বিএনপি ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না: সেতুমন্ত্রী

নির্বাচন বানচাল করতে পারবে না সেতুমন্ত্রী - জাতীয় - ১২ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
নির্বাচন বানচাল করতে পারবে না সেতুমন্ত্রী - জাতীয় - ১২ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১২ ডিসেম্বর, ২০২৩: বিএনপি ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির (২০২৪) নির্বাচন বানচাল করতে পারবে না, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে আপত্তি নেই আওয়ামী লীগের। তবে সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে আওয়ামী লীগ।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দেশের নির্বাচন ও গণতন্ত্রের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের কারণেই দেশের সার্বিক গণতন্ত্র সংকটের মুখে। দেশকে খাটো করতে বিদেশিদের কাছে বদনাম করে কিছু লোক ও বিএনপির মতো কিছু দল। বাংলাদেশের অর্জন সারা দুনিয়ার প্রশংসিত। উন্নয়ন সমৃদ্ধির পথে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে অনেক এগিয়ে গেছে। এদেশের কিছু লোক আছে তাদের প্রশংসা করতে সংকীর্ণতা থাকে। তারা দেশকে ছোট করার জন্য সব সময় বিদেশিদের কাছে দেশের বদনাম করে। দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি।’

সেতুমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সহিংসতা করে, ষড়যন্ত্র করে ও সন্ত্রাস করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না। হামলা সহিংসতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ নেই।’

প্রার্থীদের সম্পদ নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন কাউকে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ মনে করলে তার নমিনেশন বাতিল করতে পারে।’

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

পূর্ববর্তী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ: তথ্যমন্ত্রী
পরবর্তী গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ