www.HelloBangla.News – জাতীয় – ১ জানুয়ারি, ২০২৪: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বছরের শুরুতে স্কুল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার রেওয়াজটি অভিনন্দনযোগ্য একটি ইভেন্ট। অর্থাৎ নতুন বছেরের প্রথম দিনেই কোমলমতি শিশুরা আকৃষ্ট হয় নতুন বইয়ের ঘ্রাণে। এটা তাদের জন্য একটি বিশেষ উপহার।
আজ সোমবার (০১ জানুয়ারি) পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে ‘বই উৎসব’ উদ্যাপন করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী পাবে বিনামূল্যে নতুন বই। বই উৎসবে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই বিতরণ করা হবে।
নির্বাচনকালীন সরকারের সময়ে উৎসব হলেও কিছু নির্দেশনা মেনে বই বিতরণ করতে বলেছে নির্বাচন কমিশন। গত ২৪ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এক চিঠিতে ১ জানুয়ারি বই উৎসবের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে মন্ত্রণালয় থেকে নির্বাচনকালীন এ অনুষ্ঠান আয়োজনের অনুমতি চাওয়া হয়েছিল।
ইসির সম্মতিপত্রে উল্লেখ করা হয়, অন্যান্য বছরের ন্যায় ১লা জানুয়ারি ২০২৪ তারিখে শিক্ষাবর্ষ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে সমগ্র দেশে নতুন পাঠ্যবই বিতরণ সংক্রান্ত ‘বই উৎসব’ সরকারের রুটিন কাজ।
মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলে নিজ নিজ কর্মস্থলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যথানিয়মে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরুর সদয় সম্মতি প্রদান করলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বই উৎসব করা হচ্ছে।
বই উৎসবে প্রাক-প্রাথমিক থেকে এসএসসি ও সমমান পর্যন্ত তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেওয়া হবে।
বই উৎসবে ২০২৪ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিকের ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন, প্রাথমিক স্তরের এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ জন, ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন, মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক কোটি চার লাখ ৯০ হাজার ১০৭ জন, দাখিলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন, ইংরেজি ভার্সন ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক লাখ ৭৩ হাজার ৮৫৫ জন, কারিগরির ট্রেড বই ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই লাখ ৭১ হাজার ৯৫২ জন, দাখিল ভোকেশনালের ছয় হাজার ১৫ জন ও ব্রেইল পদ্ধতির ৭২৪ জন; এই মোট তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী পাবে বিনামূল্যে নতুন বই।
বই উৎসবে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ টি বই বিতরণ করা হবে। এরমধ্যে শিক্ষক সহায়িকা রয়েছে ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি।
আজ সোমবার (১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ‘বই বিতরণ উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়। রাজধানীর মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় এ উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, “আমরা নতুন আঙ্গিকে, নতুন সম্ভাবনায়, নতুন উদ্দীপনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নব উদ্যমে ২০২৪ সালে পদার্পণ করেছি। মুক্তির বিশাল ভুবনে নিজেকে আবিষ্কার করতে হলে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের কোনো বিকল্প নেই। শিক্ষার আলোয় সেটি সম্ভব। বর্তমান সরকার তাই শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেছে।”
তিনি বলেন, “অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য শারীরিক শিক্ষকদের পদ সৃষ্টি করা হয়েছে। পদোন্নতি চালু করা হয়েছে। শিক্ষক ঘাটতির কারণে শিক্ষক নিয়োগের কাজ গ্রহণ করেছি। বিদ্যালয়কে শিশুদের কাছে আকর্ষণীয় করার জন্য ঢাকা মহানগরের ৩৪২টি স্কুলকে সম্পূর্ণ নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, “প্রাথমিক শিক্ষকদের জন্য দশমাসব্যাপী যুগোপযোগী প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছরের ১৫ জানুয়ারি থেকে এই প্রশিক্ষণ শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা ও সম্পৃক্ততা চাই।”
জানা গেছে, সপ্তম ও অষ্টম শ্রেণিতে এবার নতুন কারিকুলামে বই যাবে। এই বইয়ের পাণ্ডুলিপি তৈরিতে দেরি হওয়ায় এই দুটি বইয়ের ছাপা কাজ মাত্র শুরু হয়েছে। তাই এই দুটি শ্রেণির বই পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই প্রায় শতভাগ উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। মাধ্যমিকের কোনো শিক্ষার্থী হয়ত দুই শ্রেণির বই পাবে না, কিন্তু একদম খালি হাতে ফিরে যাবে না।
এরআগে ৩১ ডিসেম্বর ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তিনি।
এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










