আগামী বছর শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করবো: শিক্ষামন্ত্রী

Planning to keep schools open on Saturdays next year Education Minister - National - 26 March 2024
Planning to keep schools open on Saturdays next year Education Minister - National - 26 March 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৬ মার্চ, ২০২৪: আগামী বছর শনিবার স্কুল খোলা রাখার পরিকল্পনা করবো, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, “বছরে ৫৩ সপ্তাহে ৫২টি শনিবার রয়েছে। সেখানে যদি কিছুটা বিদ্যালয় খোলা রাখি, তাহলে রমজানের ক্ষেত্রে যে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের সেই অপপ্রয়াসকে বন্ধ করতে পারি সেই লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করবো। যাতে এটা নিয়ে আবারও আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে বিভ্রান্তি করে রায় নিয়ে এসে অপচেষ্টা করতে না পারে, রাস্তায় এসে মানববন্ধন করতে না পারে। আমরা সংবেদনশীলতার জায়গায় শ্রদ্ধাশীল। আমরা আলেম-ওলামার সাথেও আলোচনা করবো। তাদেরও একটা অবস্থান আছে এটা নিয়ে।”

আজ মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “পবিত্র রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে নানা ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে। যেহেতু এ বছর বিষয়টা এভাবে এসেছে, আগামীতে আমরা চেষ্টা করবো কাঠামোর মধ্যে নিয়ে আসতে।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। এ সময় আরও বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, চলতি বছরে প্রাথমিক বিদ্যালয় রমজানে ১০ দিন এবং মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়।

পূর্ববর্তী আগামীকাল ২৭ মার্চ থেকে ১ ঘন্টা বাড়ছে মেট্রোরেলের সময়
পরবর্তী স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা