www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ এপ্রিল, ২০২৪: তুরস্কের ইস্তাম্বুলে একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মানুষ। সংস্কার কাজ চলার সময় সেখানে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২ এপ্রিল) শহরের গভর্নরের অফিস এই তথ্য জানিয়েছেন।
অগ্নিনির্বাপককর্মীরা ৩১টি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান এবং কয়েক ঘণ্ট পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
ইস্তাম্বুলের গায়রেত্তেপেতে অবস্থিত নাইট ক্লাবটি একটি ১৬ তলা আবাসিক ভবনের বেজমেন্টে ছিল।
ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, দুপুরের পর ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে নির্মাণ কাজ চলছিল। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন নাইট ক্লাবটির ম্যানেজার এবং সংস্কার ব্যবস্থাপক।
ইস্তাম্বুলের নবনির্বাচিত মেয়র একরেম ইমামোগ্লু এক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বলেছেন, যারা পরিবার-পরিজনকে হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইস্তাম্বুল ফায়ার বিভাগের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা একাধিক ফায়ার ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ ছাড়া ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির পাশে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স। ওই সময় অন্তত একজন ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসতে দেখা যায়।










