পিছিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

পিছিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা - জাতীয় - ২১ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
পিছিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা - জাতীয় - ২১ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২১ নভেম্বর, ২০২৩: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরিক্ষা প্রথমে ২৪ নভেম্বর এবং পরে ১ ডিসেম্বর নেওয়ার কথা ছিল । অনিবার্জ কারণে প্রথম পর্বের নিয়োগ পরীক্ষা পিছিয়ে ৮ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, আগামী ৮ ডিসেম্বর শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, ৮ ডিসেম্বর প্রথম পর্বের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫টি কেন্দ্রে সকাল ১০ থেকে ১ ঘণ্টার এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে প্রথমে ২৪ নভেম্বর এবং পরে ১ ডিসেম্বর নেওয়ার কথা ছিল এ নিয়োগ পরীক্ষা।

গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারপর ১৭ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কমাতে বিভাগগুলোকে ক্লাস্টারে ভাগ করে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পূর্ববর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কটল্যান্ডের ছয় সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ
পরবর্তী বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে টিম ম্যানেজার নাফিস ইকবাল