নতুন প্রতিমন্ত্রী পেয়েছি কাজের গতি বাড়বে: অর্থমন্ত্রী

কাজের গতি বাড়বে অর্থমন্ত্রী - অর্থনীতি - ৩ মার্চ ২০২৪ (ফাইল ছবি)
কাজের গতি বাড়বে অর্থমন্ত্রী - অর্থনীতি - ৩ মার্চ ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ৩ মার্চ, ২০২৪: নতুন প্রতিমন্ত্রী পেয়েছি কাজের গতি বাড়বে, বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী । তিনি বলেন “নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।”

আজ রবিবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে, এগুলো আসলে দাম আরও কমে যাবে।”

অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে।”

এসময় নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা বলেন, “অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজকে আমি প্রথম আসলাম। স্বাধীনতার মাসে এই যে পবিত্র দায়িত্ব পালন করতে পারছি, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আর সৌভাগ্যের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী বেশ অনেক বছর ধরে বিভিন্ন দায়িত্ব পালনে আমাকে সুযোগ দিয়েছেন। সেটার পরে এখন এই দায়িত্ব। সব দায়িত্বই গুরুত্বপূর্ণ। অর্থ মন্ত্রণালয় কাজ করার বিষয়টি আরও অনেক গুরুত্বপূর্ণ। দেশের সবকিছুর সঙ্গেই অর্থ মন্ত্রণালয় জড়িত। সারা বিশ্বের সব কিছুর সঙ্গে অর্থ জড়িত।”

পূর্ববর্তী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন ১৪৮২ টাকা
পরবর্তী আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট