মেক্সিকোতে গির্জার ছাদ ধসে ৭ জনের মৃত্যু

গির্জার ছাদ ধসে ৭ জনের মৃত্যু - আন্তর্জাতিক - ২ অক্টোবর ২০২৩
গির্জার ছাদ ধসে ৭ জনের মৃত্যু - আন্তর্জাতিক - ২ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News –  আন্তর্জাতিক – ২ অক্টোবর, ২০২৩ : একটি গির্জার ছাদ ধসে পড়ায় গতকাল রবিবার মেক্সিকোতে  কমপক্ষে সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

এক বিবৃতিতে তামউলিপাস রাজ্য সরকারের মুখপাত্র বলেন, মেক্সিকোর উত্তর-পূর্ব উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে এ ছাদ ধসের ঘটনায় সাতজনের মৃত্যুর নিশ্চিত এবং ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

মুখপাত্র আরও বলেন, রবিবার বিকেলের এ ঘটনায় আরও অনেকে সেখানে আটকা পড়ে আছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় গণমাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, সান্তা ক্রুজ প্যারিসের ধ্বংস্তুপের নীচে কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। ছাদ ধসে পড়ার সময় খ্রিস্টান ধর্মাবলম্বীরা সেখানে তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছিল।

সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও ফুটেজে স্থানীয় ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ বলেন, ‘ধর্মীয় একটি অনুষ্ঠান চলাকালে গির্জাটির ছাদ ধসে পড়ায় আমাদের একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন তারা ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া লোকদের বাঁচাতে প্রয়োজনীয় কাজ করছে।’

উদ্ধারকর্মীরা বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ, দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

পূর্ববর্তী কেমন হলো বিশ্বকাপের ১০ দলের জার্সি?
পরবর্তী স্বপ্ন নিয়ে সম্পূর্ণার চেইন শপের যাত্রা