www.HelloBangla.News – জাতীয় – ২৮ এপ্রিল, ২০২৪: তাপপ্রবাহ থেকে কিছুটা প্রশান্তি দিতে রিকশা চালকদের মাঝে ৩৩ হাজার ছাতা বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ রবিবার(২৮ এপ্রিল) সকালে উত্তর সিটির নগর ভবন এলাকায় ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম।
এ সময় মেয়র বলেন, “যারা দিনমজুর তাদের সহায়তায় বিত্তবানরা যেন একটি করে ছাতা বিতরণ করে।
একইসাথে নগরবাসীকে যার যার জায়গা থেকে বৃক্ষরোপন করার আহ্বান জানান উত্তরের মেয়র। তিনি বলেন, “উত্তর সিটির অনেক গাছ পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে। এজন্য এবার নতুন করে ৪৭ জন মালিও নিয়োগ দেয়া হয়েছে বলে জানান মেয়র।”
ছাতা বিতরণ কার্যক্রমটি দেখতে আসেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ফিলিস্তিনের উপ রাষ্ট্রদূত।
ডিএনসিসি মেয়র বলেন, “ছাতাটা আমরা বিশেষভাবে তৈরি করেছি। এটা এডজাস্টেবল। কোন রিকশা চালক লম্বা হলে ছাতার উচ্চতা বাড়িয়ে নিতে পারবে, কেউ উচ্চতায় কম হলে ছাতার উচ্চতা কমিয়ে নিতে পারবে। প্রত্যেককে হাফ লিটার পানির কন্টেইনার দিচ্ছি। এতে একটি স্যালাইন মিশিয়ে খেতে পারবে। এক লিটার কন্টেইনার দেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু স্যালাইন মিশিয়ে খাওয়ার বিষয় বিবেচনা করে হাফ লিটার কন্টেইনার দিচ্ছি।”
এই বিষয়টিও চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে করা হয়েছে বলে জানান মেয়র মোঃ আতিকুল ইসলাম
মেয়র আতিক বলেন, “স্প্রে ক্যাননের মাধ্যমে পানি ছিটানোর কাজটি চলমান থাকবে। পার্কগুলোতেও পানির স্পে করা হবে। যদিও পার্কে স্প্রে করার কাজটি বেশ ব্যয়বহুল। আমি আহবান করছি কেউ চাইলে সহযোগিতা করতে পারেন। কেউ ছাতা দিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন। অনেক কোম্পানি অথবা ব্যক্তি এগিয়ে আসতে পারেন।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, “আমরা গতবছর ৮০ হাজার গাছ লাগিয়েছি। এই বছর আরো ১ লাখ ২০ হাজার গাছ লাগাবো। কিছু কিছু জায়গায় কিছু গাছ মারা গিয়েছে। আসলে আমাদের আগে গাছের পরিচর্যার জন্য মালি ছিল না। ৪৭ জন মালি, ৩ জন সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়াধীন। মালি নিয়োগ হয়ে গেলে পরিচর্যা জোরদার করা হবে।”
সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে ডিএনসিসি মেয়র রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে কয়েকজন রিকশা চালকদের মাঝে ছাতা, স্যালাইন ও পানির কন্টেইনার বিতরণ করেন। এসময় ডিএনসিসি মেয়র নিজ হাতে স্যালাইন মিশিয়ে একজন রিকশা চালককে পান করিয়ে কার্যক্রমটি উদ্বোধন করেন।
পরে মেয়র মোঃ আতিকুল ইসলাম রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে গুলশান-২ গোলচত্বরে স্প্রে ক্যাননের পানি ছিটানোর কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় রিকশা চালকদের মাঝে বিতরণের জন্য খাবার স্যালাইন (ওআরএস) প্রদান করেন সোস্যাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এসএমসি), পপুলার ফার্মাসিটিক্যালস কোম্পানি লিমিটেড, এসিআই ফার্মাসিটিক্যালস লিমিটেড, গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং এসকে-এফ ফার্মাসিটিক্যালস লিমিটেড।
অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি`র প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ।










