www.HelloBangla.News – খেলাধুলা – ২১ নভেম্বর, ২০২৩: নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে আবারও নাফিস ইকবালকে দেখা যাবে বরাবরের মতো বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজার হিসেবে। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে। সবকিছু ঠিক থাকার পরও বিশ্বকাপে ম্যানেজার হিসেবে যাওয়া হয়নি নাফিস ইকবালের।
বিশ্বকাপ ভরাডুবির পর ম্যানেজার হিসেবে আবারও জাতীয় দলে ফিরছেন নাফিস ইকবাল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি। আপাতত এই অবধিই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘরের মাঠের সিরিজটিতে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই সিরিজে খেলছেন না তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদও।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় নাফিস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্বে ছিলেন তিনি। আবারও পুরনো পদে ফিরলেন তিনি।
কিউইদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে ঢাকায়। এরপর আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তবে সেখানে নাফিস থাকবেন কি না সেটা নিশ্চিত করা হয়নি তাকে।
বাংলাদেশ সফরে এসে দুই টেস্ট সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু লম্বা বিশ্বকাপের ক্লান্তি কাটাতে সফরকারীদের অনুরোধে সেটা বাতিল করেছে বিসিবি। আজ রাতেই দেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের।
আজ রাতেই দেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের।










