ভৈরবে ট্রেন দুর্ঘটনা হয়েছে মালবাহী ট্রেনের চালক ও গার্ডের গাফিলতিতে

ট্রেন দুর্ঘটনা হয়েছে মালবাহী ট্রেনের চালক ও গার্ডের গাফিলতিতে - জাতীয় - ২৪ অক্টোবর ২০২৩
ট্রেন দুর্ঘটনা হয়েছে মালবাহী ট্রেনের চালক ও গার্ডের গাফিলতিতে - জাতীয় - ২৪ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ২৪ অক্টোবর, ২০২৩: গতকাল বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনে দুটি ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় মালবাহী ট্রেনের চালক ও গার্ডের গাফিলতি রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. ইউসুফ।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত জানান।

গতকাল সোমবার ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনা ঘটে। রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।

এরপর শুরু হয় উদ্ধার অভিযান। উদ্ধার অভিযানে কাজ করে পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি, র‍্যাব, আনসার সদস্য ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবী ও রেড ক্রিসেন্ট সদস্যরা। রাত পর্যন্ত সবাই মিলে ১৭টি লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় আহত হয়েছন শতাধিক যাত্রী।

রাত সাড়ে ৭টায় মালবাহী ট্রেনটি সরিয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন কাজ শুরু করে। রাতের মধ্যেই উল্টে যাওয়া এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়।

এদিকে সোমবার দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান জানান, দুর্ঘটনা তদন্তে রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্ব দেবেন ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবির। এছাড়া চট্টগ্রামে রেলওয়ের পূর্বাঞ্চলীয় কার্যালয় পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট শহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পূর্ববর্তী গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ জন নিহত
পরবর্তী টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা