www.HelloBangla.News – জাতীয় – ১৩ অক্টোবর, ২০২৩: ১৩ থেকে ১৫ অক্টোবর, এই তিন দিন মেট্রোরেল বন্ধ থাকবে । কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এমআরটি লাইন-৬ এর উত্তরা-আগারগাঁও অংশ এবং আগারগাঁও-মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশনের কাজ চলবে এই তিন দিন।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন ও আগামী ১৪ ও ১৫ অক্টোবর সিস্টেম ইন্টেগ্রেশনের জন্যে বন্ধ থাকবে মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গত মঙ্গলবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ।
তাতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশন করার জন্য আগামী শনিবার ও রবিবার (১৪ ও ১৫ অক্টোবর) উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সোমবার (১৬ অক্টোবর) থেকে আগের সময়সূচী অনুযায়ী উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেল নিয়মিত চলাচল করবে।
মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।










