www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি দেশ হিসেবে কানাডা বাংলাদেশে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বেসামরিক নেতৃত্বাধীন সরকারের দ্রুত ও শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের আহ্বান জানায়। আমরা বাংলাদেশের জনগণকে স্বাধীনতা ও গণতন্ত্রের মূলনীতির পাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই, এর ভিত্তিতে তাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছিল।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এ কথা বলেন।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সপ্তাহে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, মৃত্যু, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং প্রাণঘাতি বল প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। আমরা ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের গভীর সমবেদনা পুনর্ব্যক্ত করছি।
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান ঘটনায় দেওয়া এই বিবৃতিতে তিনি বলেন, এই উত্তরণের সময়, আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রক্রিয়া এবং আইনের শাসনকে সম্মান ও সমুন্নত রাখার জন্য সব পক্ষকে আহ্বান জানাই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রেপ্তার হওয়া সবাইকে যথাযথ প্রক্রিয়ায় বিচার এবং সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত করা অত্যাবশ্যক।
‘মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারসহ মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক শাসন এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে কানাডা।










