উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের নিচে চাপা পড়ে ৫ ফিলিস্তিনি নিহত

৫ ফিলিস্তিনি নিহত - আন্তর্জাতিক - ৯ মার্চ ২০২৪ (ফাইল ছবি)
৫ ফিলিস্তিনি নিহত - আন্তর্জাতিক - ৯ মার্চ ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ মার্চ, ২০২৪: পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধে গাজা অবরুদ্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় ফিলিস্তিনিদেরন জন্য ত্রাণ আসছে বিভিন্ন দেশ থেকে। সড়কপথ বন্ধ করে দেওয়ায় এখন অনেক দেশ উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলছে গাজায়। গতকাল শুক্রবার গাজার আল শাতি শরণার্থী শিবিরের কাছে ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

গাজার আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগের প্রধান মুহাম্মদ আল শেখ হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের আল শিফা মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কয়েকটি উড়োজাহাজ থেকে আল শাতি শিবিরে ত্রাণভর্তি বস্তা পড়তে দেখেছিলেন বেশ কয়েক জন সাংবাদিক। তবে কোন দেশের উড়োজাহাজ থেকে সেগুলো ফেলা হয়, তা তারা নিশ্চিত হতে পারেননি।

গাজায় হামলার পাশাপাশি পুরো অঞ্চলটি অবরোধ করে রেখেছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসার সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সেখানে উড়োজাহাজ থেকে ত্রাণসামগ্রী ফেলছে  যুক্তরাষ্ট্র, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। তবে গতকালের ত্রাণের চালানটি যুক্তরাষ্ট্র ফেলেনি বলে জানিয়েছে তারা

তুলনামূলক অকার্যকর এবং ব্যয়বহুল এই ত্রাণ বিতরণ পদ্ধতির সমালোচনা করে আসছে গাজায় কাজ করা আন্তর্জাতিক সাহায্য সংস্থা গুলো।

জাতিসংঘ বলছে, গাজার ২৩ লাখ জনসংখ্যার এক-চতুর্থাংশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ও শিশুরা অনাহারে মারা যাচ্ছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকে সহায়তা পাঠানোর কাজ শুরু হতে পারে এমন চিন্তা থেকে তারা গাজায় একটি অস্থায়ী সমুদ্র বন্দর চালুর পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্র বলছে, তারা গাজায় সরাসরি সাহায্য পাঠানোর জন্য দ্রুত একটি অস্থায়ী বন্দর নির্মাণ করবে। তবে মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন এটি তৈরি করতে কমপক্ষে কয়েক সপ্তাহ সময় লাগবে।

গাজায় সড়ক পথে ত্রাণ পাঠানোর সুযোগ বৃদ্ধি করতে পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে অব্যহতভাবে চাপ দিচ্ছে এবং ত্রাণ পাঠানোর পথ সহজ করার জন্যও বলা হচ্ছে।

পূর্ববর্তী ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যানের আউটলেট উদ্বোধন করলেন জায়েদ খান
পরবর্তী সুন্দর করে কুশলাদি বিনিময় করলেই সাধারণ রোগীরা খুশি থাকে: স্বাস্থ্যমন্ত্রী