www.HelloBangla.News – জাতীয় – ১২ ডিসেম্বর, ২০২৩: শুধু যুক্তরাষ্ট্র নয় বাংলাদেশের সঙ্গে পৃথিবীর সব রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত সুন্দর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নির্বাচনসহ অন্যান্য বিষয় নিয়ে তাদের সঙ্গে যে দূরত্ব ছিল সে দূরত্বও ঘুচে গেছে। দেশে একটি অবাধ- সুষ্ঠু, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই বলবো, যারা আজকে নির্বাচন বর্জন করেছে তারা এখন গর্তে গেছে।’
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবিতে’ বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে বিএনপি-জামায়াত বাংলাদেশের জনগণের শত্রুতে যেমন রূপান্তরিত হয়েছে, একইভাবে মানবতাবিরোধী শত্রুতে রূপান্তরিত হয়েছে। এদের রুখে দাঁড়াতে হবে। তারা ভেবেছিল নির্বাচন আমরা করতে পারবো কি পারবো না। এখন তারা বুঝতে পারছে নির্বাচন হয়ে যাচ্ছে উৎসবমুখর পরিবেশে। আর যারা তলে তলে তাল দিচ্ছিল তারাও বুঝতে পারছে যে এই অপদার্থ বিএনপিকে দিয়ে কিছু হবে না। সুতরাং তারাও আর এ আন্দোলনের হাওয়ায় বাতাস দিচ্ছে না।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশে তাদের জনসমর্থন হারিয়ে পলাতক দলে রূপান্তরিত হয়েছে। তারা এখন প্রকৃত অর্থে একটি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে। তাদের অফিসের তালা খোলার জন্যও একটা মানুষ খুঁজে পায় না। বিএনপি কার্যালয়ের তালা পুলিশ কিংবা আওয়ামী লীগ লাগায়নি। কার্যালয়ে তালা বিএনপি নিজেই লাগিয়েছে, কিন্তু সাহস করে একটা মানুষ গিয়ে তালা খুলবে এমন সাহস তারা পায় না। তারা আবার সরকার পতন ঘটাবে। তারা অজ্ঞাত স্থান থেকে আন্দোলনের ডাক দেয় এবং গোপনে গাড়ি-ঘোড়ায় পেট্রোল বোমা দেয়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার জন্য আর কারও দরকার নেই। বিএনপিকে আজকে তারেক রহমান আন্ডারগ্রাউন্ড দলে রূপান্তরিত করেছে।’
জামায়াত প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলাম স্লোগান দেয়, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমি বলবো তোমরা ইসলামের ধ্বজাধারী পরিচয় দাও। কিন্তু আজকে যে মুসলমানদের হত্যা করা হচ্ছে তোমাদের কোনো খবর নেই কেন। তোমরাও আজকে ইসলামের শত্রুতে রূপান্তরিত হয়েছো। শুধু ইসলামের শত্রুতেই নয়, মানবতার শত্রুতেও রূপান্তরিত হয়েছো।’
ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘আমি পীর সাহেবদের সম্মান করি। কারণ এদেশে ইসলাম কায়েম হয়েছে পীর-আউলিয়াদের মাধ্যমে। দু-একজন পীর সাহেব বড় বড় সমাবেশ করেন। সরকারের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু ফিলিস্তিনিরা যেভাবে হত্যার শিকার হচ্ছে, তার বিরুদ্ধে একটি মিছিল বের করতে পারেন নাই। এসব পীর সাহেব নির্বাচনের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু ফিলিস্তিনের এত মানুষ হত্যা হচ্ছে তাদের বিরুদ্ধে একটি আওয়াজও তুলতে দেখিনি। আমি আল্লাহর কাছে দোয়া করি, এমন পীর সাহেবদের যেন আল্লাহ হেদায়েত দান করেন।’










