যারা সাংবাদিকদের পিটিয়েছে তাদের শাস্তি অবধারিত: প্রধানমন্ত্রী

তাদের শাস্তি অবধারিত প্রধানমন্ত্রী - জাতীয় - ২৮ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
তাদের শাস্তি অবধারিত প্রধানমন্ত্রী - জাতীয় - ২৮ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৮ ডিসেম্বর, ২০২৩: যারা সাংবাদিকদের পিটিয়েছে তাদের শাস্তি অবধারিত, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “ইতোমধ্যেই মামলা দেওয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।”

২৮ অক্টোবর সন্ত্রাসী হামলায় আহত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আজ বৃহস্পতিবার (ডিসেম্বর ২৮) গণভবনে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। যে হুকুমদাতা, তাকেও ছাড়া হবে না।”

তিনি বলেন, “যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা যদি মনে করে পার পেয়ে যাবে, সেটা তারা পার পাবে না। ছবি দেখে দেখে, ফুটেজ দেখে দেখে প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে সব কয়টাকে শাস্তি দিতে হবে।”

শেখ হাসিনা বলেন, “অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে, কিন্তু এভাবে সাংবাদিকদের একসঙ্গে পেটানো, সাংবাদিকদের টার্গেট করে মারা, যেভাবে আঘাত করল, ঠিক মাথায় আঘাত করা, জীবনটা নিয়ে নেওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি করা, এর নিন্দা করার ভাষা আমার নেই।”

অগ্নিসন্ত্রাসীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আহত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের এডিটর-ইন-চিফ ও এডিটরস গিল্ডের প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু এবং একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ।

সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

পূর্ববর্তী বিএনপির লিফলেট বিতরণে কারো সাড়া নেই: তথ্যমন্ত্রী
পরবর্তী বাংলাদেশর সঙ্গে নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত