দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না: সেতুমন্ত্রী

There was no foreign power influence Bridges Minister - National - 28 April 2024
There was no foreign power influence Bridges Minister - National - 28 April 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৮ এপ্রিল, ২০২৪: দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, “দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে।”

আজ রবিবার(২৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিনে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা জানানোর পর, দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জাতীয় পার্টির নেতা জি এম কাদেরের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।

এসময় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

শেখ জামালকে স্মরণ করে সেতুমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতেই ৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড। খুনিদের মদদ দিয়েছে জিয়া- মোশতাক চক্র। এর মধ্যদিয়ে দেশে হত্যা, ক্যু ও ষড়যন্তের রাজনীতি শুরু। শেখ হাসিনা দেশে ফিরে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন। বর্তমানে সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে।”

সেতুমন্ত্রী বলেন, “কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত।”

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আফজাল হোসেনসহ অনেকে।

পূর্ববর্তী ঢাকার তাপমাত্রা বিবেচনায় সারা দেশের স্কুল বন্ধ রাখা ঠিক হবে না: শিক্ষামন্ত্রী
পরবর্তী কোরবানি ঈদে গবাদি পশুর বাজার স্থিতিশীল থাকবে: প্রাণিসম্পদ মন্ত্রী