সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রথম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা - জাতীয় - ১১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা - জাতীয় - ১১ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ১১ সেপ্টেম্বর, ২০২৩: আজ আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা এবং বিভিন্নে আন্দোলনের অগ্রসৈনিক। প্রয়াত এই নেতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে কাজী জাফরউল্লাহ সাংবাদিকদের বলেন, সাজেদা চৌধুরী দুর্দিনে আওয়ামী লীগের হাল ধরে রেখেছিলেন। দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আব্দুর রহমান বলেন, ৭৫ সালের ১৫ আগস্টের প্রতিরোধে যে আন্দোলন-সংগ্রাম আমরা শুরু করি মূলত সাজেদা চৌধুরী সেই সময় অনুপ্রেরণা দিয়েছেন, সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য তিনি এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। আমাদের সংগ্রামী জীবনকালে তাকে নিয়ে আলোচনার শেষ নেই।

সাজেদা চৌধুরী ২০২২ সালের ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮৭ বছর বয়সে মারা যান। ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলাতে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন। তার স্বামী রাজনীতিবিদ ও সমাজকর্মী প্রয়াত গোলাম আকবর চৌধুরী।

সূত্র: বাসস

পূর্ববর্তী বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক উন্নত প্রযুক্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুলে দিচ্ছে: প্রধানমন্ত্রী
পরবর্তী দেশে বকেয়া আমদানি শুল্কের পরিমাণ ৭৬০ কোটি ৩০ লাখ টাকা: অর্থমন্ত্রী