www.HelloBangla.News – বিনোদন – ১৪ মে, ২০২৪: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী নানা ঘটনায় বৈচিত্রপূর্ণ। ছোটবেলা থেকে নানা সংঘাতের সঙ্গে যুদ্ধ করেছেন। যৌবনে বিন্দ্রোহী আবার প্রেমের পূজারী। মাঝে কিছুদিন সৈনিক হয়ে যুদ্ধের প্রস্তুতি। গান গেয়েছেন সুর দিয়েছেন, অভিনয় করেছেন। সাহিত্যের প্রতিটি শাখায় করেছেন বিচরণ। সেই বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবিকে নিয়ে অনেক আগেই বায়োপিক হওয়া উচিৎ ছিলো। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। কবীর জীবনই এবার উঠে আসছে সিনেমার পর্দায়। প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্ম ও বেড়ে ওঠা। তাই কলকাতায় (টালিউডে) নির্মিত হবে কবীর বায়োপিক।
জানা গেছে, আব্দুল আলিমের পরিচালনায় এতে নজরুলের চরিত্রে অভিনয় করছেন কিঞ্জল নন্দ। এ বিষয়ে তিনি বলেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের পুরো জীবনকেই তুলে ধরা হবে সিনেমাটিতে। আমি সত্যিই উত্তেজিত এই সুযোগ পেয়ে। প্রথমে এর চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটা খুব চ্যালেঞ্জিং। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এতে।’
চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল সম্পর্কে পড়াশোনা করছেন কিঞ্জল। তিনি বলেন, পরিচালকের সঙ্গে কথা হয়েছে। কিছু বই পড়ছি। চিত্রনাট্য চূড়ান্ত হলে সৌগতদার (চিত্রনাট্যকার সৌগত বসু) সঙ্গেও আলোচনা করব। কারণ নজরুল সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি, তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।
টালিউডে নির্মিত নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায় (ফজলুল হক), কাঞ্চনা মৈত্র (বিরজাসুন্দরী দেবী)-সহ আরও অনেকে। অন্য শিল্পীদের মধ্যে থাকতে পারেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু (আলি আকবর খান), শান্তিলাল মুখোপাধ্যায় (সজনীকান্ত দাস)। এছাড়া বাংলাদেশের আরোও কয়েকজন অভিনেতাও এই সিনেমায় অভিনয় করতে পারেন বলে কিঞ্জল জানিয়েছেন।
নজরুলের উপস্থিতি মানে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আসাটাই স্বাভাবিক। এই সিনেমাতে কবিগুরুর চরিত্রে অভিনয় কে করবেন, তা নিয়ে নির্মাতারা আলোচনার স্তরে রয়েছেন। তবে সেখানেও পরিচালক বড় চমক দিতে চলেছেন।
সিনেমাটিতে কবিগুরুর চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে আলোচনা করছেন নির্মাতারা। আপাতত চিরঞ্জিৎ চক্রবর্তীর কথা ভাবা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কে এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন, সেটা সময়ই কথা বলবে।
প্রসঙ্গত, আগামী শীতে শুরু হবে সিনেমাটির শুটিং। বহু ঐতিহাসিক চরিত্র জীবন্ত হয়ে উঠবে এই সিনেমায়। বায়োপিকটির সংগীত পরিচালনা করবেন জয় সরকার। আগামী কয়েক মাস চলবে কাস্টিংয়ের কাজ। এটি প্রযোজনা করছে জেবি প্রোডাকশন।
দুই বাংলার মানুষের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি গভীর সম্পর্ক রয়েছে। যাকে বলা যায় হৃদয়ের বন্ধন। তাই নজরুলের বায়োপিক অবশ্যই দুই বাংলায় দর্শকপ্রিয়তা পাবে।










