www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ অক্টোবর, ২০২৩: বোমা হামলার হুমকি দিয়ে গাজার আল-কুদস হাসপাতাল ফের খালি করতে বলেছে দখলদার ইসরায়েল।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে গতকাল রবিবার(২৯ অক্টোবর) দিনভর আল-কুদস হাসপাতালের আশপাশের এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবার আল-কুদস হাসপাতাল ও এর প্রাঙ্গণে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সবার্তায় এ দাবি করেছে গাজার রেড ক্রিসেন্ট।
মানবিক সংস্থাটি বলেছে, আমরা গাজা উপত্যকার আল-কুদস হাসপাতালকে অবিলম্বে খালি করার জন্য দখলদার কর্তৃপক্ষের কাছ থেকে হুমকি পেয়েছি। কারণ এখানে বোমাবর্ষণ হতে চলেছে। আজ সকালেই হাসপাতাল থেকে ৫০ মিটার দূরে অভিযান চালানো হয়েছে। তবে ইসরায়েলের এই হুমকি ও সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছে রেড ক্রিসেন্ট।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা -ডব্লিউএইচও। কারণ, হাসপাতাল প্রাঙ্গণে এ মুহূর্তে ১৪ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।
এদিকে টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। অবিরাম এই হামলায় ইতোমধ্যেই ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে দানা বাঁধছে ক্ষোভ।
এরই অংশ হিসেবে রাশিয়ায় একটি বিমানবন্দরে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। ইসরায়েল থেকে একটি বিমান পৌঁছানোর পর ওই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এসময় তারা ইহুদিবিরোধী নানা স্লোগান দেন এবং তেল আবিব থেকে আসা লোকজনের খোঁজ করেন।
এমদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে বিমানবন্দরের বাইরে গাড়িতে তল্লাশি চালিয়েও ইসরায়েলি পাসপোর্টধারীদের খুঁজে বের করার চেষ্টা করা হয়। রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাশিয়ার দাগেস্তান বিমানবন্দরে এই ঘটনা ঘটে ।










