www.HelloBangla.News – জাতীয় – ১৫ – আগস্ট, ২০২৩ : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাঙালি জীবনের বেদনাবিধূর আগস্ট মাস ঘিরে সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতৃত্বে নাশকতার ছক আঁকা হয়েছে।
তিনি বলেন, ‘গতকাল দেলোয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। সেটিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হচ্ছে গতরাত থেকে।’
আজ ১৫ আগস্ট বিকেলে রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছে। ১৭ আগস্ট সারাদেশে পাঁচশ’ জায়গায় বোমা ফোটানো হয়েছে। ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলাতেই বোমা ফোটানো হয়েছে।’
আগস্ট মাসকে বেদনাবিধূর মাস হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই আগস্ট মাসেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে।বাঙালি জীবনের বেদনাবিধূর এই মাস এলেই বাঙালি বিরোধী, বাঙালিত্ব বিরোধী, আমাদের কৃষ্টি-সংস্কৃতি বিরোধী, দেশ বিরোধী অপশক্তি তৎপর হয়। সে জন্য আমাদের সবার সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। আর দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডিএফপি’র মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম এবং প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া সভায় বক্তব্য রাখেন।
এদিকে আজ সকালে তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের নেতৃত্বে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
সূত্র : বাসস










