www.HelloBangla.News – জাতীয় – ৮ মার্চ, ২০২৪: ডেন্টালে ভর্তিতে শিক্ষার্থীদের আসন বাড়ানোর পক্ষে আমি না, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী অধ্যাপক ডা. সামান্ত লাল সেন। তিনে বলেন, “আসন সংখ্যা বাড়িয়ে দিলাম কিন্ত মানসম্মত শিক্ষক অথবা ট্রেনিং দেওয়ার কেউ নেই। তাই আসন বাড়ানোর পক্ষে আমি না।”
আজ শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ ডেন্টাল সার্জন্স-বিডিএস ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, “সুরক্ষা আইনের বিষয় নিয়ে কাজ চলছে। দীর্ঘদিন ধরে আমি কাজ করছি, রাজধানীর বাইরে দৌড়াচ্ছি এ বিষয়টি নিয়ে। এই রমজানজুড়েই আমি মিটিং করবো এবং আগামী সংসদ অধিবেশনেই যাতে পাশ হয় সেই চেষ্টা করবো।”
অবৈধ ক্লিনিক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমি আগেও বলেছি এখনো বলছি সেগুলো যেনো বন্ধ করে দেওয়া হয়। তবে অবশ্যই সেগুলো মনিটরিং করে তারপর বন্ধ করতে হবে। বাংলাদেশ বিশাল জায়গা, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করলে হবে না “
মন্ত্রী আরও বলেন, “সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ইউনিয়নের চেয়ারম্যানসহ নেতারাও হাসপাতালগুলো দেখবেন। স্থানীয় জনপ্রতিনিধিরা যদি কোনো অসঙ্গতি পান তবে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, বিএমডিসি সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজিদ খুরশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নেওয়াজ হোসেন চৌধুরী প্রমুখ।










