বিএনপি নেতাকর্মীদের আশা ভেঙে গেছে: সেতুমন্ত্রী

বিএনপির আশা ভেঙে গেছে সেতুমন্ত্রী - রাজনীতি - ১০ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)
বিএনপির আশা ভেঙে গেছে সেতুমন্ত্রী - রাজনীতি - ১০ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – রাজনীতি – ১০ সেপ্টেম্বর, ২০২৩: বিএনপি ক্ষমতার ময়ূর সিংহাসনে যাওয়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

তিনি বলেন, দিল্লির এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম। তাদের চোখ-মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের আশা ভেঙে গেছে।

আজ রবিবার(১০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তাই কাউকে ভয় পায় না। আওয়ামী লীগ জনগণের ভালোবাসা নিয়েই আছে। এ দল সন্ত্রাসী, সাম্প্রদায়িক কিংবা অপকর্মকারীদের দল নয়। জনকল্যাণে আওয়ামী লীগ সবসময় সতর্ক অবস্থান জানান দেয়।

এ সময় যুবলীগকে আগামী নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।

যুবলীগের প্রশংসা করে কাদের বলেন, যুবলীগ ঐক্যের বন্ধনে আবদ্ধ, আন্দোলন সংগ্রামে এবং শান্তি প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপনকারী সংগঠন। যুবলীগ অন্যান্য সংগঠনের কাছে অনুসরণীয়, অনুকরণীয়। যার যা প্রাপ্য তা স্বীকার করা উচিত। ভালো কাজের প্রশংসা পাওয়া উচিত।

যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম রাজনীতিতে যুবলীগের সাংগঠনিক কর্মকান্ডে বেশ ভালো কাজ। এখানে যারা আসে তারা সারাজীবন যুবলীগ করবে না। খারাপ যুবক আমাদের প্রয়োজন নেই। খারাপ ২০ জনের চেয়ে ভালো দুইজন অনেক ভালো।আমরা জনগণের দল, জনগণের সঙ্গে আছি, জনগণকে ভালোবাসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।পরে দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

পূর্ববর্তী শাহরুখের ‘পাঠান’কে ছাড়িয়ে গেল ‘জওয়ান’
পরবর্তী জি-২০ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব গেল ব্রাজিলে