তৃণমূল বিএনপি নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে

তৃণমূল বিএনপি তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে - জাতীয় - ১৬ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
তৃণমূল বিএনপি তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে - জাতীয় - ১৬ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৬ নভেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি (২০২৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনের এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আগামী ১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণের ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানের হোটেল সাইন পুকুর সুইটসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম)।

সংবাদ সম্মেলনে শমসের মবিন চৌধুরী বলেন, ‘গতকাল বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই তফসিল ঘোষণা করা হয়েছে। তৃণমূল বিএনপির পক্ষ থেকে আমরা এই তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। একই সঙ্গে আমরা বলতে চাই, তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি।’

তৃণমূল বিএনপির সভাপতি বলেন, ‘তৃণমূল বিএনপি আশা এবং প্রত্যাশা দ্বাদশ সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে এই নির্বাচনের জন্য সকল প্রার্থী, ভোটারদের এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব নেয়ার লক্ষ্যে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি।’

বিএনপির উদ্দেশ্যে শমসের মবিন বলেন, ‘নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আর বিএনপি থেকে কেউ আসতে চাইলে তাদের জন্য তৃণমূল বিএনপি দ্বার উন্মুক্ত। যোগ্য হলে মনোনয়ন দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি নির্বাচন কমিশন যেন তাদের উপর সাংবিধানিকভাবে প্রদত্ত আইনি ক্ষমতা সম্পূর্ণভাবে এবং অক্ষরে অক্ষরে নিরপেক্ষভাবে পালন করে।’

শমসের মবিন চৌধুরী বলেন, ‘তৃণমূল বিএনপি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ১৮ নভেম্বর থেকে বিতরণ শুরু করবে। মনোনয়ন ফি ৫  হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ করবেন এবং মনোনয়ন চূড়ান্ত করবেন।’

পূর্ববর্তী গাজায় হত্যাযজ্ঞ চলতে দেওয়া যাবে না: মার্টিন গ্রিফিথস
পরবর্তী মন্ত্রী-এমপিদের সংসদ নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে: ইসি সচিব