টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্বাস্থ্যমন্ত্রীর শ্রদ্ধা

Health Minister's Tribute at Bangabandhu's Tomb - National - 27 April 2024
Health Minister's Tribute at Bangabandhu's Tomb - National - 27 April 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৭ এপ্রিল, ২০২৪: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সমন্ত লাল সেন।

আজ শনিবার ( ২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর স্বাস্থ্যমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ১৫ আগস্টের  বীর শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ বীর শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘ জীবন কামনায় প্রার্থনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সামন্ত লাল সেন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এর পর স্বাস্থ্যমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, “আমি মাত্র তিন মাস হলো দায়িত্ব নিয়েছি। এই তিন মাসে আমার নির্দেশ হলো-তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা। হাসপাতালগুলোতে কেন ডাক্তার থাকে না এ বিষয়ে ডিজিসহ মন্ত্রণালয়ের সবাইকে বলা হয়েছে। ইতিমধ্যে অনেককে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “চিকিৎসক সংকট এক দিনের সমস্যা নয়। এটা বহু দিনের সমস্যা। ষ্ট্যান্ডার্ড সেটাপের অনুমোদন হয়েছে। জনবল সংকট কাটানোর জন্য দ্রুত কাজ করা হচ্ছে।”

পূর্ববর্তী রাজধানীর বনানী এলাকায় যাত্রীবাহী বাসে আগুন
পরবর্তী টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব