২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতি এবং চেতনা: সেতুমন্ত্রী

২১ ফেব্রুয়ারি আমাদের চেতনা সেতুমন্ত্রী - জাতীয় - ২১ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
২১ ফেব্রুয়ারি আমাদের চেতনা সেতুমন্ত্রী - জাতীয় - ২১ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২১ ফেব্রুয়ারি ২০২৪: ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতি এবং চেতনা, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “২১ ফেব্রুয়ারি হচ্ছে বাঙালির বিশ্বাসের বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে, সবুজের পটভূমিতে লাল-সূর্যের পতাকা উড়বে। ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতি এবং চেতনা। আজকে বাংলাদেশ ঠিকই আছে। যে বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছে, সেই বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি আজকে সারা বিশ্বের বিস্ময়।”

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, “২১ ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি, স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ভিত্তি স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে স্বাধিকার সংগ্রামের বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরে সদর্থক জাতীয়তাবাদের ঘোষণা আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষাযোদ্ধা, এরপরে একাত্তরে এসে আমরা মুক্তিযোদ্ধা।”

তনি বলেন, “আজকে আমাদের একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকের এই দিনে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, সেটি বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে।”

সেতুমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করব, আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।”

এ সময় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশ হচ্ছে একটি ভাষার রাষ্ট্র: প্রধানমন্ত্রী