আগামী বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ: আইএমএফ

GDP growth to be 6.6 percent IMF - Economy - 17 April 2024
GDP growth to be 6.6 percent IMF - Economy - 17 April 2024

www.HelloBangla.News – অর্থনীতি – ১৭ এপ্রিল, ২০২৪: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৭ শতাংশ। তবে আশার কথা বলেছে, ২০২৫ সালে প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে। আর ২০২৯ সালে তা বেড়ে দাঁড়াবে ৭ শতাংশে।

আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল সংস্করণ প্রকাশ করা হয়েছে। এতে চলতি ২০২৪ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার এই পূর্বাভাস দেওয়া হয়। ২০২৩ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিলো ৬ শতাংশ।

আইএমএফের পূর্বাভাস অনুসারে, চলতি বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে ৯ দশমিক ৩ শতাংশে। আগামী বছর তা কমে ৬ দশমিক ১ শতাংশে নামতে পারে। তবে ২০২৯ সালে মূল্যস্ফীতি কমে সাড়ে ৫ শতাংশে নেমে আসবে।

দেশে বর্তমানে সাড়ে ৯ শতাংশের ওপর মূল্যস্ফীতি বিরাজ করছে। গত বছরের মার্চ মাসে ৯ শতাংশ মূল্যস্ফীতির টানা যাত্রা শুরু হয়। এরপর কোনো মাসেই মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামেনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, গত মার্চে ৯ দশমিক ৮১ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। সেই হিসাবে টানা ১৩ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে আছে।

বিশ্বব্যাংক এ মাসেই জানিয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। যদিও চলতি অর্থবছরের জন্য সরকার সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে।

পূর্ববর্তী ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ
পরবর্তী ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী