www.HelloBangla.News – অর্থনীতি – ১৩ আগস্ট, ২০২৪: সবকিছু স্বাভাবিক হলে পণ্যের দাম আরও কমে আসবে, বলে জানিয়েছেন অর্থ-পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “কয়েকদিনের স্থবিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল। যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।”
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা বলেন, “ব্যবসা বাণিজ্য ও জীবন জীবিকার প্রকল্প চালু রাখা হবে। বড় বা মেগা প্রকল্পের অর্থ ছাড় বড় হয় তাই এই বিষয়ে পরে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “এটা নিয়ে চিন্তা করার কারণ। অনেক পিডি চার প্রকল্পের দায়িত্বে। চারটা প্রকল্পে দায়িত্ব মানে চারটি গাড়ি। এটা চলবে না। আমি অ্যাসেস করে দেব। অনেকে কম টাকা ব্যয় করতে পারে না। ক্লাইমেট বিরাট ব্যাপার, বন্যা হয় পরিবেশের নামে অনেক টাকা খরচ হয়। প্রকল্পে সমন্বয়হীনতা আছে এটা দূর করতে হবে।”
মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “মূল্যস্ফীতি নিয়ে আমাদের মাথা ব্যাথা আছে। সাপ্লাই চেইন নেই। ছয় টাকার বেগুন ৮০ টাকায় কেন? বাজার মনিটরিং নিয়ে কাজ করবো। কিছু বন্ধু-বান্ধব রাস্তায় দাঁড়িয়ে থাকে পরিবহনে টাকা তোলে তাদের বলবো দাঁড়িয়ে থাকবেন না।”










