www.HelloBangla.News – জাতীয় – ২২ সেপ্টেম্বর, ২০২৩: গতকাল রাতে বৃষ্টির তীব্রতা এতটাই প্রখর ছিল যে রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। মিরপুরে পানিতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ চার জনের মৃত্যূ ঘটে। বৃষ্টির পানিতে অনেকের মালামালের ক্ষতি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবারও সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের তিন বিভাগের কোথাও কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা কিছুটা কম চট্টগ্রাম বিভাগে। তবে এখন বৃষ্টি বেশি হচ্ছে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে। এ সময় সবচেয়ে বেশি ১৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোণায়।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হলেও গত রাতে ঢাকায় অতিভারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঢাকায় ১২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন অংশে দেখা দিয়েছে জলাবদ্ধতা। তবে শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ অনেকটাই রোদময়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।










