পশ্চিমা বিশ্বসহ সব রাষ্ট্রদূত সরকারকে অভিনন্দন জানিয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

সব রাষ্ট্রদূতের সরকারকে অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ১২ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
সব রাষ্ট্রদূতের সরকারকে অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ১২ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১২ জানুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো গঠিত নবনির্বাচিত সরকারকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা সব রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছেন বলে উল্লেখ করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার (১২ জানুয়ারি) নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “গতকাল (বৃহস্পতিবার) বঙ্গভবনে নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনারসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোসহ প্রায় সব দেশের রাষ্ট্রদূতরা ছিল। অর্থাৎ বর্তমান সরকারকে অভিনন্দন জানাতে তারা সবাই গিয়েছিল।”

নতুন দায়িত্ব সম্পর্কে মন্ত্রী বলেন, “চ্যালেঞ্জ মোকাবিলা করার মধ্যে যে পরিতৃপ্তি আছে, সেটি অন্য কিছুতে নেই। তথ্য মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জ ছিলো। আমি আপনাদের সহযোগিতায় সে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এখন বৈশ্বিক প্রেক্ষাপটে এবং পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, সে প্রেক্ষাপটে এটি অবশ্যই চ্যালেঞ্জ।”

তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে গেছি। প্রধানমন্ত্রী আমাকে আস্থায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ এ চ্যালেঞ্জ মোকাবিলা করেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবো, পূর্ব-পশ্চিম সবার সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাবো। আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে, কারো সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে সুসম্পর্ক এবং সেই নীতি নিয়েই আমরা সবার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবো।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আজকে কাগজে দেখলাম, বিএনপি তালা ভেঙে তাদের অফিসে ঢুকেছে। অথচ তালাটা কিন্তু তারাই লাগিয়েছিল। তারাই লাগিয়ে তারাই ভাঙছে, অর্থাৎ একটা নাটক দেখাচ্ছে। বিএনপি নিজেরাই এ তালা লাগিয়েছিল। ৭৫ দিন ধরে কেউ যায়নি। চাবি ইচ্ছে করে হারিয়ে ফেলেছে বা চাবি আছে, এরপরও এভাবে তালা ভাঙার একটা নাটক করে মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা করছে।”

পূর্ববর্তী আমাদের চলার পথে কখনোই পুষ্প বিছানো ছিল না: সেতুমন্ত্রী
পরবর্তী এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রেরও বিজয়: প্রধানমন্ত্রী