শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিরা

শপথ নিয়েছেন নবনির্বাচিত এমপিরা - জাতীয় - ১০ জানুয়ারি ২০২৪(ফাইল ছবি)
শপথ নিয়েছেন নবনির্বাচিত এমপিরা - জাতীয় - ১০ জানুয়ারি ২০২৪(ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১০ জানুয়ারি, ২০২৪: শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে নিজেই শপথ গ্রহণ করেন।

শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ও স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যরা পরে আলাদাভাবে শপথ নিয়েছেন।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে ৮ জানুয়ারি দুপুর পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে ২২৩টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যাদের প্রায় সবাই আওয়ামী লীগ নেতা।

এদিকে গত দুই মেয়াদে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি শেষ পর্যন্ত ১১ আসনে জয় পেয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও বিএনপির জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে।

নিয়মানুযায়ী, সংসদ নেতা নির্বাচন ও প্রধানমন্ত্রীর শপথের পর তার সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাবেন স্পিকার। এরপর রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। জানা গেছে, আগামী ২৮ বা ৩০ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করা হতে পারে। অধিবেশনের শুরুতেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

পূর্ববর্তী স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শেখ হাসিনা ও আ. লীগের শ্রদ্ধা
পরবর্তী দেশে ফিরে বঙ্গবন্ধু মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন: প্রধানমন্ত্রী