www.HelloBangla.News – জাতীয় – ১২ ডিসেম্বর, ২০২৩: আপনারা শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান, বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি আরও বেলেন, ‘কেউ কোনো গুজবে কান দেবেন না।’
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙয়ের আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙয়ের একটি ক্যাপসুল খাওয়ানো হবে। দুর্গম অঞ্চল ও বাদ পরা শিশুদের জন্য এ ক্যাম্পেইন চারদিন চলবে।
উদ্বোধন অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ করে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শারীরিক বৃদ্ধি হয়, খর্বকায় কমে যায়, বিভিন্ন সংক্রামক রোগ কমে যায়। আপনারা শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান, কেউ কোনো গুজবে কান দেবেন না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর একমাত্র বাংলাদেশই কালাজ্বর থেকে মুক্ত হয়েছে। একইভাবে ফাইলেরিয়াও। আমরা মাতৃ ও শিশুস্বাস্থ্যে অনেক এগিয়েছি। আগের তুলনায় মাতৃমৃত্যু কমেছে। এটি আরও কমাতে হলে বাল্যবিয়ে রোধ করতে হবে। একজন অসুস্থ মা সন্তান জন্ম দিলে অপরিণত ও কম ওজনের শিশুর জন্ম হতে পারে। আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে অনেক পিছিয়ে আছি। ক্লিনিক ও হাসপাতালে যাতে নেয় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আট ঘণ্টা সার্ভিসে হাসপাতালগুলো চলতে পারে না। এগুলো ২৪ ঘণ্টা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়বে, কমবে শিশু ও মাতৃমৃত্যু। একই সঙ্গে অহেতুক কেউ যাতে সি-সেকশন না করায় সেদিকে নজর দিতে হবে। হাসপাতালে বিশেষ করে উপজেলা পর্যায়ে চিকিৎসার মান বাড়াতে হবে। নার্সের ঘাটতি আগের মতো না হলেও চিকিৎসকের ঘাটতি রয়েছে। এজন্য নতুন করে ছয় হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহিমেদুল কবির প্রমুখ।










