অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলেই শক্ত হাতে দমন: আইজিপি

শক্ত হাতে দমন আইজিপি - জাতীয় - ১৯ আগস্ট ২০২৩
শক্ত হাতে দমন আইজিপি - জাতীয় - ১৯ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ১৯ আগস্ট, ২০২৩ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে ।

আজ শনিবার (১৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে ডিএমপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, যারাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে। একটি মহল দেশকে উলটো পথে নিয়ে যেতে চাচ্ছে। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর নাম এদেশের ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে সবসময়।

তিনি বলেন, দেশপ্রেমিক পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের সূচনা থেকেই দেশের জন্য জীবন উৎসর্গ করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ।

আইজিপি বলেন, যতদিন বিশ্বে বাংলাদেশের মানচিত্র থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে অমর।

এ সময় ১৫ আগস্ট কালরাতে নিহত সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম ও বিশিষ্ট ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।

সূত্র : বাসস

পূর্ববর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মুক্তিযোদ্ধার সন্তানদের শ্রদ্ধা