ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

গণতান্ত্রিক অধিকার নয় ডিএমপি কমিশনার - জাতীয় - ২৫ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
গণতান্ত্রিক অধিকার নয় ডিএমপি কমিশনার - জাতীয় - ২৫ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৫ ডিসেম্বর, ২০২৩: ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব প্রত্যেক নাগরিক ও জনপ্রতিনিধিরও। ’

আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে কাউন্সিলরদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি উল্লেখ করেন।

কাউন্সিলরদের কাছ থেকে কোনো ঝুঁকি কিংবা নাশকতার কোনো তথ্য পেয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতা নেই। কাউন্সিলররা জানিয়েছেন, তাদের এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন।’

তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় দুটি সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ড রয়েছে। সেখানে ১৭২ জন কাউন্সিলর রয়েছেন। আজকে কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়েছিলাম। আইনশৃঙ্খলা সংক্রান্ত কার কোন এলাকায় সমস্যা আছে, তা আমাদের অবহিত করেছেন তারা। কয়েকটি রাজনৈতিক দলের নাশকতা সংক্রান্ত কিছু কার্যক্রম, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম যেগুলো হচ্ছে, সেগুলো প্রতিরোধে পুলিশের সঙ্গে কাউন্সিলররা একসঙ্গে কাজ করবেন।’

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত ও ভোটদানে বাধা প্রদান যাতে কেউ না করতে পারে, সেজন্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারাও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চেয়েছেন এবং আগামী দিনে সবাই যাতে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেজন্য আমরা বদ্ধপরিকর।’

ঢাকা মহানগরীতে যেসব ফুটপাত ও রাস্তা দখলে রয়েছে সেগুলো দখল মুক্ত করতে পুলিশ ও কাউন্সিলররা একসঙ্গে কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ তাদেরকে তুলে দিতে পারে কিন্তু পুনর্বাসনের বিষয়টিও এর সঙ্গে জড়িত। সুতরাং বিকল্প কোনো ভেন্যুতে দেখেশুনে করতে পারে সে লক্ষ্যে আলাপ-আলোচনা হয়েছে। প্রতি ওয়ার্ডে থানার ওসি, ডেপুটি কমিশনার ও কাউন্সিলরদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তীতে এর সমাধান করা হবে।’

পূর্ববর্তী সিপিডির তথ্য মতে লোপাট হওয়া টাকার সন্ধান দিতে বলেছেন সেতুমন্ত্রী
পরবর্তী ‘বড়দিন’ উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়