে। বুয়েট অর্ডিন্যান্স,  ১৯৬১ অনুসারে রাজনীতি নিয়ন্ত্রণের কথা বলা আছে। নিষিদ্ধ করার ক্ষমতা নেই। তারপরেও ওই নোটিশকে সম্মান করে আসছিলো ছাত্রলীগ। কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফূল দিতে গেলে বাধা দেওয়া হয়। এরপর রাজনীতি নিষিদ্ধের নোটিশ যখন আমাকে দেখালো আমি বললাম, এটা মৌলিক অধিকার ও বুয়েট অর্ডিন্যান্স পরিপন্থী। গতকাল রিট প্রস্তুত করে আজকে ফাইল করে শুনানি করেছি। আদালত রুল জারি করে বিজ্ঞপ্তিটা স্টে করেছেন। যার ফলে বুয়েটে রাজনৈতিক কার্যক্রমে আর কোনো বাধা থাকলো না।

    আদালতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

    রিটটি করেন বুয়েটের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

    ২০১৯ সালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়। তখন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের ১১ অক্টোবর একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। বুয়েটের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিষিদ্ধ করা হলো। ’

    এরপর থেকে বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

    গত ২৭ মার্চ বৃহস্পতিবার গভীররাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, দপ্তর সম্পাদকসহ অনেকেই বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম এ সমাগম ঘটান বলে অভিযোগ করে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

    এরপর শুক্রবার রাতে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চ মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ১. বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের (স্টুডেন্ট নম্বর ২১০৪১৪১) হলের সিট বাতিল করা হলো। ২. এছাড়া সার্বিক বিষয়ে তদন্তপূর্বক সুপারিশ প্রদান করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ৩. বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর টার্মসেমিস্টার ফাইনালসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম চলমান থাকবে।

    এদিকে বুয়েটে ছাত্র রাজনীতি চালু চেয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এর মধ্যে বুয়েট ছাত্র ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে ২০১৯ সালের ১১ অক্টোবরের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।

  • আগামী ২১ মে দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলায় নির্বাচন

    আগামী ২১ মে দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলায় নির্বাচন

    www.HelloBangla.News – জাতীয় – ১ এপ্রিল, ২০২৪: আগামী ২১ মে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ১৬১ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

    আজ সোমবার (১ এপ্রিল) কমিশনের ৩০তম সভা শেষে ইসি সচিব গণমাধ্যমকে এই তথ্য জানান।

    নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, “প্রথম ধাপের নির্বাচন মত দ্বিতীয় ধাপেও প্রার্থীরা মনোনয়ন পত্র অনলাইনে জমা দেবে। একইসঙ্গে প্রার্থীদের জামানত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।”

    তিনি বলেন, “কমিশন উপজেলা পরিষদের চারটি ধাপে নির্বাচন করার পরিকল্পনা করেছে। সেখানে প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়েছে। আজকে দ্বিতীয় ধাপের তফসিল চূড়ান্ত হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৯টি জেলায় ইভিএম ব্যবহার করা হবে। বাকি জেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”

    দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণ ২১ মে।

  • ৮ ও ৯ এপ্রিল ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে

    ৮ ও ৯ এপ্রিল ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে

    www.HelloBangla.News – জাতীয় – ১ এপ্রিল, ২০২৪: মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন এবার ঈদে ঐচ্ছিক ছুটির ব্যবস্থা আছে। সেই নিয়মানুযায়ী ৮ ও ৯ এপ্রিল এই ছুটি নেওয়া যাবে।

    আজ সোমবার (১ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

    তিনি বলেন, “আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী— এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার।”

    এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ঈদের ছুটি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়।

    ঈদের ছুটি এমনিতেই এবার ৫ দিন আছে জানিয়ে কয়েকজন মন্ত্রী বলেন, “বাড়তি আরেকদিন ছুটি দেওয়া হলে সেটি কাজে সমস্যা করতে পারে। আলোচনার পর ৯ এপ্রিল অফিস খোলা থাকবে বলেই সিদ্ধান্ত হয়। তবে যারা দূরে ঈদ করতে যাবেন, তারা চাইলে ছুটি নিতে পারবেন বলে জানানো হয়।”

    এর আগে গতকাল রবিবার (৩১ মার্চ) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

  • গাজায় ৬০০ ইসরায়েলি সেনা সদস্য নিহত

    গাজায় ৬০০ ইসরায়েলি সেনা সদস্য নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ এপ্রিল, ২০২৪: গত পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি সেনা অভিযান। এই অভিযানে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।পাশাপাশি হামাসের পাল্টা প্রতিরোধে ৬০০ ইরায়েলি সেনাবাহিনী নিহত হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বাড়ছেই। আল-শিফা হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, গত ১৮ মার্চ ওই হাসপাতালে ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১ জন রোগী নিহত হয়েছেন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে যে, মধ্য গাজার আল-আকসা হাসপাতাল প্রাঙ্গনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে।

    এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় অভিযানের সময় আরও এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। ২০ বছর বয়সী ওই সেনার নাম নাদাভ কোহেন। এ নিয়ে গাজায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬০০ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কোনো স্থানই ইসরায়েলি আগ্রাসন থেকে রেহায় পায়নি।প্রতিদিনই সেখানে শত শত ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে। একই সঙ্গে ধ্বংস করা হয়েছে বহু বাড়ি-ঘর, মসজিদ, স্থাপনা। হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও। সেখানকার বেশিরভাগ হাসপাতালেই অভিযান চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে চিকিৎসা নেওয়ার মতো আর কোনো হাসপাতালই এখন অবশিষ্ট নেই।

    রো গাজা যেন এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ মসজিদ, বাড়ি-ঘর এবং ভবনই ধ্বংস করে দেওয়া হয়েছে। গত পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে কমপক্ষে ৩২ হাজার ৭৮২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ২৯৮ জন। সেখানে এখন দেখা দিয়েছে দুর্ভিক্ষ।

  • ইফতার “চিকেন চিজ ফিঙ্গার”

    ইফতার “চিকেন চিজ ফিঙ্গার”

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১ এপ্রিল, ২০২৪: এবার ইফতারির জন্য দেওয়া হলো চিকেন চিজ ফিঙ্গারের একিটি রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তৈরি করতে পারেন এই সজার রেসিপিটি।

    Recipe given by - Shanta Islam (2)
    Recipe given by – Shanta Islam (2)

    উপকরণ:

    চিকেন কিমা-১ কাপ, লবণ-১ চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া-১ চা চামচ, মরিচ গুঁড়া-১ চা চামচ, আদা-রসুন বাটা-১ চা চামচ, মিক্সড হার্বস-১/২ চা চামচ, কর্নফ্লাওয়ার-২ টেবিল চামচ, মোজারেলা চিজ- ১/২ কাপ, ডিম-২ টি, ব্রেড ক্রাম-পরিমাণ মতো।

     

    প্রস্তুত প্রণালী :

    একটি বোলে সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ফিঙ্গারের মত লম্বা সেপ দিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে। এরপর ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে ব্রেডক্রামে কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে গরম তেলে ভেজে নিতে হবে, যখন গোল্ডেন কালার চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিজের মত করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন চিজ ফিঙ্গার।

    রেসিপি দিয়েছেন – শান্তা ইসলাম

  • ঈদের আগে ৯ এপ্রিলের ছুটির সুপারিশ বাতিল

    ঈদের আগে ৯ এপ্রিলের ছুটির সুপারিশ বাতিল

    www.HelloBangla.News – জাতীয় – ১ এপ্রিল, ২০২৪: প্রতিবছর ঈদের আগে সড়কপথে যানজট লেগে থাকে।কেননা ঈদের ছুটি পেয়ে সবাই প্রিয়জনদের সাথে ঈদ করতে চায়। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করেছিলো। তবে আজ সেই সুপারিশ নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। এরফলে এদিন খোলাই থাকছে সরকারি সব দপ্তর।

    আজ সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ঈদে অন্যান্য ছুটি মিলিয়ে এমনিতেই ৫ দিন ছুটি মিলছে। ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে কাজে স্থবিরতা নামতে পারে। সেজন্য মন্ত্রিসভা এ অনুমোদন দেয়নি।এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার।

    সে হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে।

    এর আগে গতকাল রবিবার (৩১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ছুটির ব্যাপারে একটা সুপারিশ যাবে সরকারের কাছে, একদিন বাড়ানো যায় কি না। যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।

    পরে মুক্তিযুদ্ধ মন্ত্রীর সুপারিশকে নাকচ করে দিয়ে মন্ত্রিসভা জানায়, কাজের স্থবিরতার কারণে ৯ এপ্রিলের ছুটির অনুমোদন দেওয়া হচ্ছে না।

  • বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

    বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

    www.HelloBangla.News – জাতীয় – ১ এপ্রিল, ২০২৪: ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পর ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার জরুরি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

    আজ সোমবার ( ১ এপ্রিল) বুয়েটের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম এ রিট করেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

    বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য সম্পূরক তালিকায় রিটটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

    আবেদনের পক্ষে শুনানিতে থাকবেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও আইনজীবী হারুন অর রশীদ।

    ২০১৯ সালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়। তখন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের ১১ অক্টোবর তৎকালীন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করেন। তখন তিনি জানান, নীতিমালা অনুযায়ী বুয়েটে শিক্ষক রাজনীতিরও সুযোগ নেই। এরপর থেকে বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

    তবে গত ২৭ মার্চ বৃহস্পতিবার গভীররাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, দপ্তর সম্পাদকসহ অনেকেই বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম এ সমাগম ঘটান বলে অভিযোগ করে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

    এরপর শুক্রবার রাতে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চ মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ১. বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের (স্টুডেন্ট নম্বর ২১০৪১৪১) হলের সিট বাতিল করা হলো। ২. এছাড়া সার্বিক বিষয়ে তদন্তপূর্বক সুপারিশ প্রদান করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ৩. বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর টার্মসেমিস্টার ফাইনালসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম চলমান থাকবে।

    এদিকে বুয়েটে ছাত্র রাজনীতি চালু চেয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এর মধ্যে বুয়েট ছাত্র ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে ২০১৯ সালের ১০ অক্টোবরের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। আবেদনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

  • ফেনীতে এখন টপটেন মার্ট বড় পরিসরে

    ফেনীতে এখন টপটেন মার্ট বড় পরিসরে

    www.HelloBangla.News – অর্থনীতি – ১ এপ্রিল, ২০২৪: দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড টপটেন মার্ট এবার চালু হলো ফেনীতে। শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে কাজী প্যালেসে নতুন শো রুমটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তার সঙ্গে ছিলেন জাতীয় ক্রিকেট দলের তরুণ তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

    উদ্বোধন শেষে তামিম ইকবাল বলেন, আমি সত্যিকার অর্থে এই ধরনের ব্র্যান্ডের জিনসপ্যান্ট টি-শাট পছন্দ করি। আশাকরি আশা করি তাদের এই প্রতিষ্ঠানটি ব্যবসায়িকভাবে সফল হবে। ফেনী শহরে আসা হয়নি, এখানে এসে খুব ভালো লাগছে। দেশের উন্নয়ন হচ্ছে আমরা যদি এভাবে সকল জেলা শহর উন্নয়ন হয় দেশ অনেক এগিয়ে যাবে।

    এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, টপটেন মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেনসহ কর্মকর্তা কর্মচারীরা।

    টপটেন মার্টের এক ছাদের নিচে পাচ্ছেন ছেলে ও মেয়েদের সম্পূর্ণ লাইফস্টাইল আউটফিট। ছেলেদের জন্য রয়েছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, স্যুট ব্লেজার জুতা ইত্যাদি। রয়েছে মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিস, টপস, অর্নামেন্টস, জুতা ইত্যাদি। ব্রাইডাল কালেকশনে রয়েছে শেরওয়ানি ও লেহেঙ্গা ইত্যাদি। মেয়ে বা ছেলেদের পোশাকের লাক্সারি কালেকশন রয়েছে এখানে।সবার জন্য পছন্দের জুতাও কেনা যাবে এখানে।

    টপটেন মার্টের যেকোনো স্টোর থেকে পণ্য কিনলে মিলবে ৭ শতাংশ ছাড়। তবে অনলাইন কেনা এই ছাড় মিলবে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদের আগের দিন পর্যন্ত এই ছাড় চলবে। তবে কসমেটিক্স ও প্রেসিডেন্ট ব্রান্ডের পণ্যে থাকছে না এই ছাড়।

    https://www.facebook.com/toptenmart?mibextid=ZbWKwL

  • প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক

    প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩১ মার্চ, ২০২৪: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা ত্বরান্বিত করতে আরও জোরালো সমর্থন চেয়েছেন। এডিবির ভাইস প্রেসিডেন্ট (সেক্টর অ্যান্ড থিম) ফাতিমা ইয়াসমিন আজ রবিবার (৩১ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে গেলে তিনি এই সমর্থন কামনা করেন।

    বৈঠকের পর প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, “আমাদের মূল লক্ষ্য জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি। কারণ সরকার গ্রামীণ জনগণের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।”

    প্রধানমন্ত্রী এডিবি ভাইস প্রেসিডেন্টকে বলেন, “তাঁর সরকার দেশের জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। কারণ এটি শিল্পায়ন প্রসারিত ও আরও কাজের সুযোগ তৈরি করতে সহায়তা করবে।”

    শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন অভিযোজন, কৃষি, নদী খনন ও পুনরুদ্ধারের মতো খাতে এডিবির সহায়তা চেয়েছেন।

    তিনি এডিবির ভাইস প্রেসিডেন্টকে আরও জনকেন্দ্রিক প্রকল্প গ্রহণের আহ্বান জানান- যাতে করে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হতে পারে।

    প্রধানমন্ত্রী ১৯৯৬-২০০১ সালে বেসরকারী খাতে বিভিন্ন শাখা খোলার জন্য তাঁর সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন, যাতে এটিকে এগিয়ে নিয়ে যায় এবং প্রাণবন্ত করে তোলে- যার ফলে কর্মসংস্থান সম্প্রসারিত হয়।

    ফাতিমা ইয়াসমিন বলেন, “বাংলাদেশ এডিবির অন্যতম শীর্ষ অগ্রাধিকারের দেশ এবং ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে এডিবি’র সহায়তা পাঁচ গুণ বেড়ে ৩.৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।”

    তিনি প্রধানমন্ত্রীকে আরও বলেন, “এডিবি নদী পুনরুদ্ধার, নদী ভিত্তিক পর্যটন, বিনোদন কেন্দ্র ও সেচের মতো প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। কারণ এটি জলবায়ু পরিবর্তন অভিযোজন, মানব ও সামাজিক উন্নয়ন, কারিগরি শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিচ্ছে।”

    এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস