যাদের জনপ্রিয়তা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে: সেতুমন্ত্রী

জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হচ্ছে সেতুমন্ত্রী - জাতীয় - ২৫ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হচ্ছে সেতুমন্ত্রী - জাতীয় - ২৫ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৫ নভেম্বর, ২০২৩: যাদের জনপ্রিয়তা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না।’

আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নতুন-পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরোনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে। ইলেকট্যাবল ক্যান্ডিডেট যারা সেটাই হচ্ছে বিচারের মানদণ্ড। এছাড়া কতজনকে বাদ দেব, কতজন রাখব এ ধরনের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। আমাদের মাথায় রয়েছে কাকে দিলে আমাদের দল নির্বাচনে জনগণের কাছে অধিকতর যোগ্য হবে।’

শরিকদের বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা ১৪ দলীয় জোটের চেয়ারম্যান। আমরা শরিকদের বিষয়ে এখনো ঠিক করিনি। কারণ জোটের বিপরীতে জোট হয়। এখানে আমাদের প্রতিপক্ষের যদি একটা বড় জোট করি সেখানে সেটার বিপরীতে আমাদের জোট হবে। তাছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাব। প্রয়োজন না থাকলে জোট করব না। জোট করব যাদের নিয়ে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘আগামীকাল রবিবার বিকেল চারটায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দল মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।’

পূর্ববর্তী আগুন সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ করা যায় না: তথ্যমন্ত্রী
পরবর্তী প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন