www.HelloBangla.News – জাতীয় – ১৭ মার্চ, ২০২৪: শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠন হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, আজকে আমাদের শপথ নিই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবিরাম লড়াই করে যাব। আজকে আমাদের পরবর্তী লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গঠন। আমরা সে বাংলাদেশ গঠনে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার অভিমুখে আমাদের অভিযাত্রা অব্যাহত থাকবে।
আজ রবিবার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, “আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা স্বাধীনতা এনে দিতে টুঙ্গীপাড়ার এক বীর প্রসূতি মা যাকে জন্ম দিয়ে ধন্য করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রথম বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে স্বাধীন সত্তা বাংলাদেশ সৃষ্টি করেছেন।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আজকে তিনি (বঙ্গবন্ধু) আমাদের মাঝে নেই কিন্তু তিনি চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সব সংকটে আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন, বাতিঘর হয়ে থাকবেন। তিনি বাঙালির দুঃখের একমাত্র বাতিঘর।”










